জুভেন্টাসের 'মিশন পেন্টা'?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দ্রেয়া পিরলো নেই। নেই কার্লোস তেভেজ, আর্তুরো ভিদালও।
জুভেন্টাসে তাহলে রইলেন কে? গত মৌসুমে দলের সেরা তিন খেলোয়াড়ই যেখানে নেই, টানা পঞ্চমবারের মতো সিরি ‘আ’ জয়ের স্বপ্ন কী করে দেখবে জুভেন্টাস?
প্রশ্নটা ছুটে গিয়েছিল জুভেন্টাসের প্রধান নির্বাহী বেপ্পে মোরাত্তার দিকে। এককরম হেসেই উড়িয়ে দিয়েছেন তিনি, ‘গত মৌসুমের চেয়ে এবার আমাদের শক্তি কম না বেশি সেটা আমি বলতে পারব না। আমি শুধু জানি, জুভেন্টাস হচ্ছে জুভেটাস। আমরা শীর্ষে ছাড়া অন্য কোথাও থাকতেই পারি না।’
এতটা আত্মবিশ্বাসের উৎস কী? হয়তো সিরি ‘আ’তে নিজের সাম্প্রতিক সাফল্যই। টানা চারবার সিরি ‘আ’ জিতে লিগের ট্রফিটাকে প্রায় নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে ‘তুরিনের বুড়ি’রা। পিরলো-তেভেজ-ভিদালরা চলে গেলেও মারিও মানজুকিচ, স্যামি খেদিরা, পাওলো দায়বালা ও অ্যালেক্স সান্দ্রোরা তো এসেছেন। আজ থেকে সিরি ‘আ’র যে নতুন মৌসুম শুরু হচ্ছে, সেটির শেষ হাসিটা তাই জুভেন্টাসই আবার হাসতে পারে।
টানা পাঁচবার লিগ শিরোপা জেতা অবশ্য জুভেন্টাসের জন্য নতুন কোনো অভিজ্ঞতা হবে না। এর আগেও ১৯৩০-৩১ থেকে ১৯৩৪-৩৫ মৌসুমে এ কীর্তি গড়েছে তারা। জুভেন্টাস ছাড়া এই কীর্তি আছে তুরিনো আর ইন্টার মিলানেরও। তবে জুভেন্টাসের ‘মিশন পেন্টা’য় এবার বড় বাধা হয়ে দাঁড়াতে পারে সর্বশেষ দুই মৌসুমে রানার্সআপ রোমা। দলটির মালিয়ান মিডফিল্ডার সেইডু কেইটা তো মৌসুম শুরুর আগেই বলে রাখলেন, ‘আমরা জানি জুভেন্টাসই ফেবারিট। সর্বশেষ চারবার তারা শিরোপা জিতেছে, সুতরাং এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে গত মৌসুমের বিরতির পর আমরা যে ধারাবাহিকতাটা হারিয়ে ফেলেছিলাম, সেটা এবার ধরে রাখতে পারলে মৌসুমের শেষ পর্যন্ত ওদের সঙ্গে লড়াই করে যাব।’ রোমা কোচ রুডি গার্সিয়াও বলে দিলেন, ‘গত মৌসুমের চেয়ে এবার প্রতিদ্বন্দ্বিতাটা আরও বেশি হবে।’
জুভেন্টাসের পর ইতালির সবচেয়ে সফল দুই ক্লাব এসি মিলান ও ইন্টার মিলানের সর্বশেষ দুটি মৌসুম ছিল বিস্মরণযোগ্য। ইন্টার গতবার শেষ করেছে পয়েন্ট তালিকায় আট নম্বরে থেকে, এসি মিলান ছিল দশে। দুই দলের কোনোটিই এবার খেলতে পারছে না ইউরোপিয়ান প্রতিযোগিতায়। ঐতিহ্যবাহী দুটি ক্লাবের জন্যই এটা দুঃখজনক, তবে এর একটা ইতিবাচক দিকও আছে। ইউরোপে ব্যস্ততা থাকবে না বলে ঘরোয়া প্রতিযোগিতাগুলোতেই পুরো মনোযোগ দিতে পারবে এসি মিলান ও ইন্টার। সর্বশেষ দুই মৌসুমের ব্যর্থতা ভুলে যেতে এবার দলবদলেও বেশ সক্রিয় ছিল দুই নগরপ্রতিদ্বন্দ্বী। এসি মিলান দলে এনেছে কার্লোস বাক্কা, লুইজ আদ্রিয়ানো, হোসে মাওরিকে। ইন্টারে এসেছেন জিওফ্রে কনডগবিয়া, মিরান্ডা ও সভেন ইয়োভেতিচ। এএফপি।
জুভেন্টাস, রোমার পাশাপাশি আবারও শিরোপা জয়ের স্বপ্ন তাই দেখতেই পারে দুই মিলান।