জিমি-নাটক আর কত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাসপেন্ড করা হয়েছিল কি না জানি না। শাস্তি প্রত্যাহারের আবেদন করেছে কে, সেটাও জানি না
সাসপেন্ড করা হয়েছিল কি না জানি না। শাস্তি প্রত্যাহারের আবেদন করেছে কে, সেটাও জানি না

কদিন আগেও মনে হচ্ছিল তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে দাঁড়ি পড়তে চলেছে। ঘরের মাঠে আগামী ১২-২২ অক্টোবরের এশিয়া কাপের দলে তাঁকে ডাকা হয়নি। তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ, কারণ দর্শাও নোটিশ, নিষেধাজ্ঞা—এসব যেন মামুলি ব্যাপার হয়ে ওঠে। তবে ঘটনাপ্রবাহের শেষ দৃশ্যে নাটকীয় কায়দায় রাসেল মাহমুদ জিমি ফিরেছেন জাতীয় দলে। কাল বিকেলে মওলানা ভাসানী স্টেডিয়ামে কোচ মাহবুব হারুনের কাছে রিপোর্ট করেছেন। অনুশীলনে যোগ দেবেন আজ সকালে।

জিমির এই ফিরে আসাটা ব্যতিক্রম। ফেডারেশনের কয়েকজন শীর্ষ কর্মকর্তার মতে, জিমি শৃঙ্খলা ভাঙেন বারবার। ২৯ বছর বয়সী খেলোয়াড়ের ফর্মও আগের মতো নেই। তাই সিনিয়রদের হটিয়ে তরুণ একটি দল গড়ে তোলার কথা প্রকাশ্যেই বলেছেন ওই কর্তারা। কিন্তু উল্টো চিত্রই দেখা যাচ্ছে এখন। যদিও ‘জিমির কর্মকাণ্ডে নাখোশ’ কর্তারা তাঁর ফেরার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন এই প্রতিবেদকের কাছে।

তাহলে কীভাবে ফিরলেন? কোন জাদুমন্ত্রে? জিমি কাল হকি স্টেডিয়ামে দাঁড়িয়ে বললেন, ‘ফেডারেশন আমাকে নিষিদ্ধ করেছে কি না সেটাই তো জানি না। কোনো চিঠি তো পাইনি।’ সংবাদমাধ্যমে নাকি জানতে পেরেছেন শান্তি প্রত্যাহার হয়েছে। এটা জেনে বিস্মিত তিনি, ‘ফেডারেশনের ওয়ার্কিং কমিটি আমার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে। এখন শুনেছি প্রত্যাহার হয়েছে। সাসপেন্ড করা হয়েছিল কি না জানি না। শাস্তি প্রত্যাহারের আবেদন করেছে কে, সেটাও জানি না। শুধু জানি, ফেডারেশনের সভাপতি স্যার (বিমানবাহিনীর প্রধান) আমাকে ক্যাম্পে ডেকেছেন। তাঁর এই অবদান ভোলার মতো নয়।’

এবার তাঁর ফেরায় ভূমিকা রেখেছে কামরুল ইসলাম কিসমতের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। দেশে এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে জিমিকে প্রয়োজন মনে করেছে তারা। যদিও ছয় সদস্যের কমিটির চারজনই আগেরবার জিমির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এখন জিমিকে রেখে তৈরি করা সেই কমিটিরই খেলোয়াড় তালিকা অনুমোদন করেছেন ফেডারেশনের সভাপতি। তবে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক যা বলছেন তাতেই বেরিয়ে পড়ছে আসল চিত্রটা, ‘সিলেকশন কমিটি যে ওকে ডাকল, আমাকে কিছুই জানানো হয়নি। এটা ভালো কোনো উদাহরণ হয়নি।’

গত মার্চে ঢাকায় বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড শেষে জিমিকে কারণ দর্শানোর নোটিশ দেয় ফেডারেশন। ওই টুর্নামেন্টে ব্যবসা করাসহ তাঁর বিরুদ্ধে আরও কিছু অভিযোগ আনা হয়। সেসব অভিযোগ কাল অবশ্য উড়িয়ে দিলেন জিমি, ‘কোচ অলিভার কার্টজ বলতেন, জার্মানিতে কোনো হকি টুর্নামেন্ট হলে প্রচার ও প্রসারে কাজ করে খেলোয়াড়েরা। তাই তিনি আমাদের সব খেলোয়াড়কে কিছু কাজ দেন তখন। যেমন স্কুলের ছেলেদের আমন্ত্রণ জানানো, ফেসবুকের মাধ্যমে হকির প্রচার, মাঠে আসা দর্শকদের টি-শার্ট দেওয়া। প্রশিক্ষণের ফাঁকে ফাঁকে এসব করছি আমরা। আমি অধিনায়ক থাকায় আমার কাছে সব খেলোয়াড় প্রতিদিন রিপোর্ট করত। অথচ বলা হলো, আমি নাকি ঢাকা শহরে টুর্নামেন্টের পোস্টার লাগিয়েছি।’

অভিযোগ ওঠে, এসব করে জিমি ৬৫ হাজার টাকা লাভ করেছেন এবং ফেডারেশনের কর্মকর্তাদের নিয়ে বাজে মন্তব্য করেছেন সংবাদমাধ্যমে। পিআর ব্যবসায় লাভের ব্যাপারটা হেসে উড়িয়ে দিয়েছেন জিমি। দাবি করেছেন, ফেডারেশনের কারও বিরুদ্ধেও কিছু বলেননি। এ ব্যাপারে প্রমাণ চান।

এর আগে ২০১৩ সালে এশিয়া কাপে বাজে ফলের সূত্র ধরে জিমিসহ আরও কয়েকজন খেলোয়াড়কে শৃঙ্খলা ভাঙার অভিযোগ এনে জাতীয় দলে নিষিদ্ধ করে ফেডারেশন। বছরখানেক পর নিষেধাজ্ঞা তুলেও নেওয়া হয়। কিন্তু বারবারই কেন ভুল কারণে খবর হন জিমি? ‘আমিও সেই উত্তর খুঁজছি। তবে আমি অন্যায় করলে তো ফিরতে পারতাম না’—বলেন হকির দেশসেরা খেলোয়াড় জিমি।

আগামী মাসের শুরুতে চীনে প্রথমবারের মতো প্রস্তুতি ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ। দলে সঙ্গী হওয়ার আশা তো করছেনই। তাঁর বিশ্বাস, ভয়ডরহীন খেলতে পারলে কোচের চাওয়া পূরণ করে এশিয়া কাপে বাংলাদেশের ষষ্ঠ হওয়া অসম্ভব নয়। ষষ্ঠ হতে পারলে পরবর্তী এশিয়া কাপে খেলার জন্য দিতে হবে না বাছাইপর্বের পরীক্ষা। আর দলের লক্ষ্যপূরণে এশিয়া কাপে উজাড় করে দিতে চান নিজের সবটুকু। তবে তার আগে একটা প্রশ্নেরই উত্তর খোঁজেন, কেন বারবার তাঁকে নিয়ে হয় নাটক?