জিদানের আগে যাঁরা...

ডিয়েগো ম্যারাডোনা
ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার তো অবশ্যই, কারও কারও মতে তিনিই সর্বকালের সেরা। প্রায় একা আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জিতিয়েছেন। নাপোলি, বোকা জুনিয়র্সের হয়ে অসাধারণ ক্যারিয়ার। কোচিংয়ে খুব বেশি অভিজ্ঞতা না থাকার পরও আর্জেন্টিনার কোচের দায়িত্ব পেলেন ২০১০ বিশ্বকাপের বাছাইপর্বের সময়। বাছাইপর্বে বলিভিয়ার কাছে ৬-১ গোলে হারের ধাক্কা সামলে বিশ্বকাপে খেললেও দক্ষিণ আফ্রিকায় আর্জেন্টিনার শেষটা হয়েছিল জার্মানির কাছে ৪-০ গোলের লজ্জাজনক হারে। বিশ্বকাপের পরই কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হয় তাঁকে। এরপর সংযুক্ত আরব আমিরাতে আল ওয়াসল ক্লাবের কোচ হয়েছেন। সেখানেও সফল হতে পারেননি। কোচিং ক্যারিয়ারও সেখানেই শেষ বলা চলে।

ইয়োহান ক্রুইফ
খেলোয়াড় ও কোচ হিসেবে সমান সাফল্য পেয়েছেন হাতে গোনা কয়েকজন ফুটবলার, তবে ইয়োহান ক্রুইফের মতো সফল সম্ভবত আর কেউ নন। খেলোয়াড় হিসেবে ডাচ দলটাকে বদলে দিয়েছিলেন ‘টোটাল ফুটবল’ দর্শনকে কার্যকর রূপ দিয়ে। হল্যান্ডের হয়ে ১৯৭৪ বিশ্বকাপের ফাইনাল, আয়াক্সের হয়ে তিনটি ইউরোপিয়ান কাপ জেতা ক্রুইফ যখন বার্সেলোনার দায়িত্ব নেন, প্রশ্ন উঠেছিল পারবেন তো খেলোয়াড়ি সাফল্যের ভাবমূর্তি ধরে রাখতে? ক্রুইফ আসলে সাফল্যের মানদণ্ডেরই নতুন সংজ্ঞা দিয়েছেন। টানা চারটি লা লিগা আর ক্লাবের ইতিহাসে প্রথম ইউরোপিয়ান কাপজয়ী ক্রুইফের দলটি ‘ড্রিম টিম’-এর খ্যাতি পেয়েছিল।

ফ্রাঞ্জ বেকেনবাওয়ার
মাত্র দুজন আছেন যাঁদের খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের সৌভাগ্য হয়েছে। একজন মারিও জাগালো, অন্যজন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। ১৯৭৪ বিশ্বকাপজয়ী জার্মান দলের অধিনায়ক ছিলেন, ১৬ বছর পর ইতালিতে ১৯৯০ বিশ্বকাপজয়ী দলের কোচ। সত্তরের দশকে বায়ার্নের হয়ে টানা তিনটি বুন্দেসলিগা জিতেছেন খেলোয়াড় হিসেবে, কোচ হিসেবেও দলটিকে জার্মান চ্যাম্পিয়ন বানিয়েছেন ১৯৯৪ সালে। দুই বছর পর বোর্দোকে হারিয়ে জেতেন উয়েফা কাপও।

মিশেল প্লাতিনি
ফুটবল প্রশাসক হিসেবে এখন অনেকের কাছে নিন্দিত, ফিফা তাঁকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করেছে। কিন্তু খেলোয়াড় মিশেল প্লাতিনি চিরদিনই নন্দিত থাকবেন, থাকবেন সর্বকালের সেরাদের তালিকাতেও। জুভেন্টাসের হয়ে ইউরোপিয়ান কাপ, ফ্রান্সের হয়ে ১৯৮৪ ইউরো, তিনটি ব্যালন ডি’অর—কিংবদন্তি এই ফুটবলারের অনেক অর্জন। কিন্তু ফ্রান্সের কোচ হিসেবে সেই প্লাতিনিই ভীষণভাবে ব্যর্থ। দায়িত্ব পাওয়ার পর দলটিকে ১৯৯০ বিশ্বকাপেই নিয়ে যেতে পারেননি। দুই বছর পর ইউরোতেও গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পর নিজেও পদত্যাগ করে প্লাতিনি চলে আসেন ফুটবল প্রশাসনে।

মার্কো ফন বাস্তেন
তিনবার ব্যালন ডি’অরজয়ী আরেক কিংবদন্তি। চোট মাত্র ২৮ বছরেই শেষ করে দেয় তাঁর খেলোয়াড়ি জীবন, কিন্তু এটুকুতেই ফন বাস্তেনের অনেক কীর্তি। হল্যান্ডের ১৯৮৮ ইউরো জয়ের অন্যতম নায়ক, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। রাশিয়ার বিপক্ষে ফাইনালে তাঁর বিখ্যাত ভলি তো ডাচ-রূপকথারও অংশ। কিন্তু কোচ হওয়ার পর সেই ফন বাস্তেনের দলই ছিটকে যায় ২০০৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে। ইউরো ২০০৮ ইউরোতেও হল্যান্ড বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে। ক্লাব আয়াক্স, এ-জেড আলকমার—আর কোথাও সফল হতে পারেননি ফন বাস্তেন। সূত্র: এএফপি।