জুভেন্টাসেও 'নাপোলির' হিগুয়েইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠ ছেড়েছেন ৭০ মিনিটে। কিন্তু যা করার তা তো প্রথম দশ মিনিটেই করেছেন গঞ্জালো হিগুয়েইন। ৫ মিনিটে পাওলো দিবালার পাস থেকে প্রথম গোল, তার ৫ মিনিট পর বক্সের মাঝামাঝি থেকে দুর্দান্ত ভলিতে দ্বিতীয়টি। আর্জেন্টাইন স্ট্রাইকারের জোড়া গোলের সৌজন্যে সাসসুয়োলোর বিপক্ষে জুভেন্টাস জিতেছে ৩-১ গোলে।

তিন ম্যাচে ৯ পয়েন্ট, জুভের কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রির সন্তুষ্ট হওয়ারই কথা। তবে ৪৯ বছর বয়সী ইতালিয়ান কোচ বেশি খুশি হিগুয়েইনের ফর্মে। হওয়ারই কথা, জুভেন্টাসে যে নাপোলির ফর্ম নিয়েই এসেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। গত মৌসুমে লিগে নাপোলির হয়ে করেছিলেন ৩৬টি গোল, সিরি ‘আ’র রেকর্ড। তবে এরপর থেকে ভালো-খারাপ দুভাবেই খবরের শিরোনাম হয়েছেন হিগুয়েইন। ইতালিয়ান লিগে দলবদলের রেকর্ড ৯০ মিলিয়ন ইউরোতে তাঁকে দলে টানে জুভেন্টাস। কিন্তু হিগুয়েইন এর যোগ্য কি না, এ নিয়ে ওঠে প্রশ্ন। আর্জেন্টিনা জাতীয় দল থেকেও বাদ পড়েন। তাঁর ফিটনেস নিয়েও ওঠে প্রশ্ন।

তবে প্রথম তিন ম্যাচেই সব প্রশ্নের জবাব দেবেন বলে ইঙ্গিত দিয়েছেন হিগুয়েইন। ফিওরেন্টিনার বিপক্ষে অভিষেকেই বদলি নেমে করেছেন ম্যাচ জেতানো গোল। এক ম্যাচ পর পরশু দুই গোল—তিন ম্যাচে তিন গোল ২৮ বছর বয়সী আর্জেন্টাইনের। জার্সি বদলালেও ফর্মটা আগের মতোই আছে। পরশু ম্যাচ শেষে তাই কোচের প্রশংসা পেলেন, ‘হিগুয়েইনই তো পার্থক্য গড়ে দিয়েছে।’ এএফপি।