জিদানেরও চাই সমর্থকদের ভালোবাসা
ম্যাচের শেষ মুহূর্তে রামোসের গোলে জয় কিংবা ড্র। রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে এটি প্রায় কিংবদন্তি হয়ে গেছে। শুধু সার্জিও রামোসের মাথায় ভর দিয়েই তো দুটি ইউরোপিয়ান শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। ৪০ ম্যাচের অপরাজেয় যাত্রায় দলের শেষ ভরসা হয়ে মাঝেমধ্যেই দেখা দিয়েছেন এই ডিফেন্ডার।
পরশু অবশ্য শেষ মুহূর্ত নয়, ম্যাচের প্রথমার্ধেই রিয়ালকে স্বস্তি এনে দিয়েছে রামোসের হেড। ৮ মিনিট পরই আরেকটি গোলে দলের জয়টাও নিশ্চিত করেছেন। রামোসের জোড়া গোলে মালাগাকে ২-১ গোলে হারিয়ে আবারও জয়ের ধারায় ফিরেছে ‘লস ব্লাঙ্কোস’। ম্যাচ শেষে কোচ জিনেদিন জিদানই বলে দিলেন সবকিছু, ‘আমরা জানি সেট পিসে সার্জিও কী দিতে পারে। সে আজ ছিল অসাধারণ।’
৪০ ম্যাচ অপরাজিত থাকার পর টানা দুই হারে একটা অস্থিরতা তৈরি হয়েছিল সমর্থকদের মধ্যে। রামোসের একটি হেডেই (আত্মঘাতী গোল) কিন্তু থেমেছে রিয়ালের অপরাজেয় দৌড়টা। সেভিয়ার কাছে লিগে ওই হারের পর কাপে সেল্টা ভিগোর কাছে ঘরের মাঠে ২-১ গোলে হার। কিন্তু পরশু দলকে জিতিয়েছেন রামোস। তাঁকে কেন তবু দুয়ো শুনতে হবে? এদিন জয়ের পর তাই বিরক্তি লুকাতে পারেননি অধিনায়ক, ‘আমি সব সময় বলি, বার্নাব্যুর আচরণ আপনি পাল্টাতে পারবেন না। সেদিন মার্সেলোও বলেছে, সব কিংবদন্তিকেই কখনো না কখনো দুয়ো শুনতে হয়েছে এখানে। দলের জেগে ওঠায় এটা দরকার হয়। তবে মাঝেমধ্যে তাদের সমর্থনটাও প্রয়োজন। মাটিতে যখন পড়ে আছি, তখন আরেকটা লাথি মারা তো ঠিক না!’
জিদানও সমর্থকদের আচরণে হতাশ, ‘কঠিন সময়ে সমর্থকদের সাহায্য দরকার হয়। আমি সমালোচনা করব না, কারণ তারা গাঁটের পয়সা খরচ করেই খেলা দেখতে আসে। কিন্তু এত চোট-সমস্যার পর খেলোয়াড়দের ভালোবাসা দরকার হয়। তাদের কোচেরও!’
সমর্থকদের ওপর জিদানের রাগ কেন হবে না? মৌসুম শুরুর পর থেকেই চোটের কারণে পূর্ণাঙ্গ দলকে পাচ্ছেন না। স্কোয়াডের মাত্র দুজন খেলোয়াড়ই এখন পর্যন্ত চোটে পড়েননি। পরশু নতুন করে চোটে পড়েছেন মার্সেলো, মডরিচ! মার্সেলোর আগে অন্য তিন ফুলব্যাকই চোটে পড়ায় রাইটব্যাকে খেলেছেন উইঙ্গার লুকাস ভাসকেজ। রোনালদো-বেনজেমার বাজে ফর্মও তাই এ মুহূর্তে ভাবাচ্ছে না জিদানকে, তাঁকে যে এর চেয়ে বড় সমস্যা নিয়ে মাথা ঘামাতে হচ্ছে, ‘কয়েক ম্যাচে ওরা গোল পায়নি, কিন্তু এতে আমি চিন্তিত নই। আমাকে দুশ্চিন্তায় ফেলছে চোটের সমস্যা। এত এত চোট—আমি খুবই বিরক্ত। বুধবার জিততেই হবে এমন এক ম্যাচ, এরপর আরও অনেকগুলো ম্যাচ আছে।’ এএফপি, রয়টার্স।