জিদান-জাদুর এক বছর

‘জাদুর জন্য ধন্যবাদ!’
২০০৬ সালের কথা। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের হয়ে শেষ ম্যাচ খেলছিলেন জিনেদিন জিদান। গ্যালারিতে দৈত্যাকার ব্যানারে ভাসছিল এই লেখা।
এবার ব্যানারে লেখা নেই। কেউ স্লোগানও ধরেনি। তবে অনুচ্চারে নিশ্চয়ই প্রিয় জিজুকে ধন্যবাদ জানাচ্ছেন রিয়ালের সমর্থকেরা। আরেকবার যে জাদুমন্ত্রে রিয়ালকে জাগিয়ে তুলেছেন তিনি। রাফায়েল বেনিতেজের অধীনে অধঃপাতে যেতে বসেছিল রিয়াল। সেই দুঃসময়েই প্রিয় দলের কোচের দায়িত্ব পান জিদান। তাঁর জিয়নকাঠির ছোঁয়ায় এক বছরের মধ্যে আবার স্বরূপে ফিরেছে স্পেনের সফলতম ক্লাবটি।
জিদানের মুঠোফোনের মেসেজ বক্সটা নিশ্চয়ই ভরে গেছে শুভেচ্ছাবার্তায়। যাঁরা কাছে আছেন, তাঁরা অভিনন্দন জানিয়ে যাচ্ছেন সরাসরি। কেউ কেউ হাসিমুখে আলিঙ্গনে বাঁধছেন ফ্রান্স কিংবদন্তিকে। রিয়াল মাদ্রিদের ডাগআউটে একটি বছর কাটিয়ে ফেলেছেন। সাফল্য আর অর্জনের খেরো খাতা উল্টে দেখলে যেটিকে বলতে হবে জিদানের স্বপ্নের বছর।
অথচ তাঁর রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার খবরটি ফুটবল-বিশ্বে চমক হয়েই এসেছিল। অনেকের চোখেই ছিল অবিশ্বাস্য। এত বড় ক্লাব। তারকা ফুটবলারের মেলা এখানে। জিদানের মতো অনভিজ্ঞ একজন পারবেন তো সামলাতে! যাঁর কোচিং অভিজ্ঞতা বলতে শুধু রিয়ালের ‘বি’ দল কাস্তিয়াকে নিয়ে কাজ করা।
রিয়ালে জিদান-অধ্যায়ের শুরুটা হয় হঠাৎ করেই। দলকে আশানুরূপ ফল এনে দিতে পারেননি বলে গত বছরের ৪ জানুয়ারি বেনিতেজকে বরখাস্ত করে রিয়াল। সেদিনই ক্রিস্টিয়ানো রোনালদো-সার্জিও রামোসদের দায়িত্ব ক্লাবটির সাবেক তারকা জিদানের কাঁধে তুলে দেয় কর্তৃপক্ষ। শুরুটা দেপোর্তিভো লা করুনিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে। কিন্তু কোচ হিসেবে প্রথম মাদ্রিদ ডার্বিতে যান হেরে। অনেকের কণ্ঠেই তখন আবার ‘গেল গেল’ রব। প্রশ্ন উঠেছিল—রিয়ালের কোচ হওয়ার আঁচটা কি তাহলে টের পেতে শুরু করেছেন জিদান? তবে কোনো সমালোচনাই টলাতে পারেনি তাঁকে। ১২ মাসে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫৪টি ম্যাচ খেলেছে রিয়াল। অ্যাটলেটিকোর বিপক্ষে সেই ম্যাচ ছাড়া হার আর মাত্র একটি। অবিশ্বাস্যই বটে!
খেলোয়াড়ি জীবনে রিয়ালকে অনেক দিয়েছেন ফ্রান্সের সাবেক এই মিডফিল্ডার। ২০০১ সালে জুভেন্টাস থেকে ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে রিয়াল তাঁকে দলে নেয়। ক্লাবটির হয়ে পাঁচ বছরে জেতেন একটি করে চ্যাম্পিয়নস লিগ আর স্প্যানিশ লিগ। খুব কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমে লা লিগার জন্য লড়েছেন শেষ ম্যাচটি পর্যন্ত। শেষ পর্যন্ত পারেননি। তবে রিয়ালকে জিতিয়েছেন তাদের ইতিহাসে চ্যাম্পিয়নস লিগের একাদশ শিরোপা। জিতিয়েছেন ক্লাব বিশ্বকাপের শিরোপা। লিগে গত মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মাঠ থেকে ফিরেছেন বিজয়ীর বেশে।
দলকে জয়ের ধারায় ভাসিয়ে রেকর্ড গড়েছেন, সঙ্গে আছে শিরোপার উচ্ছ্বাস। তবে এই এক বছরে রিয়ালকে দেওয়া জিদানের সবচেয়ে বড় উপহার হয়তো অন্য কিছু। বেনিতেজের সাত মাসে রোনালদোদের আত্মবিশ্বাস ঠেকেছিল তলানিতে। সেই আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছেন জিদান। ছন্নছাড়া হয়ে পড়া রিয়াল জেগে উঠেছে তাঁর পরশপাথরের ছোঁয়ায়। বেল-বেনজেমারা নিয়মিত উপহার দিয়ে যাচ্ছেন ছন্দময় সুন্দর ফুটবল।
গত পরশু সান্তিয়াগো বার্নাব্যুতে কোপা ডেল রের প্রথম লেগে সেভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। জয়টা এসেছে রোনালদো-বেনজেমা-বেলকে ছাড়াই। এই নিয়ে টানা ৩৮ ম্যাচে অপরাজিত জিদানের দল। আর একটি ম্যাচে নিজেদের জাল অক্ষত রাখতে পারলেই হলো। ছুঁয়ে ফেলবে স্পেনের ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার বার্সেলোনার রেকর্ড।

জিদান নিজেও কি এতটা ভেবেছিলেন? পাওয়া না-পাওয়ার হিসাব মেলাতে চান না তিনি। অতীতে না তাকিয়ে স্বপ্ন দেখেন শুধুই সামনে এগিয়ে যাওয়ার, ‘এক বছর আগে আমাকে যখন সবার সামনে আনা হলো, আমি খুব চাপে ছিলাম। কিন্তু এখন ওসব অতীত। প্রথম বছরে এত কিছু জিতব বলে আশা করিনি। কিন্তু জয়ের চেষ্টা নিয়েই সব সময় মাঠে নামতাম।’
জিদানের সেই চেষ্টা যে দারুণ সফল, পরিসংখ্যানই তা বলে দেয়। বিশ্বের সফলতম ক্লাবটি নিজেদের দারুণভাবে ফিরে পেয়েছে। জিদানের রিয়াল ভবিষ্যতে হয়তো আরও উজ্জ্বল হবে নতুন আলোয়।
ম্যাচ ৫৪
জয় ৪১
হার ২
ড্র ১১
জিদানের তিন শিরোপা
চ্যাম্পিয়নস লিগ
২০১৫-১৬
উয়েফা সুপার কাপ
২০১৬
ক্লাব বিশ্বকাপ
২০১৬