
জমে ওঠা টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি বাংলাদেশ। আট দলের সবাই কোয়ার্টার ফাইনালে খেলবে আগামীকাল। সেই লড়াইয়ে জিতে স্বাগতিকদের সামনে সেমিফাইনালে ওঠার সুযোগও থাকছে। বাংলাদেশ শিবিরে তবু বিদায়ের সুর। পড়ন্ত বিকেলে মওলানা ভাসানী স্টেডিয়ামে কেন এত নীরব হাহাকার?
কারণটা আর কিছু নয়। কোয়ার্টার ফাইনালে যে খেলতে হবে র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা মিসরের সঙ্গে। র্যাঙ্কিংয়ে গায়ে গায়ে থাকা ওমানের (৩১) সঙ্গেই তো কাল জিততে পারল না বাংলাদেশ (৩২)। হেরে গেল ২-৩ গোলে। সেখানে শক্তিশালী মিসরের সঙ্গে জিতবে কীভাবে! এই বাস্তবতা মেনে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের শেষ আটেই বাংলাদেশের ছুটি দেখছেন অনেকে।
বাংলাদেশ কোচ অভিভার কার্টজ সেই দলে আছেন কি না জানা গেল না। শেষ বাঁশির পর ভদ্রলোক উধাও। টিম ম্যানেজমেন্টের অন্য সদস্যরাও সাংবাদিকদের এড়িয়ে গেলেন। গোলরক্ষক জাহিদ দলের পক্ষে কথা বলতে এসে অবশ্য আশার বাতিটা জ্বালিয়েই রাখলেন, ‘আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে মিসরকে হারানোর ব্যাপারে আশাবাদী আমি।’
কিন্তু ‘সামর্থ্য অনুযায়ী খেলতে পারা’ নিয়ে প্রশ্ন আছে। বাংলাদেশের কোনো কিছু ঠিকঠাক হচ্ছে না। পাসিং, হিট, বল নিয়ন্ত্রণ, ফিটনেস কিছুই না। সব বিভাগেই বাংলাদেশকে কাল পেছনে ফেলেছে ওমান।
মিসর তো আরও ভালো দল। তাহলে? জাহিদ বলে গেলেন, ‘আফ্রিকার এই দেশটির সঙ্গে আমরা এর আগে ২০০১ সালে চ্যালেঞ্জ কাপে খেলে ২-১ গোলে হেরেছি। কাজেই আমরা পারব।’
ওমানকে হারাতে পারলে গ্রুপে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সামনে পেত তুলনামূলক সহজ দল ঘানাকে। কিন্তু ওমান তা হতে না দিয়ে জিমি-চয়নদের যন্ত্রণা বাড়িয়েই চলেছে। এই ওমান এখন বাংলাদেশের রাতের ঘুম কেড়ে নেওয়া এক দুঃস্বপ্ন। একসময় দলটিকে বলেকয়ে হারালেও কাল টানা তৃতীয় হারের তেতো স্বাদ পেল বাংলাদেশ, যেটি আবার ঘরের মাঠে প্রথম।
দুবার পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে আসার প্রতিজ্ঞায় শাণিত এই ওমান তৃতীয় গোলটি ধরে রেখেছে শেষ ৩৪ মিনিট। হকিতে মিনিটে মিনিটে গোল হতে পারে, সেখানে এত লম্বা সময় গোল ধরে রাখা দারুণ ব্যাপার। দারুণ রক্ষণের প্রমাণ। জিমি, কৌশিক, রুমানরা সমতাসূচক গোলের নেশায় ঝাঁপিয়ে খেই হারিয়েছেন। মাঝমাঠ থেকে ঠিকঠাক বল জোগান দেওয়া যায়নি। মিমো-নিলয়দের অভাব ফুটে উঠেছে আক্রমণে।
অথচ পরিকল্পিত হকি খেলা ওমান দেখিয়েছে কীভাবে পাল্টা আক্রমণে দ্রুত প্রতিপক্ষকে ধ্বংস করতে হয়! অষ্টম মিনিটে নিজেদের প্রথম পেনাল্টি কর্নারে চয়ন গড়ানো হিটে ১-০ করলেন। ১৫ মিনিটে পাল্টা আক্রমণে পেনাল্টি স্ট্রোক থেকে ১-১, গোলদাতা মোহাম্মদ জানদাল। ১৭ মিনিটে জিমির থ্রু ধরে রোমান প্রতিপক্ষের গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল পাঠালেন পোস্টে। কিন্তু আবারও পাল্টা আক্রমণে ২৫ মিনিটে মুহানা হাসানির ফিল্ড গোলে ২-২। পরের মিনিটেই আবার দ্রুত গতির পাল্টা আক্রমণে খালিদ বাতাশির গোল। এই গোল ধরে রেখে ওমান ম্যাচ শেষ করবে, তখন ভাবাই যায়নি।