জিদানের প্যান্ট-দুর্ভাগ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যান্ট ছিঁড়ে আবারও বিব্রত জিদান। ছবি: মেইল অনলাইন।
প্যান্ট ছিঁড়ে আবারও বিব্রত জিদান। ছবি: মেইল অনলাইন।

জিনেদিন জিদান তাঁর পরনের প্যান্ট কোথা থেকে কেনেন, এ নিয়ে প্রশ্ন উঠে গেছে ইতিমধ্যেই। যে দোকান থেকেই তিনি তাঁর প্যান্ট কিনে থাকুন না কেন, বিষয়টা নিয়ে বোধ হয় তাঁর নতুন করে ভাবার সময় এসে গেছে। একটি করে প্যান্ট পরে মাঠে যাবেন, আর খেলার উত্তেজনায় একটু হাত-পা ছুড়লেই সেগুলো ছিঁড়ে যাবে কেন! চ্যাম্পিয়নস লিগে এই দ্বিতীয়বারের মতো প্যান্ট ছিঁড়ে যাওয়ায় বিব্রতকর অবস্থায় পড়লেন।
ভলফসবুর্গের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে তাঁর দল রিয়াল মাদ্রিদের ৩-০ গোলে দুর্দান্ত জয়ে করিম বেনজেমার একটি গোল মিসের প্রতিক্রিয়া জানাতে গিয়ে যেভাবে হাত-পা ছুড়ছেন, তাতেই বেমক্কা ছিঁড়ে গেল প্যান্টটা। সেটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে নেওয়াও যাচ্ছে না। কাল যে চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় ম্যাচে আবারও প্যান্টের ফর্দাফাই করে ফেললেন। ক্যামেরার চোখকে কি ফাঁকি দেওয়া যায়? ঠিকই ধরা পড়ল। স্পর্শকাতর জায়গাতেই ছিঁড়েছে প্যান্টটা।
কাল সেমির প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাড়মেড়ে ম্যাচটিতেই বা ফরাসি কিংবদন্তি অমন উত্তেজিত কেন হলেন কে জানে!
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফুটবলের পাশাপাশি উঠল প্যান্ট ছেঁড়ার প্রসঙ্গও। এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, বারবার মাঠে আপনার প্যান্ট ছিঁড়ে যাচ্ছে, ব্যাপারটাকে আপনি কীভাবে দেখেন? উত্তরে জিদান বলেছেন, ‘এটা নিয়ে না ভাবলেও চলবে।’
কোচদের জীবনই তো এই। কেউ চুল ছেঁড়েন, কেউ প্যান্ট! সূত্র : মেইল অনলাইন।