জিদানকে দুঃসংবাদ দিলেন ব্রাজিল তারকা
বড়দিনে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন রদ্রিগো। ক্রিসমাস ট্রি-র সামনে ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান উইঙ্গার। তাঁর হাসিমাখা মুখটা দেখলেও মন খারাপ হবে যেকোনো রিয়াল সমর্থকের। আর তাঁর চোটের যে খবর জানা গেল, তাতে সমর্থক তো বটেই, সবচেয়ে বেশি মন খারাপ হবে সম্ভবত রিয়াল কোচ জিনেদিন জিদানের।
লা লিগায় গ্রানাডার বিপক্ষে বুধবার প্রথমার্ধে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ১৯ বছর বয়সী এ ফুটবলার। এ মৌসুমে রদ্রিগো যে খুব ভালো খেলছেন, তা নয়। লিগে ১১ ম্যাচ খেলে গোল ১টি, এর মধ্যে ৭ ম্যাচে সুযোগ পেয়েছেন জিদানের প্রথম একাদশে। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে খেলেছেন ১৭ ম্যাচ।
নতুন বছরে জিদান তাঁকে আর্সেনাল কিংবা ইন্টার মিলানে ধারে পাঠাতে পারেন বলে গুঞ্জন ভাসছে দলবদলের বাজারে। কিন্তু দীর্ঘমেয়াদি চোট রদ্রিগোকে নিয়ে রিয়ালের পরিকল্পনায় ব্যাঘাত ঘটাতে পারে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, রদ্রিগোকে নিয়ে সম্ভবত ভুগতেই হবে রিয়ালকে। সংবাদমাধ্যমটির খবর অনুযায়ী, প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হবে রদ্রিগোকে।
রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, ডান পায়ে ঊরুর পেশিতন্তু ছিঁড়ে গেছে রদ্রিগোর। তবে কত দিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে ক্লাবটি নির্দিষ্ট করে কিছু জানায়নি। এএস খবরটা জেনেছে রিয়ালের ভেতর থেকে। তিন মাস মাঠের বাইরে থাকলে চ্যাম্পিয়নস লিগ নকআউট পর্বে (শেষ ষোলো) আতালান্তার বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা নেই রদ্রিগোর।
গ্রানাডার বিপক্ষে সেই ম্যাচে মাঠে পড়ে গিয়েই চোটের ভয়াবহতা টের পেয়েছিলেন রদ্রিগো। তাৎক্ষণিকভাবে বদলির ইঙ্গিত করেন তিনি। সতীর্থরাও চোটের ভয়াবহতা টের পেয়ে দ্রুত স্ট্রেচার নিয়ে আসার ইঙ্গিত দেখান। স্ট্রেচারে করে মাঠের বাইরে যাওয়ার সময় দুহাতে মুখ ঢেকে ছিলেন রদ্রিগো, কাঁদছিলেন।
রদ্রিগো চোট পেয়ে এত দিন মাঠের বাইরে থাকা অবশ্যই ভাবাবে রিয়াল কোচ জিনেদিন জিদানকে। আক্রমণভাগে এডেন হ্যাজার্ড ফিরলেও গ্রানাডার বিপক্ষে তাঁকে খেলানোর ঝুঁকি নেননি জিদান। সংবাদমাধ্যম জানিয়েছে, চোট সারিয়ে ওঠার পর পুনর্বাসনের জন্য রদ্রিগোর মাঠে ফিরতে আরও সময় লাগতে পারে। সে ক্ষেত্রে এপ্রিলের শেষ নাগাদ তাঁকে পাওয়া যেতে পারে। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আগে তাঁর মাঠে নামার কোনো সম্ভাবনা নেই।