জিদানেই ভরসা রোনালদোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদো ও জিদান—পরশু ম্যাচের পর দুজনেই দুজনের প্রশংসায় পঞ্চমুখ l ফাইল ছবি
রোনালদো ও জিদান—পরশু ম্যাচের পর দুজনেই দুজনের প্রশংসায় পঞ্চমুখ l ফাইল ছবি

ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো মনে মনে প্রহর গুনছেন, এসপানিওলের সঙ্গে পরের ম্যাচটা কবে আসবে! এসপানিওলকে সামনে পেলে গোলবুভুক্ষু রোনালদোর গোল-তৃষ্ণাটা আরও বেড়ে যায়। পরশুও হ্যাটট্রিক করেছেন, লিগের আগের দেখায় এসপানিওলকে দিয়েছিলেন পাঁচ গোল। একই মৌসুমে কোনো নির্দিষ্ট ক্লাবের বিপক্ষে এই শতাব্দীতে সাত গোলই কেউ করতে পারেননি। গত নয় মাসে এই একটা দলের বিপক্ষে লিগে করে ফেলেছেন ১১ গোল।
জিনেদিন জিদানের অধীনে বার্নাব্যুতে খেলা মানেই যেন রিয়ালের অন্তত পাঁচ গোলের নিশ্চয়তা। জিদানের প্রথম দুই ম্যাচে রিয়াল পাঁচ গোল করে করেছিল, পরশু পেল ছয়টি। তার মধ্যে রোনালদোর হ্যাটট্রিকটা আবার ‘নিখুঁত’। প্রথম গোলটা ডান পায়ে পেনাল্টিতে, দ্বিতীয়টি বাঁ পায়ের দারুণ এক শটে আর শেষটি করেছেন হেডে। গোল পেয়েছেন বেনজেমা, রদ্রিগেজও। মাঠের নায়ক অবশ্যই এঁরা। তবে নেপথ্যে একজনের ভূমিকাটাও টের পাওয়া যাচ্ছে পরিষ্কার—জিনেদিন জিদান।
জিদানের মহিমা সবচেয়ে কাছ থেকে বুঝতে পারছেন খেলোয়াড়েরাই। রোনালদোর কথাই শুনুন, ‘জিদান দুর্দান্ত কাজ করছেন। আমরা এখন অনেক বেশি ভালো অবস্থায় আছি। সেই ফলটা আপনারা মাঠেই দেখতে পাচ্ছেন। এই মাসটা খুব ভালো যাচ্ছে আমাদের। প্রাক্-মৌসুমটা ভালো যায়নি, ভ্রমণের বেশ ধকল সামলাতে হয়েছে আমাদের। জিদানের কাজ করার ধারণাটা অন্যরকম, খেলোয়াড়দের জন্য সেটা বেশি ভালো। আমাদের এটা অবশ্যই ধরে রাখতে হবে।’ রাফায়েল বেনিতেজের চেয়ে জিদানের অধীনে সবাই যে বেশি স্বচ্ছন্দ, সেই ইঙ্গিতটা রোনালদোর কথায় স্পষ্ট।
তবে জিদানের কাছে এমন দাপুটে জয়ের চেয়ে শিরোপাটাই কাঙ্ক্ষিত। বার্সেলোনা এই মুহূর্তে রিয়ালের চেয়ে চার পয়েন্ট এগিয়ে, তাও আবার এক ম্যাচ কম খেলে। জিদান তারপরও শিরোপার আশা ছেড়ে দিচ্ছেন না, ‘আমরা এখন চার পয়েন্ট পেছনে, সেটা সাতও হতে পারে। আমাদের কাজ কিছুটা জটিল, কিন্তু অসম্ভব নয়। এখনো শিরোপা জেতার ব্যাপারে আমি আশাবাদী, আরও অনেক কিছুই বাকি।’ রোনালদোর কণ্ঠেও কোচের কথার প্রতিধ্বনি, ‘আমরা বার্সেলোনা বা অ্যাটলেটিকোকে নিয়ে ভাবছি না। আমাদের নিজেদের নিয়েই কাজ করতে হবে, কারণ পথের আরও অনেক বাকি। আর আমরা খুব বেশি পিছিয়ে নেই। দেখা যাক, মৌসুম শেষে কী হয়।’ এএফপি, ইএসপিএন।