জিদানের 'অবিশ্বাস্য অনুভূতি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ালের সাফল্যের মধ্যমণি হয়ে রইলেন জিদান। ছবি: রয়টার্স
রিয়ালের সাফল্যের মধ্যমণি হয়ে রইলেন জিদান। ছবি: রয়টার্স

জিনেদিন জিদানের জীবনের অন্যতম আনন্দের দিন ছিল গতকাল রোববার। রিয়াল মাদ্রিদকে পাঁচ বছর পর স্প্যানিশ লিগের শিরোপা উপহার দেওয়ার অনুভূতিটা এই ফরাসি কিংবদন্তির কাছে ‘অবিশ্বাস্য অনুভূতি।’

রিয়ালের ৩৩তম লিগ জয়ের সঙ্গে নিজের নামটাকে জড়িয়েছেন। আনন্দটা অনির্বচনীয় হওয়ার কারণ দীর্ঘদিনের হাহাকার। ২০১২ সালের পর স্প্যানিশ লিগের শিরোপাটা একরকম দূরের ব্যাপারই হয়ে গিয়েছিল তাঁর দলের জন্য। জিদানের আনন্দের মূল কারণ এটিই। ব্যাপারটা অস্বীকারও করেননি তিনি, ‘লিগ জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। বেশ কয়েকটা বছর আমরা লিগ জিততে পারিনি। লিগ হচ্ছে খুব কঠিন প্রতিযোগিতা। এটি প্রতিদিনের প্রতিযোগিতা। সুতরাং, লিগ শিরোপা জয়টা খুব বড় সাফল্য। বিশ্বখ্যাত এক ক্লাব হিসেবে রিয়ালের জন্য এটি আরও গুরুত্বপূর্ণ ও জরুরি হয়ে পড়েছিল। স্প্যানিশ লিগ আমার মতে বিশ্বের সেরা লিগ। এই লিগ জেতার অনুভূতিটা সত্যিই অবিশ্বাস্য।’

দলের এই সাফল্যের একটা বড় রহস্য ছিল শক্তিশালী বেঞ্চ। একাদশের বাইরেও রিয়ালে এই মৌসুমে যথেষ্ট মানসম্মত খেলোয়াড় ছিল। ভালো খেলোয়াড়ের আধিক্য যেখানে অনেক কোচের জন্য বোঝা হয়ে দাঁড়ায়, সেখানে জিদান খেলোয়াড়দের ব্যবহার করেছেন দারুণভাবে। জিদান অবশ্য আনন্দের মুহূর্তে এসব বিষয়কে খুব বড় করে দেখতে চাননি। তিনি রিয়ালের সাফল্যের কৃতিত্ব ভাগ করে দিয়েছেন সবার মধ্যেই, ‘আজকের দিনটা দুর্দান্ত। দলের প্রত্যেক খেলোয়াড় ও কর্মকর্তারই সমান অবদান আছে এই দিনটির জন্য। খেলোয়াড়েরা মৌসুমজুড়ে প্রাণপণ লড়াই করেছে। আমার দলে ভালো খেলোয়াড় প্রচুর ছিল। কিন্তু তাদের কাছে বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল, প্রত্যেক খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের এই বোধটাই আমাদের সাফল্য উপহার দিয়েছে।’

নয় মাস ধরে ৩৮টি ম্যাচের লড়াই। কতই–না উত্থান-পতন। সবকিছুকে জয় করে লিগ জয়ের অনুভূতি ভুলিয়ে দেয় সব কষ্টই। জিদান এটি বোঝেন ভালো করেই, ‘৩৮টি ম্যাচ লড়াই করে এই সাফল্য। মাঝেমধ্যে খারাপ সময়কে জয় করতে হয়েছে। কিন্তু মৌসুম শেষে দলকে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে দেখার আনন্দের সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। মাসের পর মাস খেটেছি। আমার সময়টা এখন উৎসবেরই।’

১৬ মাস আগে খুব কঠিন সময়ে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন জিদান। শীর্ষ পর্যায়ে এমন গুরুদায়িত্বের অভিজ্ঞতাও তাঁর ছিল না। কিন্তু নিজের কাজে জিদান দারুণ সফল। দলকে জিতিয়েছেন চার-চারটি ট্রফি। এই মুহূর্ত খুব বড় একটা কীর্তি তাঁকে হাতছানি দিচ্ছে। আগামী ৩ জুন কার্ডিফে জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতলে আর্জেন্টাইন লুইস কারনিগলিয়ার পর প্রথম রিয়াল কোচ হিসেবে একই মৌসুমে স্প্যানিশ লিগ ও ইউরোপ-সেরা হবেন জিদান। ১৯৯০ সালে এসি মিলানের পর ইউরোপীয় ক্লাব ফুটবলে পরপর দুবার শিরোপা জয়ের গৌরবে সিক্ত হবে রিয়াল।

খেলোয়াড় হিসেবেও রিয়ালে দুর্দান্ত সময় কাটিয়েছেন জিদান। ২০০২ সালে তাঁর গোলেই চ্যাম্পিয়নস লিগ জিতেছিল রিয়াল। ২০০৩ সালে জিতেছিলেন স্প্যানিশ লিগের শিরোপা। ফ্রান্সের হয়ে ১৯৯৮ সালে বিশ্বকাপ জেতার মুহূর্তটি তো আলাদা জায়গাই পাচ্ছে তাঁর সাফল্যের তালিকায়। ২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালে ‘ঢুস-কাণ্ডে’ লাল কার্ড পাওয়ার ম্যাচে তাঁর পেনাল্টি গোলেই ইতালির বিপক্ষে এগিয়ে ছিল ফ্রান্স। পরে গোল শোধ করে টাইব্রেকারে ইতালি জিতে নেয় শিরোপা। জিদান হয়ে যান ট্র্যাজিক হিরো।
সূত্র: রয়টার্স