জুভেন্টাসের জয়ে ফিরল রোনালদোর স্মৃতি
একবার না পারিয়ে দেখো পাঁচবার।
ইতালিয়ান সিরি’আ-তে এই মৌসুমের প্রথম জয় খুঁজছিল জুভেন্টাস। চার-চারটি ম্যাচ খেলেও জয় মেলেনি। আজ পঞ্চম দফায় স্পেৎসিয়াকে ৩-২ গোলে হারিয়ে প্রথম জয় তুৃলে নিল দলটি।
৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলে অবনমন তালিকায় শেষ তিন দল থেকে এক লাফে ১২–তে উঠে এল ৩৬ বারের চ্যাম্পিয়নরা। ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার পর এটাই প্রথম জয় তুরিনের ‘বুড়ি’দের।
স্পেৎসিয়ার মাঠে এ ম্যাচে রোনালদোর স্মৃতিও ফিরেছে। জুভেন্টাসের তা ভালো লাগার কথা নয়। ২৮ মিনিটে ময়জেস কিনের গোলে এগিয়ে গিয়েছিল জুভেন্টাস। আদ্রিয়ান রাবিওতের দূরপাল্লার পাস থেকে লক্ষ্যভেদ করেন কিন।
৫ মিনিট পরই স্পেৎসিয়া ফরোয়ার্ড ইমানুয়েল গায়াসির সমতাসূচক গোল। বাঁ প্রান্ত দিয়ে রোনালদোর মতোই বক্সে ঢুকে ডান পায়ের দারুণ শটে গোল করেই উদ্যাপনটাও করলেন পর্তুগিজ তারকার মতোই। জুভেন্টাসের রোনালদোকে হারানোর ‘কাটা ঘায়ে’ এ যেন ‘নুনের ছিটা’।
জুভেন্টাস এই ‘ঘা’ শুকোতে বেশি সময় নেয়নি, ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত। এর মধ্যে ৪৯ মিনিটে ইয়ানিস আনতিস্তের গোলে পিছিয়েও পড়ে মাসিমিলিয়ানো আলেগ্রির দল।
৬৬ থেকে ৭২—এই ৭ মিনিটে ২ গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ফেদেরিকো কিয়েসা ও ম্যাথিয়াস ডি লিট। বক্সের ভেতর থেকে গোল করেন কিয়েসো। বক্সের ভেতর থেকে গোল করেন দুজন।
সিরি’আতে অন্য ম্যাচে ভেনেসিয়াকে ২-০ গোলে হারায় এসি মিলান। ক্যালিয়ারির বিপক্ষে ২-০ গোলে জিতেছে এম্পোলি।