জিদানের দাবি 'ইতিহাসে'র অস্বীকার
পরশু অসাধারণ এক রাত গেছে সান্তিয়াগো বার্নাব্যুতে। ওই রাতের নায়ক অবশ্যই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু নেপথ্য নায়ক তাহলে কে? জিনেদিন জিদান। চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালের দুর্দান্ত রণকৌশলের সফল বাস্তবায়নের জন্য কোচকে কৃতিত্ব না দিলে ভুল হবে।
ভুল করার সুযোগ অবশ্য রিয়াল কোচ দিচ্ছেনও না। মাথাটা ঠান্ডা রাখতে পেরেছিলেন বলেই এমন সাফল্য—ম্যাচ শেষে নিজেই জানিয়েছেন জিজু। তবে এটি কিছুটা কৌতুকেরও জন্ম দিয়েছে। কোচিংয়ে নিজের বরফ-মস্তিষ্কের কথা বলতে গিয়ে টেনে এনেছেন খেলোয়াড়ি জীবনেও নিজের মাথা ঠান্ডা রাখার বিষয়টি। কিন্তু ফরাসি কিংবদন্তির এই কথাটা বেশ স্ববিরোধী। কারণ সঙ্গে সঙ্গে যে চলে এসেছে ২০০৬ বিশ্বকাপের ফাইনালে ইতালিয়ান ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জিকে তাঁর সেই ঢুস দেওয়ার কাহিনি।
জিদানের আলোকিত ক্যারিয়ারে সবচেয়ে বড় কলঙ্কও ওই ‘ঢুস-কাণ্ড’। তবে সেসব এখন অতীত। বুটজোড়া ছেড়ে দিয়ে ফ্রান্স কিংবদন্তি এখন স্যুট পরে দাঁড়ান রিয়াল মাদ্রিদের ডাগ-আউটে। পরশু সেই দায়িত্ব পালনের ১০০ দিনও হয়ে গেছে। বড় দলের কোচ হিসেবে এই ছোট্ট ক্যারিয়ারের অভিজ্ঞতাটা জানাতে গিয়ে ৪৩ বছর বয়সী ফ্রেঞ্চ কোচ বললেন, ‘কোচ হওয়াটা অনেক, অনেক কঠিন। কী হবে সেটা নিয়ে ভাবি না, তবে প্রতিদিনই কী করলে আমরা উন্নতি করতে পারব সেদিকে লক্ষ রাখি।’
এক শ দিনের মধ্যে আনন্দের মুহূর্তই বেশি এসেছে, যদিও জিদানকে হারও দেখতে হয়েছে দলের। তবে খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা থেকেই এসব সামলে নিচ্ছেন রিয়াল কোচ, ‘এখানে কঠিন সময় থাকবে, তবে সে সময়গুলোয় সুস্থির থাকতে হবে। গুলিয়ে ফেলা যাবে না। কারণ ফুটবলে যেকোনো কিছুই ঘটতে পারে। আমি খেলোয়াড় থাকার সময়ে কখনো মেজাজ হারাইনি, কোচ হিসেবেও তেমন কিছু করব না।’
মজার ব্যাপার, খেলোয়াড় হিসেবে জিদানের মেজাজ হারানোর ঘটনা হিসেবে ১০ বছর আগের বিশ্বকাপের ঘটনাটা আলোচনায় উঠে তো আসছেই, কোচ পরিচয়েও জিদানের সুস্থির থাকার দাবিটা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে পরশুর ম্যাচের দ্বিতীয়ার্ধের একটি ঘটনায়। করিম বেনজেমা গোল মিস করার পর আবেগ প্রকাশ করতে গিয়ে তাঁর প্যান্টটাই গেছে ছিঁড়ে! ইএসপিএন।