পেনাল্টি না দিলেও পারতেন, বলছেন পিরলো

>• রিয়াল-জুভেন্টাস ম্যাচে পেনাল্টিটা হতে পারে মনে করেন পিরলো
• তবে পিরলোর মতে, রেফারি পেনাল্টিটা না দিলেও পারতেন
পেনাল্টি ছিল? প্রশ্নটা জুভেন্টাস সমর্থকদের কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। এই পেনাল্টির জন্যই তো ছিটকে পড়তে হয়েছে চ্যাম্পিয়নস লিগ থেকে। এমনিতে যে কোনো পেনাল্টি নিয়ে বিতর্ক হয়, সেখানে ম্যাচটা ছিল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল। সেটাও আবার ফিরতি লেগ আর পেনাল্টিটাও এমন মুহূর্তে দেওয়া হয়েছে যখন দুই লেগ মিলিয়ে রিয়াল মাদ্রিদ-জুভেন্টাসের গোল ব্যবধান সমান। অতএব প্রশ্ন তো উঠবেই!
তবে জুভেন্টাসেরই এক কিংবদন্তি বলছেন, এটা পেনাল্টি হতে পারে, তবে রেফারি তা না দিলেও পারতেন। তিনি আন্দ্রে পিরলো। ‘তুরিনের ওল্ড লেডি’দের হয়ে টানা চারবার সিরি আ জেতা পিরলো ২১ মে এক প্রদর্শনী ম্যাচ দিয়ে সোনায় মোড়ানো ক্যারিয়ারের ইতি টানবেন। তারই সংবাদ সম্মেলনে ইতালির সাবেক এই মিডফিল্ডার কথা বললেন পেনাল্টি নিয়ে, ‘এটা পেনাল্টি ছিল? আমার মতে হতে পারত ।’
শেষ আটের প্রথম লেগে রিয়ালের কাছে ৩-০ গোলে হেরেছিল জুভেন্টাস। ফিরতি লেগে ৩ গোল শোধ করলেও ৯৩ মিনিটে নিজেদের বক্সে রিয়ালের লুকাস ভাসকুয়েজকে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দেন জুভেন্টাসের মেধি বেনাশিয়া। রেফারি মাইকেল অলিভার পেনাল্টির বাঁশি বাজালে স্পটকিক থেকে রিয়ালকে জয়সূচক গোলটি এনে দেন ক্রিস্টিয়ানো রোনালদো।
তবে পিরলো আরও একটি কথাও মনে করিয়ে দিয়েছেন। রেফারি পেনাল্টিটা না দিলেও পারতেন। অন্তত জমজমাট একটা ম্যাচের স্পিরিট ধরে রাখতে তা করা যেত। পিরলো বলেন, ‘পেনাল্টিটা খুব সহজেই এড়িয়ে যাওয়া যেত। রেফারি আরেকটু কাণ্ডজ্ঞানসম্পন্ন হলে তা করতে পারতেন।’