জীবনটাই কাটিয়ে দিলেন এক ক্লাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিনি আবাহনীর সবার কাছে সুবাদ দা। ছবি: প্রথম আলো
তিনি আবাহনীর সবার কাছে সুবাদ দা। ছবি: প্রথম আলো

নাম তাঁর সুবাস সোম। কাজেও ‘সুবাস’ ছড়ান। ৪২ বছর ধরে একটানা আবাহনীতে ‘সুবাস’ ছড়িয়ে যাচ্ছেন সুবাস সোম।
আবাহনীর সঙ্গে দীর্ঘ ৪২ বছর ভ্রমণ করে ফেললেন বরিশালের গৌরনদী থেকে উঠে আসা এই মানুষটি। চুয়াত্তরে একটা ইনডেনটিং ফার্মে চাকরি নিয়েছিলেন ২১-২২ বছরের তরুণ। ওই প্রতিষ্ঠান ছিল শেখ কামালের এক বন্ধুর। সেই সুবাদে ওখানে যাতায়াত ছিল আবাহনী প্রতিষ্ঠাতার। তরুণ সুবাসে মুগ্ধ হয়ে দেখে বন্ধুকে কামাল বললেন, ‘আবাহনীর জন্য দুই–তিনজন ম্যানেজার নিয়ে কাউকে পছন্দ হচ্ছে না। সুবাস বাবুকে আমি আবাহনীতে নিতে চাই।’ বন্ধু রাজি হলেন, ‘ঠিক আছে, নাও।’
সুবাস আবাহনীর ম্যানেজার হিসেবে যোগ দিলেন সেই চুয়াত্তরে। উনআশিতে বিয়ে করে অব্যাহতি চাইলেও পাননি। ১৯৯১ সালে ক্লাব লিমিটেড কোম্পানি হলে ম্যানেজার থেকে হলেন জেনারেল ম্যানেজার। পদ একই হলেও দায়িত্ব বাড়ল। আগে খণ্ডকালীন চাকরি করতেন, সেটিও ক্লাবেরই কোনো কর্মকর্তার প্রতিষ্ঠানে। তবে ১৯৯১ থেকে আবাহনীই তাঁর একমাত্র কর্মস্থল।
এই ৪২ বছরে আবাহনীতে অনেক কোচ এসেছেন। খেলোয়াড়েরা সংখ্যা তো অগুনতি। আসা–যাওয়ার মিছিল দেখেছেন, ক্লাবের ভালো-খারাপ সময়ের সাক্ষী। তবে পেছনে তাকিয়ে তাঁর মনে পড়ে শেখ কামালের কথা, ‘কামাল ভাইয়ের জন্যই আবাহনীর বন্ধনে জড়ালাম। পঁচাত্তরে আমাকে নিয়োগপত্র দিলেন, যা আজও যত্ন করে রেখেছি।’
আবাহনী ক্লাবে বসে শেখ কামালের প্রতিকৃতি দেখিয়ে বলেন, ‘এই মানুষটি ছিলেন অসাধারণ। তাঁর সঙ্গে কাজ করা অনন্য এক অভিজ্ঞতা।’ উঠে আসে সেই গল্প, বঙ্গবন্ধুর সপরিবারে হত্যাকাণ্ডের পর ক্লাব ভবন আক্রমণ হলো। খেলোয়াড়েরা ভয়ে ক্যাম্পে এলেন না। সুবাস যেন এখনো শিউরে ওঠেন পঁচাত্তর–পরবর্তী সেই দুঃসময়ের কথা ভেবে, ‘এক কর্মকর্তার বাসায় বসে সব পুনর্গঠন করা হলো। সবাই আমরা স্টেডিয়ামে গেলাম। পুলিশের আইজি ছিলেন রকিব খন্দকার। তিনি সাহস দিলেন। বললেন, ভালো খেলো। তখন থেকে আবাহনীর সমর্থকও তৈরি হতে থাকল।’
তাঁর মনে পড়ে শেখ কামালের সেই তাঁর কর্মযজ্ঞ, আবাহনীর জন্য তহবিল সংগ্রহে পঁচাত্তরে সার্কাস পার্টি করলেন মানিকগঞ্জ, ঢাকার কমলাপুর আর সোহরাওয়ার্দী উদ্যানে। সুবাসের ওপর দিলেন দায়িত্ব দিলেন। পেছনে তাকিয়ে আপ্লুত সুবাস, ‘কামাল ভাই আমাকে ভালোবাসতেন, বিশ্বাস করতেন।’

