জুভদের হাতছানি দিচ্ছে ত্রিমুকুট

ব্যাপারটা একটু বিস্ময়েরই বটে। টানা চার মৌসুমে যে দল সিরি ‘আ’তে একরকম বলেকয়ে চ্যাম্পিয়ন হয়েছে, তারাই কিনা ২০ বছর ইতালিয়ান কাপ জেতেনি! পরশু লাৎসিওকে ২-১ গোলে হারিয়ে অবশেষে জুভেন্টাসের সেই খরা ঘুচল। ২০ বছরের মধ্যে প্রথম জিতলেও এখন পর্যন্ত জুভেন্টাসই সবচেয়ে বেশি এই শিরোপা জিতেছে (১০ বার)। এবারের জয়ের সবচেয়ে বড় তাৎপর্য, জুভেন্টাসের সামনে এখন সুযোগ ঐতিহাসিক শিরোপাত্রয়ী জেতার। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল তো জুভেন্টাসকে হাতছানি দিয়ে ডাকছে!
দীর্ঘ অপেক্ষার জয়টা অবশ্য এসেছে অনেক কাঠখড় পুড়িয়েই। ম্যাচের ৪ মিনিটেই স্টেফান রাদুর হেডে এগিয়ে যায় লাৎসিও। সেটার জন্য জর্জো কিয়েলিনির যদি কিছু দায় থেকে থাকে, ১০ মিনিটে ‘প্রায়শ্চিত্ত’ করেছেন জুভেন্টাস ডিফেন্ডার। আন্দ্রেয়া পিরলোর কর্নার থেকে পল পগবা হেড করেছিলেন। তা থেকে ব্যাকভলিতে সমতা এনেছেন কিয়েলিনি। এরপর নির্ধারিত সময়ে দুই দলই সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছে ১-১ গোলে। ৯৬ মিনিটে বদলি আলেসান্দ্রো মাত্রির গোলে শেষ পর্যন্ত জয় পায় জুভেন্টাস।
অনেক দিনের অপেক্ষার শিরোপা এনে দিতে পেরে আলেগ্রি স্বাভাবিকভাবেই ভেসে গেলেন উচ্ছ্বাসে, ‘গত ২০ বছরে এটা আমাদের প্রথম ট্রফি, অবশ্যই এটা আমাদের জন্য বিশেষ কিছু।’ সামনে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ছাড়া আর কিছুই নেই। সেটি জিততে পারলে মৌসুমটা সত্যিকার অর্থেই স্মরণীয় হয়ে থাকবে জুভদের জন্য। আলেগ্রিকেও কথা বলতে হলো সেই ফাইনাল নিয়ে। যা বললেন, সেটি অনুমিতই ছিল, ‘এখন আমাদের ৬ জুন পর্যন্ত মনোযোগটা রাখতে হবে। লিগ ও কাপ জিতে আমরা বার্লিনে যাচ্ছি। তবে বার্সেলোনাও আমাদের মতোই দুর্দান্ত ফর্মেই আছে।’ এএফপি।