জুভেন্টাস কোচই জানিয়ে দিলেন, রোনালদো জুভেন্টাসে থাকছেন না

জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদোফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সকাল থেকে শোনা যাচ্ছিল, জুভেন্টাসের আজকের অনুশীলনে থাকছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। তখনই ধরে নেওয়া যাচ্ছিল, জুভেন্টাসের জার্সিতে আর অনুশীলনই করা হচ্ছে না রোনালদোর। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, রোনালদো স্থানীয় সময় সকাল সাড়ে দশটার দিকে জুভেন্টাসের অনুশীলন মাঠে এসে সতীর্থদের বিদায় জানিয়েই চলে গেছেন। এর আগে গতকাল স্কাই স্পোর্টস জানিয়েছে, গতকালই রোনালদো ড্রেসিংরুমে নিজের লকার থেকে সবকিছু সরিয়ে নিয়ে গেছেন।

অবশেষে সব গুঞ্জনের শেষ টেনে দিলেন জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিই। এম্পোলির বিপক্ষে লিগে কাল খেলবে জুভেন্টাস, তার আগে সংবাদ সম্মেলনে আজ স্বাভাবিকভাবেই রোনালদোকে ঘিরেই অনেক প্রশ্ন ছিল। সংবাদ সম্মেলনের শুরুতেই তাই আলেগ্রি আর রাখঢাক রাখলেন না। জানিয়ে দিলেন, রোনালদো জুভেন্টাসে আর থাকছেন না।

‘গতকাল ক্রিস্টিয়ানো আমাকে জানিয়েছে ওর আর জুভেন্টাসের হয়ে খেলার ইচ্ছা নেই। সে কারণে ওকে আগামীকালের ম্যাচের দলে রাখা হয়নি। এখন চলুন আমরা এম্পোলিকে নিয়ে কথা বলি’—সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন আলেগ্রি।

তবু কী আর কথা থামে! ক্রিস্টিয়ানো রোনালদো নামের মহাতারকার বিদায়, সে তুলনায় এম্পোলি ম্যাচ নিয়ে শুনতে আর কার আগ্রহ থাকে? রোনালদোকে নিয়েই প্রশ্ন হলো বেশি। তাতে আলেগ্রি আরেকবার নিশ্চিত করলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো গতকাল আমাকে বলেছে যে ও যত শিগগির সম্ভব ক্লাব ছাড়তে চায়। এটাই সত্যি, এটাই নিশ্চিত। সে কারণেই ও আজকের অনুশীলনে ছিল না, আগামীকাল এম্পোলির বিপক্ষে ম্যাচেও থাকবে না।’

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ১০ কোটি ইউরোতে জুভেন্টাসে যাওয়া রোনালদো প্রথম মৌসুমে কোচ হিসেবে পেয়েছিলেন আলেগ্রিকে। সে মৌসুম শেষেই জুভেন্টাস ছেড়ে যাওয়া আলেগ্রি এই মৌসুমে আবার জুভেন্টাসে ফিরেছেন। ইতালিতে তখন থেকেই শোনা যাচ্ছিল, আলেগ্রি জুভেন্টাসের খোলনলচে বদলাতে চাইছেন। রোনালদোকে তাঁর পছন্দ, কিন্তু রোনালদোর বেতনের ভার বইতে অসমর্থ জুভেন্টাস রোনালদোকে বিক্রি করে দিলেও আলেগ্রির খুব একটা আফসোস থাকবে না, এমনটাই শোনা যাচ্ছিল। রোনালদোর বদলে বরং মাঝমাঠে শক্তি বাড়ানোর কথাই ভেবেছিলেন আলেগ্রি।

রোনালদোকে আর জুভেন্টাসে পাচ্ছেন না আলেগ্রি
ছবি : টুইটার

শেষ পর্যন্ত জুভেন্টাস ছেড়েই যাচ্ছেন রোনালদো। সেটাও যাচ্ছেন দলবদলের বাজারের একেবারে শেষ পর্যায়ে এসে। কিন্তু ৩৬ বছর বয়সী পর্তুগিজ মহাতারকার ক্লাব ছাড়া নিয়ে আলেগ্রির কোনো আক্ষেপ নেই, ‘ঘটনা ঘটতেই থাকে, এটাই জীবনের নিয়ম। জুভেন্টাস ঠিকই থাকছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোনালদোর ওর অবদান রেখেছে, সব সময় নিজের সেরাটা দিয়েছে, এখন ও চলে যাচ্ছে। জীবন থেমে থাকবে না।’

জুভেন্টাসে তিন বছরে ১৩৪ ম্যাচে ১০১ গোল করা রোনালদো দুটি লিগ শিরোপা জিতেছেন। যদিও যে চ্যাম্পিয়নস লিগ জেতানোর চ্যালেঞ্জ নিয়ে জুভেন্টাসে গিয়েছিলেন, তা পূরণ করতে পারেননি। তবে যা করেছেন, তা-ই বা কম চোখধাঁধানো কী! আলেগ্রি তাই ধন্যবাদ দিচ্ছেন রোনালদোকে, ‘ও যা করেছে সেটার জন্য রোনালদোকে ধন্যবাদ দিতেই হবে। তরুণদের জন্য উদাহরণ গড়ে গেছে ও। কিন্তু যেটা বলেছি আমি, জীবন এগিয়ে যাবে জীবনের নিয়মে।’

ক্রিস্টিয়ানো রোনালদো যাচ্ছেন ম্যান সিটিতে?
ছবিঃ সংগৃহীত

জুভেন্টাস ছেড়ে রোনালদো ম্যানচেস্টার সিটিতেই যাচ্ছেন, এখন পর্যন্ত সব ইঙ্গিত সেদিকেই নির্দেশ করে। পিএসজি ও রিয়াল মাদ্রিদের নাম রোনালদোর গন্তব্য হিসেবে শোনা গেলেও এই দুই ক্লাবের কেউই রোনালদোর জন্য আগ্রহ দেখায়নি। পিএসজির চেয়ারম্যান আল-খেলাইফি কাল সরাসরিই বলে দিয়েছেন, রোনালদো তাঁদের ভাবনায় নেই। রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও রোনালদোর ফেরার দরজা বন্ধ বলে জানিয়ে রেখেছেন সেই এপ্রিলেই।

এখন রোনালদোর ম্যান সিটিতে যাওয়ায় একমাত্র প্রতিবন্ধকতা দুই ক্লাবের মধ্যে রোনালদোর দাম নিয়ে বনিবনা না হওয়া। জুভেন্টাস অন্তত ২ কোটি ৫০ লাখ ইউরো দাম চায়।

ম্যানচেস্টার ইউনাইটেড শেষ মুহূর্তে সিটির বাড়া ভাতে ছাই দেওয়ার চেষ্টা করবে কি না, কে জানে!