জুভেন্টাস ছাড়ছেন তাঁরা?

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ওই দৃশ্যটা অনেকেরই হয়তো মনে আছে। শেষ বাঁশির পর অশ্রুসিক্ত আন্দ্রেয়া পিরলো চোখ মুছছেন, জুভেন্টাস-ভক্তদের অনেকেই তখন আবেগ ধরে রাখতে পারেননি। তখনই প্রশ্ন উঠেছিল, পিরলো কি ক্লাব ছেড়ে যাচ্ছেন? ইতালিয়ান মিডফিল্ডার সে সময় খোলাসা করে কিছু বলেননি। তবে গত কিছুদিনের ঘটনায় সে রকম ইঙ্গিতই মিলেছে। পিরলোর ঠিকানা মেজর সকার লিগের দল নিউইয়র্ক সিটি হতে পারে বলে জোর গুঞ্জন। শোনা যাচ্ছে, কার্লোস তেভেজও জুভেন্টাস ছেড়ে কৈশোরের ক্লাব বোকা জুনিয়র্সে পাড়ি জমাতে পারেন।
ইতালির প্রভাবশালী ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেল্লো স্পোর্ত জানাচ্ছে, পিরলোর যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়াটা সময়ের ব্যাপার। গত কিছুদিন আগে নিয়ইয়র্কে ছুটি কাটাতে গিয়েছেন ৩৬ বছর বয়সী পিরলো, বিখ্যাত ইয়াঙ্কি স্টেডিয়ামে গিয়ে ছবি তুলেছেন। এসব কিছুও গুঞ্জনটা উসকে দিচ্ছে। তবে দেল্লো স্পোর্তর দাবির মূল ভিত্তি সাবেক জুভেন্টাস ফরোয়ার্ড সেবাস্টিয়ান জিওভিঙ্কো। পত্রিকাটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমএলএস দল টরন্টো এফসিতে খেলা জিওভিঙ্কো দাবি করেছে, ‘ওর সঙ্গে আমার খুদে বার্তা বিনিময় হয়েছে, তবে নিউইয়র্ক থেকে নয়। কিছুদিন আগে আমার কাছে ও জানতে চেয়েছিল এমএলএসে কেমন লাগছে। আমি বলেছিলাম অভিজ্ঞতাটা দারুণ, ও চেষ্টা করে দেখতে পারে। তবে আমি ওকে নিয়ে আসছি ব্যাপারটা তেমন নয়।’

নিউইয়র্ক সিটি গত বছরই চেলসি মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে দলে ভিড়িয়েছে, ধারে ম্যানচেস্টার সিটিতে খেলার পর এবারই ল্যাম্পার্ড ফিরছেন নিউইয়র্কে।
পিরলোর সঙ্গে জুভেন্টাস অধ্যায় শেষ হয়ে যেতে পারে তেভেজেরও। যে ক্লাবের হয়ে ক্যারিয়ারের শুরু, আর্জেন্টিনার বোকা জুনিয়র্সেই আবার ফিরে যেতে পারেন। জুভেন্টাস এখনো নিশ্চিত করেনি, তবে বোকার মহাসচিব সেজার মারতুক্কি আর্জেন্টিনার স্থানীয় রেডিও স্টেশনের কাছে সে রকম দাবিই করেছেন, ‘আমরা খুবই খুশি, এত কষ্ট করার পর অবশেষে তেভেজকে আনতে পারছি।’ মারতুক্কি দাবি করেছেন, ৭ জুলাই বোকার মাঠেই তেভেজকে পরিচয় করিয়ে দেওয়া হবে।
এদিকে গার্ডিয়ানের দাবি, রিয়াল ডিফেন্ডার সার্জিও রামোস তাঁকে ছেড়ে দেওয়ার জন্য ক্লাবকে অনুরোধ করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেড হতে পারে রামোসের নতুন ঠিকানা। এএফপি।