জিদানের 'সাচ্চি' হওয়ার অপেক্ষা

ফুটবলার হিসেবে ক্যারিয়ার চিন্তা করলে দুজনের মেরু ব্যবধান। আরিগো সাচ্চি কখনো পেশাদার ফুটবলই খেলেননি। আর জিনেদিন জিদান? সর্বকালের অন্যতম সেরাদের ছোট্ট কাতারেই থাকবেন ফ্রেঞ্চ কিংবদন্তি। বিশ্বকাপ, ইউরো; রিয়াল মাদ্রিদে লিগ, চ্যাম্পিয়নস লিগ; জুভেন্টাসের হয়েও লিগ—কী জেতেননি ক্যারিয়ারে!
কিন্তু মাঠ ছেড়ে তুলনাটা যখন ডাগআউটে তাঁদের অর্জনের মধ্যে হবে? সেখানে সাচ্চি কিংবদন্তি। আশির দশকের শেষ ও নব্বইয়ের শুরুতে এসি মিলানে আটটি শিরোপা জিতেছেন। তবে এর মধ্যে দুটি শিরোপা তাঁকে দিয়েছে বিশেষত্ব—১৯৮৯ ও ১৯৯০ সালে টানা দুবার মিলানকে ইউরোপিয়ান কাপ (এখন চ্যাম্পিয়নস লিগ) জেতানো!
কেন কীর্তিটা বিশেষ? সাচ্চির পর গত ২৬ বছরেও আর কেউ যে দলকে টানা দুবার ইউরোপের সেরা করতে পারেননি। সাচ্চির সঙ্গে একই ব্র্যাকেটে জিদানের নামটা আসছেও এ জন্যই। আগামী ৩ জুন কার্ডিফে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জুভেন্টাসকে হারালে একই কীর্তি হবে রিয়াল মাদ্রিদ কোচেরও।
এই হিসাবটা বাদ দিলে এখনই জিদানের সঙ্গে সাচ্চির তুলনা হয়তো বাড়াবাড়িই হবে। ৪-৪-২ ফর্মেশনে মাঠের বিভিন্ন ভাগ বা জোনে প্রতিপক্ষকে মার্কিং, প্রতিপক্ষের অর্ধেই বলের দখল নেওয়ার জন্য ক্রমাগত চাপ তৈরি করা, অফসাইডের ফাঁদ কাজে লাগানো...নব্বইয়ের দশকের শুরুতে এ সবকিছু একসঙ্গে মাঠে এনে ইতালি ও ইউরোপের ফুটবলে রীতিমতো অন্য যুগেরই সূচনা করেছিলেন সাচ্চি। অথচ মিলানে আসার আগে তাঁর কোচিং অভিজ্ঞতা বলতে ছিল ইতালির দ্বিতীয় বিভাগে পার্মাকে বছর দুয়েক কোচিং করানো!
কোচিংয়ের শুরুতে জিদানকে নিয়েও ছিল একই রকম সংশয়। একে তো কিংবদন্তি ফুটবলারদের কোচিংয়ে এসে হাবুডুবু খাওয়ার গল্প অনেক, তার ওপর গত বছর জানুয়ারিতে রিয়ালের দায়িত্ব নেওয়ার সময় ‘জিজু’র কোচিংয়ে অভিজ্ঞতা বলতে ছিল এক বছর রিয়ালের মূল দলে কার্লো আনচেলত্তির সহকারী থাকা, আর বছর দেড়েকের মতো সময় রিয়ালের যুবদল কাস্তিয়ায় কোচিং! কিন্তু সিনিয়র ফুটবলে এসেও জিদান কী দারুণ সফল!
যখন দায়িত্ব নিচ্ছেন, রাফায়েল বেনিতেজের অধীনে রীতিমতো ‘অন্ধকার যুগ’ পার করেছে দল। লিগের মাঝপথেই লিগ জয়ের সম্ভাবনা শেষ, চ্যাম্পিয়নস লিগেও কতটুকু কী করতে পারবেন রোনালদো-বেলরা, তা নিয়ে সংশয়। জিদান এলেন যেন জাদুর কাঠি নিয়ে। লিগ জেতাতে পারেননি, তবে শেষ পর্যন্ত বার্সেলোনাকে ‘ধাওয়া’ করে গেছেন। আর চ্যাম্পিয়নস লিগ? ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে টাইব্রেকারে হারিয়ে রিয়াল জেতে একাদশ চ্যাম্পিয়নস লিগ ‘উনদেসিমা’।
পাঁচ মৌসুমে প্রথম লিগ শিরোপা জিতেছে রিয়াল। এখন জিজুর সামনে হাতছানি—১৯৫৮ সালের পর রিয়ালকে প্রথম লিগ ও চ্যাম্পিয়নস লিগের ‘ডাবল’ এনে দেওয়া।
পারবেন জিদান? পারবে রিয়াল? দলের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বাসের কমতি নেই। রিয়াল মাদ্রিদ টিভিকে পর্তুগিজ ফরোয়ার্ড বলেছেন, ‘ওরা (জুভেন্টাস) দুর্দান্ত একটা দল। তবে তেমন তো আমরাও। আমার মনে হয় আমরা দুর্দান্ত একটা ম্যাচ খেলব, জিতবও। আমরা শিরোপাটা ধরে রেখে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে জায়গা করে নিতে পারি। অনেক বড় একটা অনুপ্রেরণা, আর সে পথে মাত্র একটা ধাপই বাকি!’
জিদানেরও অপেক্ষা আর ওই একটা ধাপ পেরোনোর। সাচ্চির মতো কিংবদন্তি কোচের পাশে নাম লেখানোর। এএফপি, গোলডটকম।