জুভকে ভোলেননি দেল পিয়েরো
ক্যারিয়ারের দীর্ঘ ১৯টি বছর কাটিয়েছেন জুভেন্টাসে। তুরিনের ক্লাবটির রেকর্ডের পাতায় পাতায় আলেসান্দ্রো দেল পিয়েরোর নাম। দেল পিয়েরোও নিজেকে জুভেন্টাসের অবিচ্ছেদ্য অংশই মনে করেন। পরশু নিজেই বললেন, জুভেন্টাস তাঁর জীবনের অংশ। যেখানেই যান, এখনো নিজেকে জুভেন্টাসের একজনই ভাবেন। তবে এখন তাঁর লক্ষ্য একটাই—দেখে, বুঝে, জেনে ভারত সম্পর্কে জ্ঞান লাভ করা। শিশুরা যেভাবে সবকিছু বুঝতে চায়, ঠিক সেভাবেই ভারত সম্পর্কে জ্ঞানার্জন করতে চান।
ইতালির বিশ্বকাপজয়ী ফুটবলারের হঠাৎ করে ভারত নিয়ে পড়ার কারণটাও অনুমেয়। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ভারতের সুপার লিগে (আইএসএল) খেলতে জুভেন্টাস কিংবদন্তি এখন ভারতে। নাম লিখিয়েছেন দিল্লি ডাইনামোসে। যে লিগে খেলবেন, তার প্রশংসা না করলে চলে! ৩৯ বছর বয়সী দেল পিয়েরো বললেন, আইএসএল ভারতের ফুটবলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। উন্নতি হবে ভারত জাতীয় দলের, ‘আমি ভারতের খেলা কখনোই দেখিনি। তবে আমি আমার সতীর্থদের সঙ্গে কথা বলে অনেক কিছুই জানতে পারব। আশা করি, আইএসএল জাতীয় দলের উন্নতিতে সাহায্য করবে।’
দুই বছর আগে জুভেন্টাস ছেড়ে যোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়ার এ লিগের দল সিডনি এফসিতে। বললেন, জুভেন্টাস ছাড়ার সিদ্ধান্তটা সহজ ছিল না মোটেও, ‘এটা সত্যিই কঠিন ছিল, ওই ১৯টি বছর আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এমনকি এখনো জুভেন্টাস আমার জীবনের অংশ। এটা আমার বাড়ি। আমি আবার তুরিনে ফিরব।’ আইএএনএস।