জিদান-জাদুতে সুপার কাপও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরেকটা ট্রফি! গত কিছুদিনে রিয়াল মাদ্রিদ এমন শিরোপা উদ্‌যাপন বেশ কয়েকবারই করেছে। রামোস-মডরিচ-বেলদের এই উদ্‌যাপন ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উয়েফা সুপার কাপ জয়ের পর। পরশু মেসিডোনিয়ার স্কোপিয়েতে l এএফপি
আরেকটা ট্রফি! গত কিছুদিনে রিয়াল মাদ্রিদ এমন শিরোপা উদ্‌যাপন বেশ কয়েকবারই করেছে। রামোস-মডরিচ-বেলদের এই উদ্‌যাপন ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উয়েফা সুপার কাপ জয়ের পর। পরশু মেসিডোনিয়ার স্কোপিয়েতে l এএফপি

৫৮২ দিন। ৮৮ ম্যাচ। ৬ ট্রফি!

অন্য কোচদের জন্য রীতিমতো ঈর্ষায় জ্বালিয়ে-পুড়িয়ে মারার মতো পরিসংখ্যান! পরিসংখ্যানটা জিনেদিন জিদানের। 

গত বছরের জানুয়ারিতে যখন রিয়াল মাদ্রিদের ডাগআউটে এলেন, তাঁকে ঘিরে অনেক উচ্চাশার সমান্তরালে কিছু সংশয়ও ছিল। কী করতে পারবেন জিদান? আদৌ পারবেন চাপটা সামলাতে? তাঁর খেলোয়াড়ি জীবনের স্মৃতিগুলোয় আবার না কালিমা পড়ে কোচিংয়ে এসে! সব শঙ্কার উত্তর ওপরের পরিসংখ্যান। ২০ মাস এখনো পুরো হয়নি, এরই মধ্যে সম্ভাব্য ৮টি ট্রফির ৬টিই জিতেছেন ফ্রান্সের ফুটবল কিংবদন্তি।

যার সর্বশেষটি এল পরশু। মেসিডোনিয়ার স্কোপিয়েতে উয়েফা সুপার কাপে হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে জিদানের রিয়াল। সর্বশেষ চার বছরে লস ব্লাঙ্কোদের তৃতীয় উয়েফা সুপার কাপ। আর টানা দুই বছরে দ্বিতীয়—যে কৃতিত্ব এর আগে ছিল আরিগো সাচ্চির এসি মিলানের। কোচ হিসেবে জিদান এখনো কিংবদন্তি হয়তো হননি, তবে কিংবদন্তিদের পাশে তাঁর আনাগোনা শুরু হয়ে গেছে। এই যে ২০ মাসেই রিয়ালের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ শিরোপাজয়ী কোচ তিনি!

পরশু তাঁর প্রতিপক্ষ ডাগআউটে থাকা কোচও প্রায় ১৭ বছরের ক্যারিয়ারে কোচিংয়ের ধারণাই অনেক বদলে দিয়েছেন। সেটি ইতিবাচক না নেতিবাচক—তা নিয়ে প্রশ্ন হতে পারে। তবে মরিনহোর কৌশল সাফল্যকেন্দ্রিক, মরিনহো তাই কিংবদন্তিতুল্য। সেই মরিনহোকেই কৌশলের খেলায় টেক্কা দিয়ে গেলেন জিদান। এমনই যে তাঁর দলের দুর্দান্ত পাসিং, বুদ্ধিদীপ্ত ‘ওয়ান-টু’, ক্রমাগত চাপের সামনে ইউনাইটেডকে মাঝেমধ্যে হতবিহ্বলই লাগছিল।

ম্যাচের শেষ ৩০ মিনিটই যা একটু খেলেছে ইউনাইটেড। রাশফোর্ড-লুকাকুদের ফিনিশিংটা ভালো হলে হয়তো ম্যাচে সমতাও নিয়ে আসতে পারত। কিন্তু পুরো ম্যাচ বিবেচনায় মাত্র ২-১ গোলে জয়টা রিয়ালের জন্য ‘অবিচার’! প্রথমার্ধে কাসেমিরোর গোলের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই বেলের সঙ্গে দেওয়া-নেওয়ার পর ইসকোর দুর্দান্ত গোলে এগিয়ে যায় রিয়াল, ৬২ মিনিটে লুকাকুর গোল একটু আশা দেখায় ইউনাইটেডকে। এর বাইরে দুই অর্ধে বেল-কাসেমিরোর দুটি শট ফেরে বারে লেগে, ইউনাইটেড গোলকিপার ডেভিড ডি গেয়াও ম্যাচজুড়ে ছিলেন ব্যস্ত।

কাসেমিরোর গোলটা অবশ্য অফসাইড কি না, তা নিয়ে বিতর্ক আছে। ইউনাইটেড কোচ মরিনহোও ম্যাচ শেষে বলেছেন, ‘ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিং) ব্যবহার করলে ব্যবধান ১-১ থাকত, ম্যাচটা অতিরিক্ত সময়ে গড়াত।’ বিতর্ক এক পাশে রেখে অবশ্য নিজ দলের শেষ আধঘণ্টার লড়াইয়ে খুশি মরিনহো, ‘দুর্দান্ত কিছু খেলোয়াড় নিয়ে গড়া একটা দলের বিপক্ষে খেলেছি, তবে শেষ পর্যন্ত ম্যাচের ফল নিয়ে সংশয় ছিল। ওদের সঙ্গে লড়েছি।’ খুশি আরেকটা কারণেও, ‘প্রিমিয়ার লিগে রিয়াল মাদ্রিদ নেই। ওদের মিডফিল্ডে যারা আছে, ওরা অন্য রকম, এদের রেপ্লিকা হয় না।’

মুখে না বললেও মরিনহোর কথায় জিদানেরও নিশ্চয়ই অনেক গর্ব হচ্ছে, ‘এই দলটা প্রতিভা ও নৈপুণ্যে ভরা। ওরা সাফল্যের জন্য অনেক ক্ষুধার্তও।’

আরেকটা কারণেও জিদানের খুশি হওয়ার কথা। জয়টা যে এসেছে শেষ দিকে মিনিট পনেরোর মতো খেলা ক্রিস্টিয়ানো রোনালদোর তেমন অবদান ছাড়াই! এমন ‘বিলাসিতা’ই বা কজন কোচের থাকে! এএফপি, মার্কা।