সেই বিশ্বাস আজও ধরে রেখেছেন। ক্লাবে যখন যাঁরাই পরিচালনা পর্ষদে এসেছেন, তাঁদের সঙ্গে কাজ করে আস্থাভাজন হয়েছেন সবার। আবাহনীর ফুটবল ম্যানেজার সত্যজিৎ দাশ রুপুও সেটাই বলছেন,‘ সুবাস দা দায়িত্ব নিয়ে কাজ করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে ক্লাবের প্রশাসনিক কাজটা সাবলীলভাবে করতে পারেন। এভাবেই তিনি ক্লাবের সঙ্গে একাত্ম হয়ে গেছেন।’
এ কারণেই আবাহনীর বিষয়ে কিছু জানতে চাইলে কর্মকর্তারা দেখিয়ে দেন সুবাস সোমকে, ‘...ওটা তো সুবাস বাবু বলতে পারবেন।’
কাজের সূত্রেই আবাহনী ফুটবল দলের সঙ্গে মাঠে এসে টেন্টে বসেন চুয়াত্তর থেকেই। আকাশি নীলের সবচেয়ে বেশি ম্যাচ দেখা দর্শকও সম্ভবত তাঁকে বলা যেতে পারে। পারফরম্যান্স ভালো-খারাপ যা–ই হোক, মাঠে তিনি থাকবেনই। বাসটা ঠিকমতো এল কি না, খাবারের কী হবে, জার্সিটা ঠিকমতো আনা হয়েছে তো? এসব প্রশাসনিক কাজ এখনো দেখভাল করেন। ক্লাবের প্রশাসনিক কাঠামো বড় হয়েছে। ২১ জন কর্মী আছেন, যাঁদের প্রধান সুবাস সোম।
আবাহনীর জার্সি গায়ে কত কত খেলোয়াড় জীবন গড়েছেন, বাড়ি-গাড়ি–ব্যবসা খুলেছেন। কিন্তু সুবাসের জীবনে সচ্ছলতা আসেনি। আবাহনী থেকে মাস শেষে বেতন পান, ব্যস একটুই। কোনো গ্র্যাচুইটি নেই, নেই কোনো প্রভিডেন্ট ফান্ড বা অন্য কিছু। এখন আবাহনী ছাড়লে আর্থিকভাবে আইনগতভাবে কিছু দাবি করতে পারবেন না। কোনো ক্লাবেই আসলে কর্মীদের জন্য স্থায়ী বেতন কাঠামো গড়ে ওঠেনি।
তাই বলে জীবন থেমে থাকে না। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলে চাকরি করে। তিনি নিজে পঁয়ষট্টিতে পা দিয়েছেন, এখন চান বাকি জীবন সুন্দরভাবে কাটানোর নিশ্চয়তা।
কিন্তু বয়সের কারণে একসময় অবসর নিতেই হবে। তখন যদি ক্লাব তাঁকে না দেখে! কিন্তু সুবাসের বিশ্বাস, ‘এই ক্লাবে কাটিয়ে দিলাম ৪২টি বছর। আমার জীবনের আর্থিক নিরাপত্তা ক্লাব না দেখলে কে দেখবে! আমার বিশ্বাস ক্লাব সেটা করবে।’ এই বিশ্বাস আছে বলেই ফেলে আসা দিন নিয়ে কোনো আফসোস নেই। ঘোড়াশাল সার কারখানা ও সমবায় সদনে চাকরি পেলেও ক্লাব তাঁকে ছাড়েনি।
একবার এবি ব্যাংকে চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে দেখেন সেখানে বসে আবুল খায়ের লিটু। তিনি তখন আবাহনীর চেয়ারম্যান। সুবাস পেছনে তাকান, ‘লিটু ভাই আমাকে দেখে বললেন, তোমার এখানে চাকরি করতে হবে না। আবাহনীতে আছো, ওখানেই থাকো।’
এভাবেই থেকে গেলেন। প্রাপ্তির হিসাব না করে থাকবেন আরও। ছড়াতে চান আরও সুবাস।