জুভেন্টাস ছেড়ে সিটিতে আলভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছর পর বার্সেলোনা ছেড়ে গত মৌসুমে নাম লিখিয়েছিলেন জুভেন্টাসে। কিন্তু দানি আলভেজের ইতালি অভিযান শেষ এক মৌসুমেই। গত পরশু ইনস্টাগ্রামে ব্রাজিলের এই ডিফেন্ডার নিজেই জুভেন্টাস ছাড়ার খবর দিয়েছেন। যোগ দিচ্ছেন বার্সার সাবেক কোচ পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটিতে।

জুভেন্টাসের হয়ে গত মৌসুমটা দারুণ কেটেছে আলভেজের। নিজে ভালো খেলেছেন, দলও সাফল্য পেয়েছে। জিতেছেন সিরি আ ও ইতালিয়ান কাপ। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে না গেলে হতো ট্রেবল। এরপরও কেন ছেড়ে যাচ্ছেন ‘তুরিনের ওল্ড লেডি’কে। আলভেজ একটা অনুরোধ জানিয়েছেন, তাঁকে যেন কেউ ভুল না বোঝে, ‘আমি অর্থের জন্য ফুটবল খেলি না। পেশাটা ভালোবাসি বলেই ফুটবল খেলি। ফুটবলের সঙ্গে যারা যুক্ত তাদের সবাইকেই ভালোবাসি। আমি ফুটবল ভালোবাসি আর অর্থের জন্য কোথাও যাই না আমি।’

জুভেন্টাসে গত মৌসুমটা খুব উপভোগ করেছেন। ক্লাবটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও জানিয়েছেন ৩৪ বছর বয়সী আলভেজ, ‘আমি জুভেন্টাস সমর্থকদের ধন্যবাদ জানাই। আমাকে দারুণভাবে বরণ করে নেওয়ার জন্য সতীর্থদের ধন্যবাদ জানাই। আমাকে অসাধারণ সুযোগটি দেওয়ার জন্য মারোত্তাকেও (ক্লাবের প্রধান নির্বাহী) ধন্যবাদ জানাতে হবে। আজ জুভেন্টাসের সঙ্গে আমার পেশাদার সম্পর্কটা শেষ হয়ে গেল। কিন্তু যারা এত দিন আমাকে ভালোবাসা দিয়েছে আর নিজেদের হৃদয় নিংড়ে দিয়ে জুভেন্টাসকে বড় একটি ক্লাবে পরিণত করেছে, তাদের স্মৃতি আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি।’ এএফপি, ফোরফোর টু।