জিরুর সুসময়ে আর্সেনালে সুবাতাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচ শেষ। দলের জয় আর নিজে গোল করার আনন্দে ক্যামেরাকে ভেংচি কাটলেন অলিভিয়ের জিরু। পরশু ভিলা পার্কে l রয়টার্স
ম্যাচ শেষ। দলের জয় আর নিজে গোল করার আনন্দে ক্যামেরাকে ভেংচি কাটলেন অলিভিয়ের জিরু। পরশু ভিলা পার্কে l রয়টার্স

চার দিন আগে অলিম্পিয়াকোসের বিপক্ষে সেই হ্যাটট্রিকের স্মৃতি টাটকাই ছিল। যে হ্যাটট্রিক একেবারে খাদের কিনার থেকে আর্সেনালকে পৌঁছে দিয়েছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে। তবে অলিভিয়ের জিরু পরশু রাতে শুধু সেই স্মৃতি নিয়ে মাঠে নামলেন না, সঙ্গে নিয়ে এলেন ফর্মটাও। যার ফল, ভিলা পার্কে অ্যাস্টন ভিলার বিপক্ষেও পেনাল্টি থেকে আরেকটি গোল করলেন। সঙ্গে অ্যারন রামসের আরও এক গোল মিলিয়ে আর্সেনাল জিতল ২-০ ব্যবধানে। যে জয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানও পুনরুদ্ধার করেছে আর্সেনাল।
এই জয়ে ১৬ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৩৩। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলা লেস্টার সিটির পয়েন্টও ৩২। তাই গত রাতে চেলসির বিপক্ষে জয় পেয়ে থাকলে শীর্ষস্থানটা আবার লেস্টারের কাছে চলে যাওয়ার কথা।
পরশুর গোলটা প্রিমিয়ার লিগে জিরুর ৫০তম। আর্সেনালের সপ্তম খেলোয়াড় হিসেবে এই মাইলফলক ছুঁলেন ফরাসি স্ট্রাইকার। এ জন্য তাঁকে খেলতে হয়েছে ১১৩ ম্যাচ। আর্সেনালের হয়ে জিরুর চেয়ে প্রিমিয়ার লিগে দ্রুত ৫০ গোল করেছেন শুধু থিয়েরি অঁরি (৮৩ ম্যাচ) ও ইয়ান রাইট (৮৭ ম্যাচ)।
ক্লাবের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১৩ ম্যাচে এটি তাঁর ১১তম গোল। প্রতিপক্ষের মাঠে সর্বশেষ ৯ ম্যাচে করেছেন ৯ গোল। দুর্দান্ত ফর্মে থাকা ফরাসি স্ট্রাইকারের প্রশংসায় তাই উচ্চকণ্ঠ কোচ আর্সেন ওয়েঙ্গার, ‘আমার মনে হয় অলিভিয়ের তার সেরা ফর্মে আছে। তাকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছে আগে, কিন্তু পরিসংখ্যানই বলছে সে দারুণ খেলোয়াড়।’
গত মৌসুমে ক্লাবের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৩৬ ম্যাচ খেলে করেছিলেন ১৯ গোল। কিন্তু এ মৌসুমে এরই মধ্যে ২৪ ম্যাচে ১৪ গোল হয়ে গেছে। দলেও যে গুরুত্ব বেড়েছে, সেটা তো কোচ ওয়েঙ্গারই বললেন, ‘ও টেকনিক্যালি আগের চেয়ে অনেক উন্নতি করেছে, খেলা ভালো হয়েছে। ওর হয়তো ত্বরিত গতি নেই, কিন্তু সে খুবই কার্যকর এবং মানসিকভাবেও শক্ত।’
একই রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানে ইব্রাহিমোভিচের জোড়া গোলে অলিম্পিক লিঁওকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পিএসজি। লিগে ১৮ ম্যাচে এটি পিএসজির ১৫তম জয়, ড্র ৩টি। ৪৮ পয়েন্ট নিয়ে শুধু লিগ ওয়ানের শীর্ষেই নয়, ইউরোপের সেরা ৫টি লিগে এ পর্যন্ত একমাত্র অপরাজিত দলও। সিরি ‘আ’তে মানজুকিচ, কুয়াদ্রাদো ও দিবালার গোলে ফিওরেন্টিনাকে ৩-১-এ হারিয়েছে জুভেন্টাস। লিগে শুরুর দিকের বাজে সময়টা কাটিয়ে ওঠা জুভেন্টাসের এটি টানা ষষ্ঠ জয়। এএফপি।