জিদানপুত্রের ঢুস-কাণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিপক্ষ খেলোয়াড়কে ঢুস মেরে জিদান-তনয় লুকা (বাঁয়ে) ২০০৬ বিশ্বকাপ ফাইনালের জিদানকেই মনে করিয়ে দিলেন l ছবি: ইউটিউব
প্রতিপক্ষ খেলোয়াড়কে ঢুস মেরে জিদান-তনয় লুকা (বাঁয়ে) ২০০৬ বিশ্বকাপ ফাইনালের জিদানকেই মনে করিয়ে দিলেন l ছবি: ইউটিউব

কোনো কীর্তি হলে নাহয় পিঠ চাপড়ে বলা যেত, ‘বাপকা বেটা’। কিন্তু লুকা ফার্নান্দেজ যা করেছেন, তাতে তিনি নিজেই লজ্জিত। বাসায় ফিরে বাবার বকুনিও নিশ্চয়ই জুটেছে বরাতে। জিনেদিন জিদানের চার পুত্রের দ্বিতীয়জন যে খবরের শিরোনাম হয়েছেন বাবার মতোই মাঠে প্রতিপক্ষকে ঢুস মেরে লাল কার্ড দেখে!
চার ছেলের তিনজনই বাবার মতো মিডফিল্ডার, লুকাই ব্যতিক্রম। জিদানের পরিবারে জন্ম নিয়েও গোলরক্ষক! কেউ কেউ হয়তো খেদ নিয়ে বলেও, ‘নাহ্, ছেলেটা বাবার মতো হয়নি।’ তবে বাবার মতোই যে হুট করে চটে যাওয়ার স্বভাব আছে রক্তে, সেটাই রিয়াল মাদ্রিদ অনূর্ধ্ব-১৭ দলের গোলরক্ষক লুকা দেখিয়ে দিলেন বয়সভিত্তিক ফুটবল, অ্যাটলেটিকো মাদ্রিদের যুবদলের এক খেলোয়াড়কে ঢুস মেরে।
স্প্যানিশ অনূর্ধ্ব-১৭ লিগের ডার্বি ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোর মুখোমুখি হয়েছিল রিয়ালের যুবদল। সিনিয়রদের লিগে এই দুই দলের ম্যাচ আগুন ঝরানো হচ্ছে গত দু-তিন বছর ধরে। এবার অনূর্ধ্ব-১৭ দলের ম্যাচেও সেই আগুনের উত্তাপ পাওয়া গেল। ম্যাচের উত্তেজনা তো ছিলই, এর সঙ্গে যোগ হয়েছিল লুকার ব্যক্তিগত হতাশা। চারবার জাল থেকে বল কুড়িয়ে আনতে হয়েছে, ম্যাচটাও রিয়াল হেরে যাচ্ছিল ৪-২ গোলে। কতক্ষণ আর মেজাজ ধরে রাখা যায়!
দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিছু একটা নিয়ে বাগ্বিতণ্ডা হচ্ছিল, এর মধ্যে নিজের গোলপোস্ট ছেড়ে বেরিয়ে গিয়ে সোজা প্রতিপক্ষ এক খেলোয়াড়কে ঢুস মেরে বসলেন লুকা। আর যায় কোথায়! সরাসরি লাল কার্ড দেখে মাঠ থেকে পত্রপাঠ বিদায়।
ঢুস মেরে বিদায়, খেলোয়াড়ের নামের সঙ্গে জড়িয়ে আছে জিদান নামটা। অবধারিতভাবেই সবার মনে পড়বে ২০০৬ বিশ্বকাপের ফাইনালটি। ইতালির মার্কো মাতেরাজ্জিকে ঢুস মেরে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন জিদান। তাঁর ক্যারিয়ারের শেষ ম্যাচ, বিশ্বকাপ জিতিয়ে বিদায় নেওয়ার মঞ্চ তৈরি ছিল ফুটবলের সর্বকালের অন্যতম এই সেরার। জিদান বিদায় নিলেন কলঙ্কের দাগ কপালে নিয়ে!
সেদিন তো মাতেরাজ্জি জিদানের পরিবার নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করে ঢুস খেয়েছিলেন। অ্যাটলেটিকোর অনূর্ধ্ব-১৭ দলের খেলোয়াড়টি এদিন কী দোষ করেছিল কে জানে! তবে একটা ব্যাপার এখন আনুষ্ঠানিকতা পেয়ে গেল, মাথার ব্যবহার দিয়ে যদি কোনো বিবাদের সমাধান করতে হয়, জিদান পরিবার তাতে এগিয়ে থাকবেই। তথ্যসূত্র: ডেইলি মিরর, ডেইলি মেইল