জুভ ছেড়ে মিলানে বোনুচ্চি!
সাত বছর ধরে জুভেন্টাসের প্রতীক হয়ে থাকা ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি কিনা যোগ দিচ্ছেন জুভেন্টাসেরই প্রতিদ্বন্দ্বী এসি মিলানে! ‘আমি ভাবতেই পারিনি এমন কিছু হবে। প্রথমে ভেবেছিলাম কেউ মজা করছে। খবরটা চমক হয়েই এসেছে’—আলেসান্দ্রো দেল পিয়েরোর কথাগুলোতেই অবিশ্বাসটা স্পষ্ট। বিশ্বাস হবেই বা কী করে?
ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর, চুক্তি প্রায় চূড়ান্ত। এই সপ্তাহান্তেই হয়তো আনুষ্ঠানিক ঘোষণা আসবে। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডারের জন্য মিলানের খরচ হচ্ছে ৪০ মিলিয়ন ইউরো। অবশ্য এতেই ইতালিয়ান ফুটবলে সবচেয়ে দামি ডিফেন্ডার বনে যাচ্ছেন ৩০ বছর বয়সী বোনুচ্চি। সিরি আ-তে সবচেয়ে বেশি বেতনভোগীও নাকি হচ্ছেন বোনুচ্চিই।
তা জুভেন্টাস তাঁকে ছাড়ছে কেন? কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রির সঙ্গে বনাবনি না হওয়াই মূল কারণ। গত ফেব্রুয়ারিতে লিগে পালের্মোর বিপক্ষে ম্যাচে দুজনের ঝামেলা লেগেছিল, আর এ জন্যই চ্যাম্পিয়নস লিগে পোর্তোর বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগে বোনুচ্চিকে দলে রাখেননি অ্যালেগ্রি। গুঞ্জন আছে, চ্যাম্পিয়নস লিগ ফাইনালের প্রথমার্ধে পাওলো দিবালার পারফরম্যান্স নিয়েও বিরতিতে বোনুচ্চি ও দানি আলভেসের সঙ্গে লেগে গিয়েছিল অ্যালেগ্রির।
তাতে লাভ হলো মিলানের। অবশ্য নতুন চীনা মালিকানায় এই মৌসুমে যেন জেগে উঠতে চাইছে মিলান। ১০০ মিলিয়ন ইউরোরও বেশি খরচে পর্তুগিজ স্ট্রাইকার আন্দ্রে সিলভা, সুইস লেফটব্যাক রিকার্দো রদ্রিগেজ, তুর্কি মিডফিল্ডার হাকান সালহানোগলু, ইতালিয়ান রাইটব্যাক আন্দ্রিয়া কন্তি ও আর্জেন্টাইন ডিফেন্ডার মাতেও মুসাচ্চিওদের আগেই নিয়ে এসেছিল। কাল বোনুচ্চির পাশাপাশি আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডার লুকাস বিলিয়াকে নিয়ে আসাও প্রায় চূড়ান্ত করে ফেলেছে। গার্ডিয়ান।