জুনাপিওতে জিতল রহমতগঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাসের ব্যবধানে উল্টো দৃশ্য শহরে। ফুটবল নিয়ে ময়মনসিংহবাসীর উন্মাদনা কর্পূরের মতো উধাও। গত আগস্টে ময়মনসিংহে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম পর্বে ছিল জমজমাট প্রচারণা। শহরের মোড়ে মোড়ে, অলিগলিতে ছিল বিপিএলের পোস্টার, ব্যানার। চায়ের কাপের আলোচনাতেও জায়গা পেয়েছিল বিপিএল। কিন্তু কাল দুপুরে শহরে ঢোকার পর সেভাবে চোখেই পড়েনি কোনো পোস্টার-ব্যানার। শুধু ত্রিশাল বাসস্ট্যান্ড মোড়ে দেখা গেল একটি ব্যানার, বিপিএলকে স্বাগত জানিয়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের শুভেচ্ছাবাণী।
প্রথম পর্বের চেয়ে ময়মনসিংহে টিকিটের মূল্য এবার কম। ৪৫ টাকার সাধারণ গ্যালারির টিকিটের দাম কমিয়ে করা হয়েছে ২০ টাকা। র্যাফল ড্রয়ের মাধ্যমে দেওয়া হচ্ছে আকর্ষণীয় পুরস্কার। কিন্তু স্টেডিয়ামে ঢোকার মুখে দাঁড়ানো টিকিট বিক্রেতার চেহারায় তারপরও হতাশার ছায়া। মুখে শুকনো হাসি টেনে এক টিকিট বিক্রেতা বললেন, ‘এবার তুলনামূলক কম প্রচারণা হচ্ছে বলেই খেলায় কেউ আগ্রহ দেখাচ্ছে না।’
তবে স্থানীয় লোকজনের দাবি, স্কুল-কলেজের পরীক্ষা দোরগোড়ায় বলে দর্শক মাঠে আসছে না। স্থানীয় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি ওমর হায়াত খান দেখছেন অন্য কারণ, ‘দর্শক কম আসার অন্যতম কারণ এ মুহূর্তে ক্রিকেটের বিপিএল চলছে। তারপরও আমরা আগামীকাল স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের মাঠে আনার চেষ্টা করব।’
ময়মনসিংহে দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচটি নিয়ে স্থানীয় লোকজনের উৎসাহে যতই ভাটা পড়ুক, ঢাকা থেকে রহমতগঞ্জের একদল সমর্থক এসে মাতিয়ে রাখেন রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের গ্যালারি। তা ময়মনসিংহে আসার কষ্টটা তাঁদের বিফলে যায়নি। দিন শেষে জয়ের আনন্দ নিয়েই ফিরেছেন ঢাকায়।
সিও জুনাপিওর একমাত্র গোলে চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডিকে হারিয়েছে রহমতগঞ্জ। টানা তিন ম্যাচ হেরে যেভাবে পাতানো খেলার সমালোচনার তিরে বিঁধছিল ছন্দে থাকা রহমতগঞ্জ, তাতে এই জয়টা তাদের জন্য ‘অক্সিজেন’ হয়েই ধরা দিল। ফুটবলার-কর্মকর্তাদের বুকের পাথরভারও সরিয়ে দিল এই জয়।
শেখ জামালের বড় অস্ত্র ওয়েডসন আনসেলমে যোগ দিয়েছেন কলকাতার ক্লাব ইস্টবেঙ্গলে। ওয়েডসন যাওয়ার পর থেকেই ধুঁকছে দলটি। দ্বিতীয় পর্বের তিন ম্যাচে মাত্র একটি জয়! ল্যান্ডিং ও এমেকা জ্বলে উঠলে শেখ জামাল জেতে। কিন্তু কাল এ দুজন সারাক্ষণ হন্যে হয়ে খুঁজে বেড়িয়েছেন গোলমুখ।
তুলনায় দ্বিতীয়ার্ধে বেশি আক্রমণাত্মক খেলার ফল পেয়েছে রহমতগঞ্জ। ৬৮ মিনিটে ফয়সালের কর্নার থেকে উড়ে আসা বল জটলার মধ্যে পড়ে, সিও জুনাপিও আলতো টোকায় করেন ১-০। ভাগ্যদোষেই গোলটা শোধ করতে পারেনি শেখ জামাল। দুর্ভাগ্য আসলে ল্যান্ডিংয়ের। ৭৪ মিনিটে ক্রসবারে লেগে ফেরে তাঁর ফ্রি-কিক! বাকি সময় অবশ্য চেষ্টা করেও আর কেউ গোল পায়নি। এই জয়ে ১৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তিনে উঠল রহমতগঞ্জ। ২২ পয়েন্ট নিয়ে চারে শেখ জামাল।
জয়ের পর উচ্ছ্বসিত কামাল বাবু পাতানো খেলা নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে বললেন, ‘আবারও বলছি, আমাদের কোচ-কর্মকর্তা, খেলোয়াড় কেউ পাতানো খেলায় জড়িত না। পাতানো খেলার প্রশ্নই ওঠে না আমাদের। আসলে গত দুই ম্যাচ বাজেভাবে হেরেছিলাম। গোলরক্ষক বাজে গোল খেয়ে হারিয়েছে, কিছু ফুটবলার অনিয়ম করেছিল। আশা করি, বাকি ম্যাচগুলোয় এভাবে ঘুরে দাঁড়াব।’