জিদানের নজর কেড়েছে চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিনেদিন জিদান
জিনেদিন জিদান

নিজের সময়ের সেরা ফুটবলারদের একজন ছিলেন। আর এখন কোচ হিসেবেও আলো ছড়িয়ে যাচ্ছেন। রিয়াল মাদ্রিদে প্রথম মৌসুমেই চ্যাম্পিয়নস লিগ জিতে সাড়া ফেলে দিয়েছেন জিনেদিন জিদান। পাকা জহুরি হিসেবেও নাম কুড়িয়েছেন। ভবিষ্যতের তারকা চেনায় বাকিদের চেয়ে নাকি তিনি বেশ খানিকটা এগিয়েই আছেন। এই সময়ের তরুণ চার ফুটবলারের প্রতিভায় মুগ্ধ জিদান।
এডেন হ্যাজার্ড: চেলসিতে নাম লেখানোর আগে থেকেই তারকাখ্যাতি পেয়ে যান বেলজিয়ামের এই ফুটবলার। জিদানের নজর কাড়েন ফ্রান্সের ক্লাব লিলে খেলার সময়ই। ২০১১ সাল, জিদান তখন রিয়ালের কোচ নন। সেই বছর তিনি সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে পরামর্শ দিয়েছিলেন হ্যাজার্ডকে নিয়ে আসতে। পরের বছরও পেরেজকে একই কথা বলেছিলেন রিয়ালের সাবেক তারকা। কিন্তু ২০১২ সালে চেলসিতে নাম লেখান হ্যাজার্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে অসাধারণ খেলে যাচ্ছেন তিনি।
রাফায়েল ভারান: জিদানের আবিষ্কার করা প্রতিভাবান ফুটবলারদের মধ্যে অন্যতম ফরাসি এই ডিফেন্ডার। জিদানের সুপারিশেই ১৮ বছর বয়সে রিয়ালে নাম লিখিয়েছেন ভারান। সান্তিয়াগো বার্নাব্যুতে পাঁচ বছর পার করে দিয়েছেন। রিয়ালে এখন তাঁর কোচ জিদানই। আর তিনিও দলের অপরিহার্য সদস্য।
পল পগবা: কয়েক বছর ধরে পগবাকে দেখে আসছেন জিদান। গত গ্রীষ্মে ফরাসি এই মিডফিল্ডারকে রিয়ালে টানার সর্বোচ্চ চেষ্টাটাই করেছিলেন তিনি। তবে ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে পগবাকে নিয়ে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড।
এনগোলো কান্তে: গত মৌসুমে লেস্টার সিটিকে প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতানোর পেছনে বড় ভূমিকা ফরাসি এই মিডফিল্ডারের। গত গ্রীষ্মে জিদান দলে টানতে চেয়েছিলেন তাঁকেও। শেষ পর্যন্ত অবশ্য চেলসিতে নাম লেখান কান্তে। সূত্র: মার্কা।