জুভেন্টাস-রোমা ম্যাচ নিয়ে লঙ্কাকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে যে আগুনের ফুলকি ছড়াবে, তা অনুমিতই ছিল। সিরি ‘আ’তে নিজেদের প্রথম পাঁচটি করে ম্যাচেই জয়ী দুই দল যেখানে মুখোমুখি হচ্ছে পরস্পরের। কিন্তু আগুনের ফুলকি যে লেলিহান শিখায় রূপ নেবে, তা কে জানত! মাঠের লড়াই শুধু মাঠেই সীমাবদ্ধ থাকেনি, তা প্রভাবিত করেছে ইতালির শেয়ারবাজারকে, এমনকি পার্লামেন্টেও চলেছে বিতর্ক! এমন একটি ম্যাচ, যেখানে আর সবাইকে ছাপিয়ে রেফারিই হয়ে ওঠেন প্রধান চরিত্র—সে ম্যাচের সঙ্গী যে বিতর্ক, তা তো না বললেও চলে।
কী ছিল না এই ম্যাচে? জুভেন্টাসের পক্ষে দুবার পেনাল্টির বাঁশি বাজিয়েছেন রেফারি, দুবারই লক্ষ্য ভেদ করেছেন তেভেজ। কিন্তু রিপ্লে বলছে, দুটি পেনাল্টির সিদ্ধান্তই হতে পারত ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিক! দুবারই ফাউলের ঘটনা ঘটেছে ডি বক্স থেকে কয়েক সেন্টিমিটার দূরে। এমনকি ম্যাচের ৮৬ মিনিটে কর্নার থেকে জুভ ডিফেন্ডার বোনুচ্চি দারুণ ভলির গোলটিও প্রশ্নাতীত নয়। রিপ্লে বলছে, জুভেন্টাসের আর্তুরো ভিদাল তখন ছিলেন অফসাইডে! উত্তেজনা ছড়িয়ে পড়েছিল কোচ-খেলোয়াড়দের মধ্যেও। ম্যাচে বেশ কয়েকবারই হাতাহাতির ঘটনা ঘটেছে, প্রথমার্ধে রোমা কোচ রুডি গার্সিয়াকে তো বেরিয়েই যেতে হলো লাল কার্ড পেয়ে। শুধু রোমা কোচই নন, লাল কার্ড দেখেছেন জুভেন্টাস স্ট্রাইকার আলভারো মোরাতা ও রোমা ডিফেন্ডার মানোলাসও। গত শনিবার নিজেদের মাঠে জুভেন্টাস শেষ পর্যন্ত জিতেছে ৩-২ গোলে। তবে যেভাবে জয়টি এসেছে, তাতে পিরলোরাও বিব্রত না হয়ে পারেন না!
‘বিব্রত’ শব্দটি আরও বেশি প্রাসঙ্গিক বলে মনে করিয়ে দিয়েছেন রেফারি জিয়ানলুকা রোচি। যেন পণ করেই নেমেছিলেন, তিনিই হবেন ম্যাচের সবচেয়ে আলোচিত চরিত্র! একের পর এক ভুল সিদ্ধান্তে ম্যাচটি শেষ পর্যন্ত যে কদর্য রূপ নিল, এর দায়ভার তো তাঁরই। স্বাভাবিকভাবেই রোচির মুণ্ডুপাত হচ্ছে ইতালিজুড়ে। রোমের প্রধান দৈনিক মিজ্জাজেরো শিরোনাম করেছে, ‘রোচি ৩: ২ রোমা’! ম্যাচশেষে শেয়ারবাজারে জুভেন্টাসের সূচক বেড়েছে ০.৮%, রোমার কমেছে ২.৭%। শেয়ারবাজারের এই উল্লম্ফন-পতনের পেছনে রেফারির অবিশ্বাস্য রকম ভুল সিদ্ধান্তের কোনো প্রভাব আছে কি না, তা তদন্ত করার নির্দেশ দিয়েছেন ইতালির সরকারি দলের প্রতিনিধি মার্কো মিকোলি। আরেক রাজনৈতিক দল ব্রাদার্স অব ইতালির একজন সাংসদ পার্লামেন্টে অর্থমন্ত্রীর উদ্দেশে রেফারির দুটি পেনাল্টি ও অফসাইডের গোল নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। সব মিলিয়ে পুরো ইতালিকেই যেন কাঁপিয়ে দিয়েছে এই ‘ফুটবল ম্যাচ’! এএফপি, রয়টার্স।