নিজের মাঠে প্রথম লেগটা ২-১ ব্যবধানে হেরেছিল জুভেন্টাস। ইতালিয়ান কাপের ফাইনালে যেতে তাই দ্বিতীয় লেগে ফিওরেন্টিনার মাঠে বড় জয় তাদের পেতেই হতো। ইতালির চ্যাম্পিয়নরা সেটাই করল। ৩-০ গোলে উড়িয়ে দিল ফিওরেন্টিনাকে। দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে জয় ইতালিয়ান কাপের ফাইনালেও তুলে দিল সিরি ‘আ’র শীর্ষে থাকা দলটিকে।
পরশু রাতে জুভেন্টাস মাঠে নেমেছিল দলের তিন সেরা খেলোয়াড় কার্লোস তেভেজ, আন্দ্রেয়া পিরলো ও পল পগবাকে ছাড়াই। তবে ম্যাচের ২১ মিনিটেই জুভেন্টাসকে এগিয়ে দেন তেভেজের বদলে নামা স্ট্রাইকার আলেসান্দ্রো মাত্রি। বিরতিতে যাওয়ার ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন রবের্তো পেরেইরা। এরপর ৫৯ মিনিটে লিওনার্দো বোনুচ্চির আরও এক গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে জুভেন্টাস।
জার্মান কাপে টিএসজি হফেনহেইমকে ৩-২ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে বরুসিয়া ডর্টমুন্ড। ২-২ সমতায় থাকা ম্যাচের অতিরিক্ত সময়ে দারুণ এক গোল করে ডর্টমুন্ডকে দুর্দান্ত জয় এনে দেন ৩৫ বছর বয়সী জার্মান মিডফিল্ডার সেবাস্তিয়ান কেল। ফ্রেইবুর্গকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ডর্টমুন্ডের সঙ্গী ভলফসবুর্গও।
তবে পরশু রাতে সবচেয়ে বড় চমকটা দেখিয়েছে ফ্রান্সের দ্বিতীয় বিভাগের দল অজেরি। বর্তমান চ্যাম্পিয়ন গেঁগাঁকে ১-০ গোলে হারিয়ে ফ্রেঞ্চ কাপের ফাইনালে উঠে গেছে তারা। ২০১২ সালে লিগ ওয়ান থেকে অবনমিত হয়ে যাওয়া অজেরি অবশ্য এর আগেও ফ্রেঞ্চ কাপ জিতেছে চারবার। এএফপি, রয়টার্স।