‘খোকাবাবুদের প্রত্যাবর্তনে’ সবচেয়ে সফল জিদান
দিনের শেষে সব পাখি যেমন ঘরে ফেরে, ক্যারিয়ারের কোনো না কোনো পর্যায়ে অনেক খেলোয়াড়ও ফিরে যান সাবেক ক্লাবে। কেউ হয়তো খেলোয়াড় হয়েই, কেউ আবার কোচ কিংবা অন্য কোনো ভূমিকায়। এই যেমন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সাবেক সেন্টারব্যাক মরিসিও পচেত্তিনো সম্প্রতি কোচ হয়ে ফিরেছেন তাঁর সাবেক ক্লাবে। ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবলে পচেত্তিনোর মতো এমন আরও অনেকেই আছেন, যাঁরা এই মুহূর্তে তাঁদেরই সাবেক ক্লাবে কোচিং করাচ্ছেন। খেলোয়াড় থেকে কোচ হয়ে খোকাবাবুদের সেই প্রত্যাবর্তনের গল্পই এটা—
জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদ
খেলোয়াড় (২০০১-০৬)
কোচ (২০১৬-১৮, ২০১৯-বর্তমান)
দ্বিতীয় দফায় কোচ হয়ে ফেরার পর যখন গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে আবার লা লিগা জেতালেন, একটা প্রশ্ন জাগল অনেক ফুটবলপ্রেমীর মনে। খেলোয়াড় জিদান বেশি ভালো ছিলেন, না কোচ জিদান? খেলোয়াড় জিদান সর্বকালের সেরাদের একজন নিঃসন্দেহে। আর কোচ জিদান? রিয়ালে মাত্র বছর চারেকের কোচিং ক্যারিয়ারে তিনটি চ্যাম্পিয়নস লিগ, দুটি লা লিগা, দুটি ক্লাব বিশ্বকাপ, দুটি উয়েফা সুপার কাপ, দুটি স্প্যানিশ সুপার কাপসহ মোট ১১টি ট্রফি। দুবারই দায়িত্ব নিয়েছেন রিয়ালের একেবারে সংকটকালে। এরপর যদি কেউ জিদানকে সর্বকালের সেরা কোচদের মধ্যে রাখতে না চান, তাঁর ফুটবলবোধ নিয়ে প্রশ্ন উঠতেই পারে।
হান্সি ফ্লিক বায়ার্ন মিউনিখ
খেলোয়াড় (১৯৮৫-৯০)
কোচ (২০১৯-বর্তমান)
হান্স-ডিটার ফ্লিক যখন বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার, সেই সময়ে জার্মান বুন্দেসলিগায় চলছে তাঁর ক্লাবেরই খেলা। গত বছর যখন কোচ হয়ে ফিরলেন, বায়ার্নের সেই রাজত্ব তখনো অক্ষুণ্ন। লিগ জেতা বায়ার্নের জন্য তখনো বড় ব্যাপার ছিল না, এখনো নয়। কিন্তু কোচ ফ্লিক শুধু বায়ার্নকে লিগ জিতিয়েই থামলেন না, দায়িত্ব নেওয়ার পর প্রথম মৌসুমেই ঘরে তুললেন চ্যাম্পিয়নস লিগ, জার্মান কাপ, জার্মান সুপার কাপ এবং উয়েফা সুপার কাপও। এমন রাজকীয় প্রত্যাবর্তন আর কার আছে!
দিয়েগো সিমিওনে আতলেতিকো মাদ্রিদ
খেলোয়াড় (১৯৯৪-৯৭, ২০০৩-০৫)
কোচ (২০১১-বর্তমান)
লিগ ও কাপের ডাবল জিতে আতলেতিকো মাদ্রিদ ছাড়ার পর খেলোয়াড় হিসেবেও একবার সাবেক ক্লাবে ফিরেছিলেন ক্যারিয়ারের শেষ দিকে। তবে সেই ফেরার চেয়ে স্মরণীয় হয়ে থাকবে আতলেতিকোয় দিয়েগো সিমিওনের কোচ হয়ে ফেরাটা। গত ৯ বছরে আতলেতিকোকে লা লিগা, কোপা ডেল রে, স্প্যানিশ সুপার কাপ, দুটি ইউরোপা লিগ, দুটি উয়েফা সুপার কাপ জিতিয়েছেন। তাঁর অধীনে আতলেতিকো দুবার খেলেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালও। ট্রফি হাতে নেওয়া হয়নি এখনো, কিন্তু সিমিওনে কি এত সহজে হাল ছেড়ে দেওয়ার মানুষ!
