জিদানকে এখনই ছাঁটাই করছে না রিয়াল মাদ্রিদ
কোপা দেল রে-তে রিয়াল মাদ্রিদের রেকর্ডটা ভালো না। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতার ক্ষেত্রে বার্সেলোনার চেয়ে অনেক এগিয়ে থাকলেও এই প্রতিযোগিতায় যোজন যোজন পিছিয়ে তারা। এমনকি গৌরবের দিন ফেলে আসা অ্যাথলেটিক বিলবাও-ও এ ক্ষেত্রে রিয়ালের চেয়ে এগিয়ে।
কাল কোপার দুর্ভাগ্য আরও একবার পেয়ে বসল লস ব্লাঙ্কোদের। তৃতীয় বিভাগের দল আলকয়ানোর কাছে হেরে কোপা দেল রে-র শেষ ৩২-এ বাদ পড়েছে রিয়াল। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ১০ জনের দল হয়েও আলকয়ানো রিয়ালকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে।
এই ম্যাচের আগেই জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ ভাগ্য নিয়ে প্রশ্ন উঠছিল। প্রিয় ক্লাবের কোচ হয়ে আসার পর জিদান অবশ্য খুব কম সময়ই পার করেছেন, যখন তাঁর চাকরি নিয়ে প্রশ্ন ওঠেনি। কিন্তু বরাবরই সেসব শঙ্কা উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নের মতো ফিরেছেন জিদান। এ মৌসুমের শুরুতেও ওঠা প্রশ্নগুলো উড়িয়ে দিয়েছেন বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে এবং চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্ব পার করে।
রিয়ালের হয়ে এখন পর্যন্ত শুধু কোপা দেল রে জেতা হয়নি জিদানের। সেই প্রতিযোগিতা থেকে আরেকটি লজ্জার বিদায়ের পর জিদানের ভাগ্য নিয়ে প্রশ্ন উঠে গেছে। লিগেও গত কয়েক ম্যাচে খুবই বাজে পারফরম্যান্স জিদানের দলের। তাঁর দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। তরুণদের সঠিকভাবে ব্যবহার করছেন না বলেও অভিযোগ। এমন অবস্থায় সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে ব্যক্তিত্বের সংঘাত হচ্ছে বলেও কথা রটেছে। সাদা চোখে তাই জিদানকে ছাঁটাই করতে চাইলে এটাই সেরা মুহূর্ত পেরেজের জন্য।
এক সপ্তাহের মধ্যে দুটি শিরোপা দৌড় থেকে ছিটকে পড়েছেন জিদান। তবে ক্লাবের পরিচালনা পর্ষদ এখনই কোনো সিদ্ধান্ত নিতে রাজি নইয়। ক্লাব কিংবদন্তিকে আরও একটা সুযোগ দেওয়ার পক্ষে তারা।
দলে খেলোয়াড়দের সমর্থন হারাচ্ছেন কি না, এমন প্রশ্ন উঠেছিল। সের্হিও রেগিলন, আশরাফ হাকিমিদের মতো খেলোয়াড়দের ছেড়ে দিয়েছেন। তারা অন্য ক্লাবে গিয়ে আলো ছড়াচ্ছেন। ওদিকে ক্লাবে থাকা অন্য তরুণ খেলোয়াড়েরা বেঞ্চে বসে থাকতে থাকতে অস্থির হয়ে উঠেছেন। স্ট্রাইকার লুকা ইয়োভিচ জার্মানির আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টে ধারে ফিরে গিয়ে মাঠে নেমেই করেছেন দুই গোল। আরেক প্রতিভা মার্টিন ওডেগার্ড তাই দল ছাড়তে চাইছেন। গতকাল কোপা থেকে ছিটকে যাওয়ার পর জিদানকে এ নিয়ে প্রশ্ন করায় জিদান নিজেই এ নিয়ে দ্বিধান্বিত উত্তর শুনিয়েছেন।
