জুভদের চোখ এখন শিরোপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুষ্টিবদ্ধ হাত, সতীর্থদের সঙ্গে নিয়ে জুভেন্টাস গোলকিপার বুফনের উদ্‌যাপন। পরশু জুভেন্টাস স্টেডিয়ামে নাপোলির বিপক্ষে জয়ের পর l রয়টার্স
মুষ্টিবদ্ধ হাত, সতীর্থদের সঙ্গে নিয়ে জুভেন্টাস গোলকিপার বুফনের উদ্‌যাপন। পরশু জুভেন্টাস স্টেডিয়ামে নাপোলির বিপক্ষে জয়ের পর l রয়টার্স

লিগে এখনো ১৩ ম্যাচ বাকি। নাপোলি মাত্র ১ পয়েন্ট পিছিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। এখনই ইতালিয়ান লিগের শিরোপা জুভেন্টাসের হাতে দেখা কি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায় না? এমন উচ্চাশা বর্তমান পরিস্থিতির সঙ্গে হয়তো যায় না, তবে গত পরশু ঘরের মাঠে নাপোলিকে ১-০ গোলে হারিয়ে শিরোপাদৌড়ে মানসিকভাবে অনেকটা এগিয়ে গেছে জুভেন্টাস।
এ ধরনের ম্যাচগুলোকেই সাধারণত ‘সিক্স পয়েন্টার’ বলে। ম্যাচের আগে জুভেন্টাসের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে নাপোলিই ছিল শীর্ষে। জিতলে ৫ পয়েন্ট এগিয়ে যেত। কিন্তু ৮৮ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া সিমোনে জাজার শটটিই উল্টো নিশ্চিত করে দেয় গঞ্জালো হিগুয়েইনের দলের ১ পয়েন্টে পিছিয়ে পড়া। নাপোলির ভাগ্য খারাপ, শটটা জালে জড়ানোর আগে নিজেদেরই এক ডিফেন্ডারের গায়ে লেগে যায়।
তবে দুর্ভাগ্যজনক হারটিকে বড় ধাক্কা হিসেবে নিচ্ছেন না নাপোলি কোচ মরিজিও সারি। বরং দলের পারফরম্যান্সে বেশ গর্বিত ইতালিয়ান কোচ, ‘ইউরোপে খুব কম দলই আছে যারা জুভেন্টাসের মাঠে এসে সমানে সমানে লড়তে পারে, আমরা ঠিক তা-ই করেছি।’
নাপোলি ভালো খেলায় তৃপ্তি পাচ্ছে, জুভেন্টাসের তো এখন সপ্তম স্বর্গে ভাসার কথা। মৌসুমের প্রথম ১০ ম্যাচ শেষে যারা শীর্ষ দলের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে ছিল, সেই জুভেন্টাসই এখন টানা ১৫ জয়ে সবার ওপরে। এই স্বপ্নযাত্রায় কি আসছে টানা পঞ্চম স্কুডেট্টো? কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রিও স্বপ্ন বুনছেন শিরোপার, ‘ম্যাচটিতে কৌশলের লড়াই ছিল। আমাদের দেখানো দরকার ছিল যে, শিরোপা জয়ের সামর্থ্য আমাদের আছে। ছেলেরা ভালোই করেছে। এখনো অনেক ম্যাচ বাকি, তবে মানসিকভাবে শিরোপা জয়ের পথে একটা গুরুত্বপূর্ণ ধাপ পেরোলাম।’
জুভেন্টাসের জয়ের নায়ক জাজার কণ্ঠেও একই সুর, ‘আশা করি, আমার গোলটাই শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন পুরো বিষয়টাই নির্ভর করছে আমরা কী করি তার ওপর। যদি এভাবেই খেলে যেতে পারি, তাহলে কেউ আমাদের ধরতে পারবে না।’ রয়টার্স।