জিদানকে কোচ করাটা পাগলামি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওটমার হিজফেল্ড
ওটমার হিজফেল্ড

ঘোষণাটা চমক হয়ে এসেছিল। তবে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার পর সংশয়বাদীদের দলটাও কম ভারী নয়। র্যামন ক্যালদেরন, হোর্হে ভালদানোর মতো অনেকেই জিদানকে নিয়ে একটু সংশয় দেখছেন। তবে ওটমার হিজফেল্ডের মতো এমন সরাসরি জিদানকে বোধ হয় কেউই বাতিল করে দিচ্ছেন না। সাবেক বায়ার্ন কোচ মনে করছেন, জিদানকে কোচ হিসেবে নিয়োগ দেওয়াটা পাগলামি ছাড়া আর কিছু নয়।
ডর্টমুন্ড ও বায়ার্নের হয়ে দুবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন হিজফেল্ড। জার্মান কোচ মনে করছেন, ফ্লোরেন্তিনো পেরেজের এই চালটা আপৎকালীন একটা ব্যবস্থাই, ‘জিদান আসলে একটা লটারি জিতেছে। সে নিজের ঘরে শুরু করবে, অবশ্যই এটা তার পক্ষে আসবে। কিন্তু আমাদের দেখতে হবে সে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারে কি না। ওর কাজটা কঠিন, এ জন্যই আমি একটু সন্দিগ্ধ। রিয়াল অ্যাটলেটিকোর চেয়ে ৪ পয়েন্ট পেছনে, বার্সার কাছেও ৪-০ গোলে হেরেছে। চাপটা অনেক বেশি।’
খেলোয়াড় হিসেবে জিদানের শ্রেষ্ঠত্ব নিয়ে সংশয় নেই হিজফেল্ডের। তবে কোচ হিসেবে এ ব্যাপারটা খুব বেশি কাজে আসবে বলে তাঁর মনে হয় না, ‘ওর যা খ্যাতি সব তো খেলোয়াড় হিসেবেই। আর ভালো খেলোয়াড় হলেই কেউ ভালো কোচ হয়ে যায় না।’ বায়ার্ন কখনো এ রকম অনভিজ্ঞ কাউকে নিয়োগ দেবে না বলেও হিজফেল্ডের বিশ্বাস। মেইল অনলাইন।