জুভেন্টাসের মোনাকো-বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোনাকোর মাঠে খেলতে যাওয়ার আগে তুরিনে নিজেদের অনুশীলন মাঠে চলছে শেষবেলার অনুশীলন। তার ফাঁকেই ছবি তোলার জন্য একটু সময় বের করে নিলেন জুভেন্টাসের পাঁচ খেলোয়াড়—(বাঁ থেকে) পাওলো দিবালা, দানি আলভেজ, জর্জো কিয়েলিনি, গঞ্জালো হিগুয়েইন ও টমাস রিঙ্কন l এএফপি
মোনাকোর মাঠে খেলতে যাওয়ার আগে তুরিনে নিজেদের অনুশীলন মাঠে চলছে শেষবেলার অনুশীলন। তার ফাঁকেই ছবি তোলার জন্য একটু সময় বের করে নিলেন জুভেন্টাসের পাঁচ খেলোয়াড়—(বাঁ থেকে) পাওলো দিবালা, দানি আলভেজ, জর্জো কিয়েলিনি, গঞ্জালো হিগুয়েইন ও টমাস রিঙ্কন l এএফপি

‘যখন এখানে এসেছিলাম, ক্লাব আমাকে স্বাগত জানিয়ে বলেছিল, এই দলটাকে নিয়ে ইতিহাস গড়তে সাহায্য করতে। ইতিহাস বলতে শুধু ইতালিয়ান লিগ জেতা নয়, আরও বেশি কিছুর স্বপ্ন!’

এই মৌসুমেই বার্সেলোনা ছেড়ে জুভেন্টাসে আসা দানি আলভেজ যখন স্কাই ইতালিয়াতে কথাগুলো বলছিলেন, কে জানে, হয়তো চোখ দুটো একটু চকচক করে উঠেছে তাঁর। আর মাত্র তিনটি ম্যাচ! ইতালিয়ান লিগ জেতা তো প্রায় নিশ্চিত হয়েই গেছে, কিন্তু আরও বেশি কিছুর যে স্বপ্ন দেখছেন আলভেজরা, আর তিনটি ম্যাচ জিতলেই সেটিও পূরণ হয়ে যাবে। স্বপ্নটা কী? চ্যাম্পিয়নস লিগ!

কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে হারিয়ে সেমিতে উঠে এসেছে জুভেন্টাস। শুধু বার্সেলোনা নামটার জন্যই নয়, মেসি-ইনিয়েস্তাদের দুই লেগেই যেভাবে বোতলবন্দী করে রেখেছে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল, তাতে এবার তাদের স্বপ্নপূরণ হওয়ার সম্ভাবনাই বেশি দেখছেন সবাই। তবে স্বপ্নপূরণের পথে আজ বড় একটা বাধার সামনেই পড়ছে জুভেন্টাস। মোনাকো! আক্রমণাত্মক ফুটবলে এই মৌসুমে ফ্রান্স ও ইউরোপকে মুগ্ধ করে রাখা দলটির মাঠেই আজ সেমিফাইনালের প্রথম লেগ খেলবে জুভরা।

কী দুর্দান্ত এক মৌসুমই না কাটাচ্ছে মোনাকো! শেষ চার ম্যাচের দুটি জিতলেই ফ্রেঞ্চ লিগের শিরোপাটা ঘরে তুলবে লিওনার্দো জার্দিমের তরুণ দলটি, যা কিনা হবে এই শতাব্দীতে মোনাকোর প্রথম লিগ শিরোপা। চ্যাম্পিয়নস লিগেও আগের দুই ধাপে ম্যানচেস্টার সিটি, বরুসিয়া ডর্টমুন্ডকে টপকে জায়গা করে নিয়েছে শেষ চারে। ২০০৪ সালের পর এই প্রথমবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে খেলবে মোনাকো।

তবে এসব সাফল্যের খতিয়ানকে ছাপিয়েও দলটার সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠেছে তাদের ফুটবলের ধরন। গতি, কৌশল, মুভমেন্ট...কী নেই! শুধু রক্ষণটা একটু নড়বড়ে, আর ম্যাচের শেষ দিকে এসে ক্লান্ত হয়ে গোল খাওয়ার প্রবণতাটা বেশি; এ ছাড়া লিওনার্দো জার্দিমের আক্রমণাত্মক ৪-২-২-২ ছকে আলো ছড়াচ্ছে মোনাকো। এমবাপ্পে-সিলভা-বাকায়োকো-ফাবিনহোর মতো তরুণেরা দাপিয়ে বেড়াচ্ছেন। আর একজন দেখাচ্ছেন পুরোনো ঝলক—রাদামেল ফ্যালকাও!

ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসিতে ধারে দুই মৌসুমের হতাশা ঝেড়ে ফেলে ৩১ বছর বয়সী কলম্বিয়ান স্ট্রাইকার এবার করেছেন ২৮ গোল। দুর্দান্ত মৌসুমটায় এখন তাঁর চাওয়া রঙিন একটা সমাপ্তি। জুভেন্টাস ম্যাচকে ঘিরে ভাবনাটা জানাতে গিয়েই ফ্রেঞ্চ সাময়িকী লেকিপকে বললেন, ‘জুভেন্টাসের রক্ষণ অসাধারণ। তবে আমাদের আক্রমণও দুর্দান্ত, তাই না?...ফুটবলে সবকিছুই সম্ভব, আর আমাদের লক্ষ্য (চ্যাম্পিয়নস লিগের) ফাইনালে যাওয়া। যদি লিগ ও চ্যাম্পিয়নস লিগ দুটিই জিততে পারি, এর চেয়ে ভালো আর কী হতে পারে!’

এই ম্যাচ কেমন হতে পারে, সেটির একটা ধারণা ফ্যালকাওয়ের কথায়ই আছে—মোনাকোর আক্রমণ বনাম জুভেন্টাসের রক্ষণ। মোনাকো নকআউট পর্বের চার ম্যাচে করেছে ১২ গোল, ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ চার ম্যাচেও গোল তা-ই। আর জুভেন্টাস? পুরো টুর্নামেন্টে গোল খেয়েছে দুটি, গত সেপ্টেম্বরে গ্রুপ পর্বে সেভিয়ার সঙ্গে ম্যাচের পর একটিও নয়! মোনাকো ডিফেন্ডার কামিল গ্লিকও প্রতিপক্ষের শক্তির এই জায়গাটাতে মুগ্ধ, ‘এমনকি বার্সেলোনাও দুই লেগ মিলিয়ে ওদের একটা গোল দিতে পারেনি। আমাদের জন্য তাই কাজটা কঠিন হবে।’

রক্ষণ তো আছেই, জুভেন্টাসের আরও বড় শক্তি ভারসাম্য। মাঠে এমন কোনো জায়গা নেই, যেখানে অ্যালেগ্রির দলটার কোনো খুঁত আছে। অন্তত কাগজে-কলমে তো নেই-ই। দিবালা-হিগুয়েইনদের আক্রমণ, খেদিরা-পিয়ানিচদের মিডফিল্ড...আসলেই মোনাকোর জন্য বড় পরীক্ষা জুভেন্টাস।

মৌসুমে এরই মধ্যে ৫৭ ম্যাচ খেলার ক্লান্তি পেয়ে বসা তরুণ ফ্রেঞ্চ দলটা পারবে এই পরীক্ষায় উতরে যেতে? উয়েফা।