আন্দ্রেয়া পিরলো জুভেন্টাস
খেলোয়াড় (২০১১-১৫)
কোচ (২০২০-বর্তমান)
মিলানের হয়ে সবকিছু জেতার পর যখন জুভেন্টাসে খেলার সিদ্ধান্ত নিলেন, আন্দ্রেয়া পিরলোর বয়স তখন ত্রিশের ওই পাশে, যে পাশে থাকলে ফুটবলারদের কদর কমতে থাকে। তারপরও পিরলো জুভেন্টাসে যোগ দিচ্ছেন শুনে নাকি জুভের গোলরক্ষক জিয়ানলুইজি বুফন খুশিতে বলেছিলেন, ‘ঈশ্বর বলতে তাহলে সত্যি একজন আছেন!’ পিরলো হতাশ করেননি জুভ সমর্থকদের। খেলোয়াড়ি জীবন শেষে গত বছর আবার জুভে ফিরলেন বুফনদের কোচ হয়ে। এটাই তাঁর প্রথম মৌসুম জুভের ডাগআউটে। কেমন করেন, সেটাই দেখার অপেক্ষা এখন।
উলে গুনার সুলশার ম্যানচেস্টার ইউনাইটেড
খেলোয়াড় (১৯৯৬-২০০৭)
কোচ (২০১৮-বর্তমান)
স্যার অ্যালেক্স ফার্গুসনের অবসরের পর ডেভিড ময়েস, লুই ফল হাল, জোসে মরিনিও—অনেককে দিয়েই চেষ্টা করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কিছুতেই কিছু হয়নি। অবশেষে ঘরের ছেলে উলে গুনার সুলশারকে ফেরানো হলো ২০১৮ সালে। ফার্গুসনের অধীনের প্রায় সব ট্রফি জেতা সুলশার কোচ হিসেবে এখনো কিছু দিতে পারেননি ইউনাইটেডকে। তবে এই মৌসুমে আশার ঝলক দেখাচ্ছে তাঁর দল। চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের সঙ্গে পাল্লা দিয়ে আপাতত প্রিমিয়ার লিগে দুই নম্বরে ইউনাইটেড। শেষটা রঙিন হবে তো?
ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড চেলসি
খেলোয়াড় (২০০১-১৪)
কোচ (২০১৯-বর্তমান)
১৩ বছর চেলসিতে খেলেছেন। খেলোয়াড় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চেলসির জার্সিতে জেতার বাকি ছিল না প্রায় কিছুই। ঘরের ছেলেকে চেলসি ২০১৯ সালের জুলাইয়ে কোচের দায়িত্ব দেয় একটু অস্থির সময়েই। দলবদলে নিষেধাজ্ঞা সত্ত্বেও চেলসিকে নিয়ে যান চ্যাম্পিয়নস লিগে। এবার প্রত্যাশা আরেকটু বেড়েছে সাবেক এই ইংলিশ মিডফিল্ডারের কাছে। সেটি তিনি কতটা পূরণ করতে পারেন, তার ওপর নির্ভর করছে ল্যাম্পার্ডের ঘরে ফেরাটা শেষ পর্যন্ত সুখকর হয় কি না।
মিকেল আরতেতা আর্সেনাল
খেলোয়াড় (২০১১-১৬)
কোচ (২০১৯-বর্তমান)
খেলোয়াড়ি জীবনটা শেষ করেছিলেন আর্সেনালের জার্সিতে। প্রধান কোচ হিসেবে মিকেল আরতেতার যাত্রা শুরুও আর্সেনালের ডাগআউটেই, ২০১৯ ডিসেম্বরে। শুরুতেই এফএ কাপ আর কমিউনিটি শিল্ড জিতে চমক দেখানো আরতেতার দল অবশ্য লিগে এখনো নিজেদের হারিয়ে খুঁজছে। তবে স্প্যানিশ এই মিডফিল্ডারের কোচিং ক্যারিয়ার তো সবে শুরু, আরও কিছুটা সময় তাঁকে হয়তো দেবে আর্সেনাল।
রোনাল্ড কোমান বার্সেলোনা
খেলোয়াড় (১৯৮৯-৯৫)
কোচ (২০২০-বর্তমান)
ইয়োহান ক্রুইফের অধীনে বার্সেলোনার বিখ্যাত ‘ড্রিম টিমে’ খেলেছেন। তাঁর গোলেই ১৯৯২ সালে বার্সেলোনা প্রথমবারের মতো ইউরোপ সেরা হয়। আবার লুই ফন গালের অধীনে ছিলেন বার্সেলোনার সহকারী কোচ। বার্সেলোনার অলিগলি চেনা রোনাল্ড কোমানের। শিরোপাহীন একটা মৌসুম কাটানোর পর তাই পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে কোমানকেই বেছে নিয়েছে বার্সেলোনা। মেসির দলবদল নিয়ে উত্তেজনা, সভাপতির পদত্যাগ, মাঠের বাইরের বিতর্ক সামলে দলকে পারফর্ম করানো—বেশ বড় চ্যালেঞ্জই নিয়েছেন কোমান।