জুনেই চুক্তি শেষ এনরিকের, এরপর?

প্রথম মৌসুমে যেন ‘এলেন, দেখলেন, জয় করলেন’। ওই মৌসুমে ত্রিমুকুট জিতেছিলেন, পরের মৌসুমে অবশ্য চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি। তবে লুইস এনরিকে নিজের প্রথম দুই মৌসুমেই যা করেছেন, বার্সেলোনা তাঁকে ছাড়তে চাওয়ার কোনো কারণ নেই। কিন্তু পরের বছরের জুনেই বর্তমান চুক্তি শেষ হয়ে যাচ্ছে এনরিকের। এরপর কী হবে?
বার্সা অবশ্য এটা নিয়ে খুব একটা দুশ্চিন্তা করছে না। চুক্তি নবায়ন করার জন্য এই মৌসুম পুরোটাই পড়ে আছে, তাদের ভাবনা এমন। ক্লাবের সহসভাপতি জর্দি মেস্ত্রে আভাস দিয়েছেন, জানুয়ারির দিকে এনরিকের সঙ্গে চুক্তি নবায়ন করতে পারে বার্সা, ‘আমাদের এই মুহূর্তে তেমন কোনো তাড়া নেই। আমার মনে হয়, এনরিকেরও খুব একটা নেই। সময় হলেই আমরা কথা বলব। সেটা হয়তো জানুয়ারির দিকে হতে পারে।’ কিন্তু এনরিকে যদি চুক্তি নবায়ন করতে রাজি না হন? মেস্ত্রে জানিয়ে রাখলেন, যেকোনো কিছুর বিনিময়েও বার্সা এই কোচকে ধরে রাখতে চাইবে, ‘প্রথম মৌসুমে ত্রিমুকুট জেতার পর তিনি পরেরবারও দুটি শিরোপা জিতেছেন। আর ইউরোপিয়ান সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ তো আছেই। খেলোয়াড়েরাও তাঁকে নিয়ে খুশি। তিনি শিরোপা জিতেছেন, শহরটা ভালোবাসেন, ক্লাবেও সুখী—কেন তিনি ছাড়বেন? আর লুইস এনরিকেই আমাদের প্রথম পছন্দ; দ্বিতীয় ও তৃতীয় পছন্দও এনরিকে।’