জিদানের রেকর্ড ভেঙেও মন খারাপ টুখেলের

চেলসি কোচ টমাস টুখেলছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ ষোলো ফিরতি লেগে প্রথমার্ধ শেষে হাসিমুখে মাঠ ছাড়তে পারেননি টমাস টুখেল। দল ১-১ গোলে সমতায়, দুই লেগ মিলিয়ে দুই গোল ব্যবধানে এগিয়ে থাকলেও বিরতির পর কী হয়, কে জানে!

মুখটা পানসে করে মাঠ ছাড়েন চেলসির এই জার্মান কোচ। হাসি ফিরল ম্যাচে শেষ বাঁশি বাজার পর।

ফিরতি লেগে শেষ পর্যন্ত ২-১ গোলের জয়, কোয়ার্টার ফাইনালে ওঠার আগে দুই লেগ মিলিয়ে লিলের বিপক্ষে জয়ের (৪-১) ব্যবধানও বেশ বড়। টুখেলের মুখে তাই হাসি ফিরলেও মিলিয়ে যেতে সময় লাগেনি।

মাঠে চেলসিকে ঠিক পথেই রেখেছেন টুখেল
ছবি: রয়টার্স

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে চেলসির টিকিট বিক্রি নিষিদ্ধ করেছে উয়েফা। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জেরে মাঠের বাইরে বেশ বাজে সময় যাচ্ছে চেলসির। রাশিয়ান মালিক রোমান আব্রামোভিচ ক্লাব বিক্রি করতে চান। আব্রামোভিচের সম্পত্তিও জব্দ করেছে যুক্তরাজ্য সরকার। লাগাম টানা হয়েছে চেলসির খরচে, খেলতে হচ্ছে যুক্তরাজ্য সরকারের বিশেষ লাইসেন্স নিয়ে।

এমন পরিস্থিতির মধ্যে টিকিট বিক্রি নিষিদ্ধের কথা শুনে টুখেলের প্রতিক্রিয়া, 'সন্ধ্যাটা (বাংলাদেশ সময় রাত) মাটি করার জন্য ধন্যবাদ।'

টুখেলের ব্যক্তিগত অর্জনে তাকালে কিন্তু লিলের বিপক্ষে ম্যাচের আলাদা জায়গা আছে। চ্যাম্পিয়নস লিগে কোচ হিসেবে এটি তাঁর ৫০তম ম্যাচ। এই প্রতিযোগিতার ইতিহাসে মাত্র তিনজন কোচ নিজেদের প্রথম ৫০ ম্যাচের মধ্যে ন্যূনতম ৩০ ম্যাচ জিতেছেন। পেপ গার্দিওলা, জিনেদিন জিদান ও টুখেল।

প্রথম ৫০ ম্যাচের মধ্যে সর্বোচ্চ জয়ের রেকর্ডটি টুখেল গড়লেন লিলের বিপক্ষে, ৩২ জয়। ৩১ ম্যাচজয়ী রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিদানকে পেছনে ফেলে রেকর্ডটি এখন টুখেলের একার। ৩০ ম্যাচ জিতেছেন ম্যানচেস্টার সিটি কোচ গার্দিওলা।

কোয়ার্টার ফাইনালে তাকিয়ে চেলসির কোচ যেন হুংকার ছাড়লেন, 'আমরা এমন দল হতে চাই, যেন আমাদের বিপক্ষে কেউ খেলতে না চায়। শেষ আটে নিজেদের এভাবেই দেখতে চাই।' চেলসির জন্য সমর্থনও চাইলেন টুখেল, 'চেলসি তাদের কর্মী, খেলোয়াড় ও সমর্থকদের কাছে এটা চায়। নিজেকে নিংড়ে দিয়ে যে যার ভূমিকাটা পালন করুন।'