জিদানকে ডাকছেন ওই ছয়জন

আর মাত্র একটি সিঁড়ি। সেটি পেরোতে পারলেই এমন এক ক্লাবে ঢুকে যাবেন জিনেদিন জিদান, এর আগে যেটির সদস্যপদ পেয়েছেন মাত্র ছয়জন। ১৯৫৬ সালে শুরু ইউরোপিয়ান কাপ ১৯৯৩ সাল থেকে চ্যাম্পিয়নস লিগ। দুটি মিলিয়ে মাত্র ছয়জন খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই শিরোপা জিতেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে ২০০২ সালের চ্যাম্পিয়নস লিগজয়ী জিদানকে এখন হাতছানি দিচ্ছে সেই অর্জন। ২০০২ ফাইনালে রিয়ালের জয়সূচক গোলটি এসেছিল জিদানের দুর্দান্ত এক ভলিতে। এবার রিয়াল জিতলে সেটিও বোধ হয় ম্লান হয়ে যাবে। শীর্ষ পর্যায়ের ফুটবলে কোচ হওয়ার পাঁচ মাসের মাথায় ইউরোপ-সেরার শিরোপা জয় এখন মাত্র একটি ম্যাচের ব্যাপার! এতটা জিদান কল্পনাও করেছিলেন কি না সন্দেহ!
খেলোয়াড় ও কোচ হিসেবে ইউরোপ-সেরা

১. মিগুয়েল মুনোজ
যখন খেলোয়াড়: ১৯৫৬ ও ১৯৫৭, রিয়াল মাদ্রিদ
যখন কোচ: ১৯৬০ ও ১৯৬৬, রিয়াল মাদ্রিদ
ইউরোপিয়ান কাপ নামে শুরু প্রতিযোগিতার প্রথম ৫টিই জিতেছিল রিয়াল মাদ্রিদ। প্রথম দুটিতে অধিনায়ক ছিলেন মিগুয়েল মুনোজ। টানা পঞ্চমবার শিরোপা জয়ের সময় সেই মুনোজই আবার কোচ। ছয় বছর পর ষষ্ঠ শিরোপা জয়ের সময়ও কোচের নাম মিগুয়েল মুনোজ।

২. জিওভান্নি ত্রাপাত্তোনি
যখন খেলোয়াড়: ১৯৬৩ ও ১৯৬৯, এসি মিলান
যখন কোচ: ১৯৮৫, জুভেন্টাস
এসি মিলানের সাতটি ইউরোপিয়ান কাপ শিরোপার প্রথম দুটিতে মিডফিল্ডার হিসেবে বড় ভূমিকা রেখেছিলেন ত্রাপাত্তোনি। পরে কোচ হিসেবে খেলোয়াড়ি জীবনের কীর্তিকেও ছাড়িয়ে গেছেন। কিন্তু ইউরোপ-সেরা হতে পেরেছেন মাত্র একবারই, জুভেন্টাসের হয়ে সেই শিরোপা হেইসেল-ট্র্যাজেডির ওই করুণ ম্যাচে।

৩. ইয়োহান ক্রুইফ
যখন খেলোয়াড়: ১৯৭১, ১৯৭২ ও ১৯৭৩, আয়াক্স আমস্টারডাম
যখন কোচ: ১৯৯২, বার্সেলোনা
টোটাল ফুটবলের জয়ধ্বজা ওড়ানো আয়াক্সের প্রাণভোমরা হয়ে ছিলেন ক্রুইফ। টানা তিনবার ইউরোপ জয় করা দলটির ‘পোস্টার বয়’ ১৯৭২ সালের ফাইনালে নিজে করেছিলেন ২ গোল। ১৯৯২ সালে ইউরোপে বার্সেলোনার প্রথম সাফল্যের রূপকারও ক্রুইফ। সাফল্যের মূলেও ফুটবলামোদীদের হৃদয় হরণ করা আয়াক্সের ওই ফুটবল-দর্শন।

৪. কার্লো আনচেলত্তি
যখন খেলোয়াড়: ১৯৮৯ ও ১৯৯০, এসি মিলান
যখন কোচ: ২০০৩ ও ২০০৭, এসি মিলান। ২০১৪, রিয়াল মাদ্রিদ।
ইউরোপ-শ্রেষ্ঠত্ব ধরে রাখা সর্বশেষ ক্লাব এসি মিলান। দুর্দান্ত সেই দলের মিডফিল্ডার পরে কোচ হিসেবেও গড়েছেন ইতিহাস। এসি মিলানের হয়ে দুটি শিরোপা জয়ের পর রিয়াল মাদ্রিদকে বহুল প্রতীক্ষিত ‘ডেসিমা’ জিতিয়েছেন। আনচেলত্তি ছাড়া ৩টি ইউরোপিয়ান শিরোপাজয়ী একমাত্র কোচ ইংল্যান্ডের বব পেইসলি।

৫. ফ্রাঙ্ক রাইকার্ড
যখন খেলোয়াড়: ১৯৮৯ ও ১৯৯০, এসি মিলান। ১৯৯৫, আয়াক্স
যখন কোচ: ২০০৬, বার্সেলোনা
১৯৮৯ ও ১৯৯০ ফাইনালে মিডফিল্ডে কার্লো আনচেলত্তির সঙ্গী ছিলেন রাইকার্ড। দ্বিতীয় ফাইনালে একমাত্র গোলটিও করেছিলেন এই ডাচ। দেশে ফিরে গিয়ে পাঁচ বছর পর খেলোয়াড় হিসেবে তৃতীয় শিরোপা, সেটিও ফাইনালে পুরোনো দল মিলানকে হারিয়ে! বার্সেলোনার অন্য উচ্চতায় উঠে যাওয়ার শুরুটা তাঁর সময়েই, যেটির সবচেয়ে বড় পুরস্কার ২০০৬ সালের চ্যাম্পিয়নস লিগ।

৬. পেপ গার্দিওলা
যখন খেলোয়াড়: ১৯৯২, বার্সেলোনা
যখন কোচ: ২০০৯ ও ২০১১, বার্সেলোনা
ইউরোপজয়ী ক্রুইফের বার্সেলোনা দলে খেলোয়াড় হিসেবে যতটা উজ্জ্বল ছিলেন, প্রায় দেড় দশক পর বার্সেলোনার ডাগ-আউটে আরও বেশি জ্বলজ্বলে তাঁর উপস্থিতি। তিন বছরের মধ্যে দুটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। এর মধ্যে প্রথমটি দায়িত্ব নেওয়ার এক বছর পরই।