ফুটবলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ চাকরিটা বোধ হয় রেফারির। নন্দ ঘোষের মতো সবকিছুর দায় এসে পড়ে কাঁধে। গত বুধবার তুরস্কের সুপার লিগে এমনই হেনস্তার শিকার হলেন রেফারি যে তাতে হস্তক্ষেপ করতে হয়েছে খোদ দেশটির রাষ্ট্রপতি রিসেপ তায়েপ এরদোয়ানকে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব ট্রাবজোনস্পোর ও গাজিয়ানটেস্পোরের ম্যাচ ২-২ সমতায় থাকা ম্যাচের শেষ মুহূর্তে একটি পেনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি কাগাতে শাহান। উল্টো খেলা চালিয়ে যান আরও কিছু সময়। ম্যাচ শেষে ক্ষুব্ধ ট্রাবজোনস্পোরের সভাপতির নির্দেশে আটকে রাখা হয় রেফারি ও তাঁর তিন সহকারীকে। তুরস্ক ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা বারবার ফোন করলেও তাঁদের ছাড়েনি কৃষ্ণসাগর তীরের ক্লাবটি। চার ঘণ্টা এভাবে জিম্মি থাকার পর অবশেষে রাষ্ট্রপতি এরদোয়ান ফোন করলে মুক্তি পান রেফারিরা। চলে যাওয়ার সময় পুলিশি প্রহরার মুখেও ট্রাবজোনস্পোরের সমর্থকদের ঢিল পড়েছে তাঁদের গায়ে। এএফপি।