জুভেন্টাসের পথের কাঁটা মিলান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যা যায়, তা আবার ফিরেও আসে! জুভেন্টাসের এ মুহূর্তে তেমনই মনে হওয়ার কথা।

২০১১ সালে এসি মিলান ছেড়ে জুভেন্টাসে গিয়েছিলেন আন্দ্রেয়া পিরলো। বিনা মূল্যে! আগের মৌসুমে মিলানের হয়ে শিরোপা জিতলেও মিলানের সে সময়ের কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রির কাছে ঠিক ‘দাম’ পাচ্ছিলেন না পিরলো। তারপর? ইতিহাস! চার মৌসুম জুভেন্টাসে ছিলেন পিরলো, চারবারই লিগ জিতেছে জুভেন্টাস।

প্রায় একই রকম ঘটনা এবারও ঘটেছে। উল্টোভাবে। জুভেন্টাস ছেড়ে মিলানে গেছেন ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি! কারণটাও প্রায় একই, জুভেন্টাসের বর্তমান কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রির সঙ্গে গত মৌসুমের শেষ দিক থেকেই বনিবনা হচ্ছিল না বোনুচ্চির। তর্কযোগ্যভাবে এই সময়ের সেরা ডিফেন্ডারের জন্য মিলানের খরচ ‘মাত্র’ ৪২ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় ৪০০ কোটি টাকা। বোনুচ্চির পাশাপাশি টানা ছয় মৌসুম ধরে নিজেদের করে রাখা ইতালিয়ান লিগের শিরোপাটাও এবার হারাবে জুভেন্টাস?

জুভেন্টাস-ক্যালিয়ারি ম্যাচ দিয়েই আজ শুরু হচ্ছে ইতালিয়ান লিগের নতুন মৌসুম। তার আগে এমন আলোচনার কারণ ওই বোনুচ্চি আর এসি মিলান! গত মৌসুমের শেষ দিকে চীনা মালিকানায় চলে যাওয়া মিলান এবার দল গড়তে টাকা ঢেলেছে দেদার। আন্দ্রে সিলভা, হাকান সালহানগলু, মাতেও মুসাচ্চিও, রিকার্দো রদ্রিগেজ, লুকাস বিলিয়া, ফ্রাঙ্ক কেসি...রক্ষণ, মাঝমাঠ, আক্রমণ সব জায়গাতেই খেলোয়াড় এনেছে। ক্লাবে এসেই অধিনায়ক বোনুচ্চি। নতুন অধিনায়কের ঘোষণা, ‘মিলানকে বিশ্ব ফুটবলের শিখরে ফেরাতে চাই। এখানে ট্রফি জিততেই এসেছি।’

দলবদলে এত আলোড়নই এসি মিলানকে নিয়ে এত আলোচনার কারণ। তবে নীরবে জুভেন্টাসের পথের কাঁটা হতে তৈরি হচ্ছে ‘প্রতিবেশী’ ইন্টার মিলানও। সান সিরোর এই দলটি আরও এক মৌসুম আগে থেকেই চীনা মালিকানায়। গত মৌসুমে অনেকটা সময় চ্যাম্পিয়নস লিগের দৌড়ে থেকেও শেষ দিকে পথ হারিয়ে লিগে হয়েছে সপ্তম। তবে এবার কোচ বদলেছে, রোমা থেকে দারুণ ‘ট্যাকটিশিয়ান’ লুসিয়ানো স্প্যালেত্তিকে নিয়ে এসেছে ইন্টার। যদিও প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের তেমন গুরুত্ব নেই, তবু বায়ার্ন মিউনিখ, টটেনহাম, পিএসজি, চেলসি, ভিয়ারিয়াল, লিওঁর মতো দলের বিপক্ষে জয় ইন্টারের দারুণ কিছুরই আভাস দেয়।

নাপোলিও হতে পারে জুভেন্টাসের বাধা। গত মৌসুমে ইতালিতে সবচেয়ে সুন্দর ফুটবল খেলা মরিসিও সারির দলটি এবারও শিরোপার লড়াইয়ে থাকবে। তবে রোমা-ভক্তরা সেই আশা হয়তো করছেন না। ১৯৯৩ সালের পর এই প্রথম ফ্রান্সেসকো টট্টিকে ছাড়া খেলতে নামছে রোমানরা, নেই সালাহ-রুডিগাররাও।

আর জুভেন্টাস? এ মুহূর্তে হয়তো নড়বড়ে মনে হতে পারে দলটিকে। বোনুচ্চির পাশাপাশি দানি আলভেজও দল ছেড়ে গেছেন। ইতালিয়ান সুপার কাপে কদিন আগে লাৎসিওর কাছে ৩-২ গোলে হেরেছে। দলে নতুন তারকা বলতে পিএসজি থেকে আসা মিডফিল্ডার ব্লেইজ মাতুইদি। তারপরও জুভদের পক্ষেই সম্ভবত বাজির দরটা বেশি। বুফন-কিয়েল্লিনিরা তো এখনো আছেন। এই মৌসুমে ‘১০’ নম্বর জার্সি পাওয়া পাওলো দিবালাও আছেন। গোল করার জন্য আছেন হিগুয়েইনও।

আর আছে ইতিহাস। গত দুই মৌসুমে পিরলো, পগবা, তেভেজ, মোরাতা, ভিদালদের হারানোর ধাক্কাটা যে সহজেই সয়ে নিয়েছিল জুভেন্টাস! গার্ডিয়ান, এএফপি।