জিদানের 'আস্থাভাজন' বেনজেমার এই হাল!
>

• রিয়ালে অন্যতম বাজে মৌসুম কাটছে করিম বেনজেমার।
• লা লিগায় ১৬ ম্যাচে করেছেন মাত্র ২ গোল।
• সব মিলিয়ে ২৬ ম্যাচে ৬ গোল তাঁর।
• এরপরও বেনজেমার পক্ষেই জিদানের সাফাই।
রিয়াল মাদ্রিদে একই সময়ে এসেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমা। নয় বছরের ব্যবধানে রোনালদো রিয়ালের সর্বোচ্চ গোলদাতার হয়ে গেলেও বেনজেমা তাঁর ধারেকাছেও নেই। রিয়ালের হয়ে বেনজেমা যে পারফরম্যান্স একেবারেই করতে পারেননি, ঠিক তা নয়। কিন্তু এবারের মৌসুমে তাঁর ম্যাচ এবং গোলসংখ্যা দেখলে প্রশ্নটা না করে পারা যায় না—জিনেদিন জিদান কী বুঝে তাঁর ওপর আস্থা রাখছেন?
বেনজেমাকে প্রায় নিয়মিতই রিয়ালের প্রথম একাদশের হয়ে খেলাচ্ছেন জিদান। চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ পিএসজির বিপক্ষে ম্যাচটাই ধরুন, জিদানের প্রথম একাদশে গ্যারেথ বেল নেই কিন্তু বেনজেমা আছেন! অথচ ফরাসি স্ট্রাইকার এ মৌসুমে লিগে ১৬ ম্যাচে করছেন ২ গোল, আর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচে সংখ্যাটা মাত্র ৬! এ গ্রহের ফুটবলমোদী তো বটেই, এমনকি ভিনগ্রহের কোনো ফুটবলরসিক পর্যন্ত বলতে বাধ্য হবেন, জিদানের বেনজেমাপ্রীতির সত্যিই কোনো ব্যাখ্যা নেই!
ব্যাখ্যা নেই বলেই হয়তো পিএসজির বিপক্ষে বেনজেমাকে দুয়ো দিয়েছেন রিয়াল-সমর্থকেরা। অবশ্য তাঁদের আর কী দোষ? সহ্যের তো একটা সীমা আছে! এ মৌসুমে ১০০ কোটি ইউরো ‘রিলিজ ক্লজ’ মূল্যের বেনজেমার সমান গোল করেছেন লুকাস ভাসকেজ—রিয়ালের এই উইঙ্গার প্রায় প্রতি ম্যাচেই ১৫ মিনিটের মতো করে বদলি হয়ে মাঠে নেমে থাকেন। আর বেনজেমা লিগে ১৬ ম্যাচের ১৩টিতেই খেলেছেন প্রথম একাদশের হয়ে।
আরও আশ্চর্যের ব্যাপার হলো, গত মৌসুমে লিগের এ পথ পর্যন্ত টেবিলের তলানিতে থাকা ওসাসুনা স্ট্রাইকার সার্জিও লিওনের চেয়ে এবার তাঁর গোল মিসের হার বেশি! শুধু তা-ই নয়, বেনজেমা এবার গোলসংখ্যায় লিগের ৭৭ খেলোয়াড়ের পেছনে, এর মধ্যে ৪৫ জনই স্ট্রাইকার!
লিগে ১৩ ম্যাচে রিয়ালের প্রথম একাদশের হয়ে মাঠে নামার পাশাপাশি ৩ ম্যাচে বদলি হয়ে মাঠে নেমেছেন বেনজেমা। অর্থাৎ মোট ১,১৬৭ মিনিট মাঠে থেকে ২ গোল করেছেন। যার অর্থ হলো প্রতি ৫৮৩.৫ মিনিট পর বেনজেমা একটি করে গোল করেছেন। এর মধ্যে সর্বশেষ গোলের মুখ দেখেছেন প্রায় আড়াই মাস আগে। এবার লিগ টেবিলের তলানিতে থাকা মালাগার স্ট্রাইকার ডিয়েগো রোলান ৮৫৪ মিনিট মাঠে থেকেও তাঁর চেয়ে এক গোলে এগিয়ে!