জুভেন্টাসের মাঠ, রিয়ালের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুভেন্টাসের ভরসা কার্লোস তেভেজ,  রোনালদোর দিকে তাকিয়ে রিয়াল
জুভেন্টাসের ভরসা কার্লোস তেভেজ, রোনালদোর দিকে তাকিয়ে রিয়াল

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সফলতম ক্লাবগুলোর দুটি তারা। রিয়াল মাদ্রিদ-জুভেন্টাসের ম্যাচ মানেই রোমাঞ্চকর কিছুরই প্রতিশ্রুতি। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে আজ প্রথম লেগে রিয়াল খেলতে যাচ্ছে জুভেন্টাসের মাঠে। দুর্দান্ত রক্ষণ আর নিজেদের মাঠের ফর্ম যেমন ভরসা দিচ্ছে জুভেন্টাসকে, রিয়ালও প্রতিপক্ষ মাঠের রেকর্ড ও রোনালদোদের ফর্মে দেখছে আশার আলো।
লক্ষ্য রক্ষণ
এক অর্থে ম্যাচটাকে ‘রিয়ালের আক্রমণ বনাম জুভেন্টাসের রক্ষণও’ বলা যায়। পুরো টুর্নামেন্টে জুভেন্টাস ১০ ম্যাচে মাত্র ৫ গোল খেয়েছে। নিজেদের মাঠে তারা যেন আরও দুর্ভেদ্য, পাঁচ ম্যাচে খেয়েছে মাত্র ৩ গোল। কিয়েল্লিনি, বোনুচ্চি, বারজাগলি একসঙ্গে খেলছেন প্রায় চার বছর ধরে, বোঝাপড়াটা তাদের দুর্দান্ত। তবে জুভেন্টাসের চ্যালেঞ্জ যে নিতে রিয়ালের আক্রমণভাগ প্রস্তুত, সেটা এই সপ্তাহেই সেভিয়ার সঙ্গে হ্যাটট্রিক করে ভালোই জানান দিয়েছেন রোনালদো।
আনচেলত্তির ফেরা
স্মৃতিতে একটু ধুলো পড়ে যাওয়ারই কথা। সেই ১৯৯৯ সাল থেকে দুই বছর কোচিং করিয়েছিলেন জুভেন্টাসকে। ক্যারিয়ারের প্রথম বড় ট্রফি জিতেছিলেন এখানে (ইন্টারটোটো কাপ)। তুরিন শহরটা কার্লো আনচেলত্তির হৃদয়ে আলাদা একটা জায়গা তো রেখেছেই। মজার ব্যাপার, এই জুভেন্টাসকে হারিয়েই এসি মিলানের হয়ে তিনটি চ্যাম্পিয়নস লিগ ট্রফির প্রথমটি জিতেছিলেন আনচেলত্তি। এবারও কি ইতিহাসের পুনরাবৃত্তি হবে?
চোট এবং চোট
গ্যারেথ বেলের সেরে ওঠা আনচেলত্তির জন্য বড় সুখবর অবশ্যই। পায়ের পেশির চোট কাটিয়ে গত শনিবার সেভিয়ার সঙ্গে খেলেছেন বেল। তার পরও আজ লুকা মডরিচ ও করিম বেনজেমাকে ছাড়াই নামতে হচ্ছে রিয়ালকে। নিষেধাজ্ঞা কাটিয়ে আজ ফেরার কথা মার্সেলোর। রিয়ালের মতো না হলেও চোটাঘাত খানিকটা কাবু করেছে জুভেন্টাসকেও। হ্যামস্ট্রিংয়ের চোটে আজ দর্শক হয়েই থাকতে হচ্ছে ক্লাবের ফ্রেঞ্চ মিডফিল্ডার পল পগবাকে।
প্রতিপক্ষের আঙিনা
নিজেদের মাঠে জুভেন্টাসের রেকর্ড যত দুর্দান্তই হোক, প্রতিপক্ষের মাঠে রিয়ালও কম দুর্ধর্ষ নয়। ৪৪৪ মিনিট ধরে কোনো ‘অ্যাওয়ে’ ম্যাচে গোল খায়নি রিয়াল, সর্বশেষ গ্রুপ পর্বে লুদোগোরেৎসের কাছে গোল খেয়েছিল। সব মিলিয়ে প্রতিপক্ষের মাঠে সর্বশেষ ১১ ম্যাচের আটটিতেই জিতেছে রিয়াল, ড্র করেছে দুটি। একমাত্র হারটি গত মৌসুমে ডর্টমুন্ডের মাঠে ২-০ গোলে।
জুজুর নাম ইতালি
গত মৌসুমেই জুভেন্টাসের মাঠে এসে ২-২ গোলে ড্র করেছিল রিয়াল। সব মিলে ইতালিতে অতীত রেকর্ড খুব একটা আশার আলো দেখাচ্ছে না আনচেলত্তিকে। ইতালিতে আগের সাতবারের একবারও জিততে পারেনি রিয়াল, সর্বশেষ জয়টা সেই ২০০৪-০৫ মৌসুমে রোমার সঙ্গে গ্রুপ পর্বে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে খেলার সর্বশেষ স্মৃতিটা জুভেন্টাসের ১২ বছর আগের, প্রতিপক্ষ ছিল রিয়াল। সেবারও নিজেদের মাঠে ৩-১ গোলে জিতেছিল জুভেন্টাস। এএফপি, উয়েফাডটকম।
চ্যাম্পিয়নস লিগে দুদল
২০১৪–২০১৫
জুভেন্টাস রিয়াল মাদ্রিদ
বলের দখল (%)
৫৭ ৫৭
মোট শট
১৩২ ১৮৪
লক্ষ্যে শট
৫০ ৭৭
গোল
১৩ ২২
সফল পাস
৪৫৯২ ৫১৮৩
কর্নার
৪৯ ৭১
আমার মনে হয় সেরা রক্ষণটা আমাদেরই
লিওনার্দো বোনুচ্চি
জুভেন্টাস ডিফেন্ডার
আমি খুব কম গোল ও অনেক বেশি স্নায়ুচাপ দেখতে পাচ্ছি
ইকার ক্যাসিয়াস
রিয়াল মাদ্রিদ গোলরক্ষক