জিদানকেও না বলে দেবেন গ্রিজমান!

অর্থের ঝনঝনানির এই যুগে আনুগত্য শব্দটা অর্থহীন। রায়ান গিগস, ফ্রান্সেসকো টট্টিদের সংখ্যা দিন দিন তাই কমে আসছে। এক ক্লাবের হয়ে পুরো ক্যারিয়ার কাটিয়ে এখন কজনই বা দেন? আর একটু ভালো করলে তো বড় ক্লাবের লোভাতুর চোখ পড়বেই। বরুসিয়া ডর্টমুন্ডকেই দেখুন, মারিও গোটশে থেকে শুরু করে রবার্ট লেভানডফস্কির পর এবার ম্যাট হামেলসকেও হারাতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখের কাছে। অ্যাটলেটিকো মাদ্রিদেরও আঁতোয়ান গ্রিজমান কি সেই দলে যোগ দেবেন ?
এই মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন অ্যাটলেটিকোর এই ফ্রেঞ্চ স্ট্রাইকার, এরই মধ্যে করে ফেলেছেন ২২ গোল। লা লিগার শিরোপা লড়াইয়ে যে শেষ পর্যন্ত আছে অ্যাটলেটিকো, তাতে বড় ভূমিকা তাঁর। জল্পনা এমন যে রিয়াল মাদ্রিদ, চেলসির মতো ক্লাবও তাঁকে পেতে মরিয়া।
কিন্তু গ্রিজমান এখন কি করবেন ? সেই তোরেস থেকে শুরু করে আগুয়েরো, ফ্যালকাও, ডিয়েগো কস্তারা তো সবাই একসময় বড় অঙ্কের প্রস্তাবে ‘হ্যাঁ’ বলে দিয়েছেন। তবে অ্যাটলেটিকো গ্রিজমানের কথা শুনে আপাতত আশ্বস্ত হতে পারে। ফরাসি স্ট্রাইকার বলছেন, অ্যাটলেটিকোতেই তিনি থাকতে চান, ‘আমি অ্যাটলেটিকোতেই খুশি, আমি তাদের সঙ্গে নতুন চুক্তি করার খুব কাছাকাছি আছি। আমাদের মধ্যে কথা চলছে।’
কিন্তু যদি জিনেদিন জিদানের ফোন পান ? ফ্রান্সের পূর্বসূরিকে নিয়ে নিজের মুগ্ধতার কথা আগেই জানিয়েছেন গ্রিজমান। রিয়ালে যাওয়ার প্রস্তাব পেলে কি করবেন ? সবিনয়ে এই ২৫ বছর বয়সী ফরাসি দিলেন, ‘না, তিনি আমাকে ফোন করেননি। আগে তো সেটা করতে হবে। তখন আমি বলব, আমি এখানেই সুখী। তিনি অসাধারণ একজন খেলোয়াড়। মানুষ হিসেবেও দারুণ।’
কিন্তু এবার পারলেও সামনে কি আর গ্রিজমান না বলতে পারবেন?