জিদানের সঙ্গে তুলনায় যেতে চান না গ্রিজমান

২০০৬ বিশ্বকাপে একটুর জন্য শিরোপা জিততে পারেনি ফ্রান্স কিংবদন্তি জিনেদিন জিদান। ২০০৬ সালের পর আবারও একই সমীকরণের সামনে দাঁড়িয়ে গ্রিজমানের ফ্রান্স। তবে বিশ্বকাপ জিতলেও নিজেকে জিদানের সঙ্গে তুলনা করতে চান না গ্রিজমান
আঁতোয়ান গ্রিজমানের সামনে এখন বড় এক সুযোগ, জিদানকে ছোঁয়ার, তাঁকে টেক্কা দেওয়ার। ২০০৬ বিশ্বকাপে জিনেদিন জিদান যা পারেননি, রাশিয়া বিশ্বকাপে সেটাই করার সুযোগ অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফরোয়ার্ডের। এরই মাঝে জিদানের ডাকনাম জিজুর অনুকরণে গ্রিজুও ডাকা হচ্ছে তাঁকে। ব্যালন ডি’অরও এখন হাতছানি দিয়ে ডাকছে। শুধু ফাইনালে ক্রোয়েশিয়াকে হারাতে পারলেই হয়। তবে জিদানকে টেক্কা দেওয়া তো দূরের কথা, সমকক্ষ হওয়ার কথাও মাথায় আনছেন না গ্রিজমান।
২০০৬ বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল ফ্রান্স। তবে সে সুযোগ কাজে লাগাতে পারেননি কিংবদন্তি জিদান ও তাঁর দল। এ জন্য জিদানেরও দায় ছিল কিছুটা, রেগেমেগে যদি ইতালিয়ান সেন্টার ব্যাক মাতেরাজ্জিকে ঢুস না মারতেন, তাহলে হয়তো খেলার ফলাফলটা ভিন্ন হতে পারত। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেও শেষমেশ ফাইনালে লাল কার্ড পেয়ে মাঠ ছেড়ে বের হয়ে যেতে হয়েছিল তাঁকে। আর এতেই কপাল পুড়েছিল ফ্রান্সের।
জিদান মাঠ ছাড়ার পর ফ্রান্সেরও যেন বিশ্বকাপ জয়ের স্বপ্ন হাতছাড়া হয়ে গেল। ইতালির কাছে টাইব্রেকারে ৫-৩ গোলে হেরে সেবার বিশ্বকাপ মিশন শেষ করে ফ্রান্স।
এক যুগ পর আবারও বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় ফ্রান্স। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ১৫ জুলাই ক্রোয়েশিয়াকে হারালেই ১৯৯৮ বিশ্বকাপের পর দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ পাবে ফ্রেঞ্চরা। গ্রিজমানরাও এখন মনে মনে সে স্বপ্ন বুনতে শুরু করেছেন। স্বভাবতই একটা প্রশ্ন তখন উঠে আসবে, ফ্রান্সের হয়ে জিদান সেরা নাকি গ্রিজমান? এই প্রশ্নের উত্তর গ্রিজমান নিজেই দিয়েছেন, ‘আমি নিজেকে অতটা পছন্দ করি না, জিদান আমার থেকে অনেক বেশি এগিয়ে।’