বরাবরই খেলোয়াড়দের সমর্থন পাওয়াটা ছিল জিদানের বড় শক্তি। আর সেটাই যদি হারিয়ে বসেন, তবে চাকরি অনিরাপদ হয়ে ওঠা সময়ের ব্যাপার। তবে গোল ডটকম দাবি করেছে, দলের সূত্রদের তথ্যানুযায়ী এখনো জিদানেই আস্থা রাখছে বোর্ড। এখনো তাদের আশা, চ্যাম্পিয়নস লিগ ও লা লিগার মধ্যে একটি শিরোপা জেতানোর ক্ষমতা রাখেন জিদান। যদিও লিগে শীর্ষে থাকা আতলেতিকোর চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে দল। সেটাও নগর প্রতিদ্বন্দ্বীদের চেয়ে দুই ম্যাচ বেশি খেলে।
পরিস্থিতি যে কতটা গুরুতর, সেটা জানা আছে জিদানের, ‘হারলে তো কথা উঠবেই। সব দায় আমার, সামনে যা হওয়ার হবে। আমি শান্ত আছি। খেলোয়াড়েরা জেতার চেষ্টা করেছে। তবে মাঝেমধ্যে অন্য রকম কিছুও ঘটতে পারে। এর দায় নিতে হবে। আমি বরাবরই দায়িত্ব নিয়েছি, এবারও নিলাম।’
ফুটবলে যেকোনো ধরনের ফল মেনে নিতে শিখেছেন জিদান। এর আগে ২০০৯ সালে তারকাবহুল এক দল নিয়েও দুই লেগের কোপা দেল রে-তে চতুর্থ বিভাগের দল আলকরকনের কাছে হেরেছিল রিয়াল। তাই গতকালের হারে দুঃখ পেলেও সবকিছু শেষ বলে মনে করেন না ফরাসি কিংবদন্তি, ‘এটা কঠিন মুহূর্ত, আমরা কোপা থেকে ছিটকে পড়েছি। আমাদের অন্য কিছু করা দরকার ছিল কিন্তু করতে পারিনি। খেলোয়াড়েরা চেষ্টা করেছে। এটাই ফুটবল। এটা বেশি কঠিন, কারণ আমরা তৃতীয় বিভাগের এক দলের সঙ্গে খেলেছি এবং জেতা উচিত ছিল। কিন্তু তা হয়নি। কিন্তু এতে লজ্জার কিছু নেই। এটা হতেই পারে। ফুটবল ক্যারিয়ারে এমনটা ঘটে। আমি দায় নিচ্ছি এবং কাজ চালিয়ে যাব। আমরা এ নিয়ে পাগলাটে কিছু করব না।'
বোর্ডও সম্ভবত সে পথেই হাঁটছে। এ মৌসুমেই চ্যাম্পিয়নস লিগে শাখতার দোনেৎস্কের কাছে দুবার হেরেছে রিয়াল। গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচে দোনেৎস্কের কাছে ২-০ গোলে হারার পর তো চ্যাম্পিয়নস লিগ থেকেই ছিটকে পড়ার দশা ছিল। সে পরিস্থিতি কাটিয়ে উল্টো গ্রুপে শীর্ষস্থান পেয়েছে রিয়াল। এর আগে-পরে বার্সেলোনা, আতলেতিকোর বিপক্ষে বড় ম্যাচগুলোতেও দাপট দেখানো জয়ে পরিস্থিতি বদলে দিয়েছেন জিদান। রিয়াল ক্যারিয়ারে কোচ হিসেবে প্রতি মৌসুমেই অন্তত একটি শিরোপা জেতা জিদান এবারও কিছু একটা করবেন, এমন আস্থা আছে বোর্ডের।
জিদান কি পারবেন আরও একবার নিজেকে প্রমাণ করে দেখাতে? এবারের পরীক্ষাটাই হয়তো সবচেয়ে কঠিন তাঁর।