জুনিগার সঙ্গে দেখা হলে কী বলবেন নেইমার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমারের মেরুদণ্ডে জুনিগার সেই আঘাত। ছবি: রয়টার্স
নেইমারের মেরুদণ্ডে জুনিগার সেই আঘাত। ছবি: রয়টার্স

মাঝ মাঠে নেইমারের কাছে থেকে বল দখল নিতে লাফিয়ে উঠেছিলেন হুয়ান ক্যামিলো জুনিগা। কলম্বিয়ার এই ডিফেন্ডারের হাঁটুর আঘাতে ম্যাচের ৮৮ মিনিটে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয় নেইমারকে। সেখান থেকে সোজা ফোর্তালেজা হাসপাতালে।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বিশ্বকাপ মিশন আকস্মিকভাবেই শেষ! দু মাসের ব্যবধানে আবারও সেই কলম্বিয়ার মুখোমুখি ব্রাজিল। আরেকভাবে বললে, সেই জুনিগার মুখোমুখি নেইমার! সমর্থকদের কৌতূহল, মায়ামিতে দেখা হলে কী কথা হবে দুজনের?
উত্তর আপাত-অজানা। তবে এরই মধ্যে নেইমারকে প্রশংসায় ভাসিয়েছেন জুনিগা। ‘গ্লোবোস্পোর্তে ডটকম’কে বলেছেন, ‘সে অনেক উদার। একটি মানুষের এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেদিন মাঠে যা ঘটেছিল, তার পেছনে কোনো উদ্দেশ্য ছিল না। এখন ব্রাজিল-কলম্বিয়ার ম্যাচ নিয়েই ভাবাটা গুরুত্বপূর্ণ। ব্রাজিল সেরা দল। অনেক সেরা খেলোয়াড় রয়েছে দলটিতে।’ অবশ্য সে ঘটনার পর নেইমারও কোনো রাগ-ক্ষোভ পুষে রাখেননি বলে জানিয়েছেন বেশ কবার। কদিন আগে রসিকতা করে সতীর্থ রবিনহোর সঙ্গে জুনিগাকে তো ‘আইস বাকেট চ্যালেঞ্জ’ ছুড়ে দিয়েছেন বার্সা ফরোয়ার্ড!
চোটের কারণে এ ম্যাচে নেই নিয়মিত অধিনায়ক থিয়গো সিলভা। দলপতির দায়িত্ব পালন করতে যাচ্ছেন নেইমার। এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা। সূত্র: গার্ডিয়ান ও গ্লোবোস্পোর্তে ডটকম।