জিদানকেও ছাড়েননি ডমেনেখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আত্মজীবনী হাতে ডমেনেখ l ফক্স স্পোর্টস
আত্মজীবনী হাতে ডমেনেখ l ফক্স স্পোর্টস

রয় কিনের আত্মজীবনী নিয়ে কিছুদিন আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল ইংলিশ ফুটবল। এবার বোধ হয় সেই ঝড় উঠতে যাচ্ছে ফ্রান্সেও। কিনের মতোই এক বিতর্কিত আত্মজীবনী লিখেছেন ফ্রান্সের সাবেক কোচ রেমন্ড ডমেনেখ। সেখানে জিনেদিন জিদান, ফ্রাঙ্ক রিবেরি, নিকোলাস আনেলকা থেকে শুরু করে ডমেনেখের তিরে বিদ্ধ হয়েছেন পর্তুগিজ কোচ হোসে মরিনহোও।
গতকালই প্রকাশিত হয়েছে ডমেনেখের আত্মজীবনী, যেটির ইংরেজি নাম মাই প্যাশোনেট ফুটবল ডিকশনারি। এরই মধ্যে সংবাদমাধ্যমে সেটার যে চুম্বক অংশগুলো এসেছে, তাতেই বিতর্কের খোরাক পেয়ে গেছেন ফুটবলপ্রেমীরা। আত্মজীবনীতে ডমেনেখ খোঁচা দিয়েছেন হোসে মরিনহোকে। চেলসি কোচ একসময় দোভাষী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন মনে করিয়ে দিয়ে ডমেনেখ লিখেছেন, ‘অনুবাদকদের সমস্যা এটাই। একসময় ওরা বিশ্বাস করতে শুরু করে যে আসল কথাটাও বুঝি তাদেরই।’
সাবেক ফরাসি স্ট্রাইকার আনেলকাকে ডমেনেখ অভিহিত করেছেন ‘ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড’ চরিত্র হিসেবে। তবে তাঁর সমালোচনার তির সবচেয়ে বেশি বিদ্ধ করেছে রিবেরিকে। ২০১০ বিশ্বকাপে ফ্রান্সের খেলোয়াড়দের বিদ্রোহের জন্য রিবেরিকে সবচেয়ে বেশি দায়ী করে ডমেনেখ লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ এবং এর পরেও সে তার খারাপ অভ্যাস, নির্বুদ্ধিতা জাতীয় দলে ছড়িয়ে গেছে। কিন্তু এর পর থেকে আবার স্যার খুব মুডে আছেন, কারণ তিনি ব্যালন ডি’অর জিততে চান।’
২০১০ বিশ্বকাপের বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে উইলিয়াম গালাসকে একটা গোল বানিয়ে দিয়েছিলেন থিয়েরি অঁরি। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ডমেনেখ টেনে এনেছেন ২০০৬ বিশ্বকাপের ফাইনালে ইতালিয়ান ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জিকে দেওয়া জিনেদিন জিদানের সেই ঢুসের কথাও। ডমেনেখের চোখে দুটির পার্থক্য—‘অঁরি দলের জন্য নিজের ভাবমূর্তি বিসর্জন দিয়েছিল, অন্যদিকে জিদান নিজের সম্মান বাঁচাতে দলের স্বার্থ বিসর্জন দিয়েছিল।’ এএফপি।