জুভের খেলোয়াড় দিয়ে জুভকে হারানো, ফুটবল নাকি নাটক!

কাল রাতে শুধু আর্সেনাল-বার্সেলোনা ম্যাচটায় চোখ রেখেছেন? দুটি দলের সমর্থক হয়ে থাকলে ভিন্ন কথা, না হলে ফুটবলের অসাধারণ এক রোমাঞ্চের গল্প মিস করেছেন। আলিয়াঞ্জ অ্যারেনায় যে ফুটবল কাল তার সব নাটকীয়তা নিয়ে এসেছিল। শেষ পর্যন্ত অতিরিক্ত সময় শেষে জুভেন্টাসকে ৪-২ (দুই লেগ মিলিয়ে ৬-৪) গোলে বায়ার্ন মিউনিখ হারিয়েছে ঠিকই, কিন্তু ম্যাচের চতুর্থ গোলটি হওয়ার আগ পর্যন্ত কে এই ফল ভাবতে পেরেছিল!
ঘরের মাঠে আধঘণ্টার মধ্যে বায়ার্নের দুই গোলে পিছিয়ে পড়া, এরপর নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে সমতায়, অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে দুই মিনিটে দুই গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে চলে যাওয়া, শেষ গোলটিও আবার এই মৌসুমেই জুভেন্টাস থেকে ধারে খেলতে আসা কিংসলে কোম্যানের...ম্যাচটাকে শুধু নাটক বললেও অনেক কম বলা হয়ে যাবে।
আবার শুধু কী এই ম্যাচ? ম্যাচটার তাৎপর্য বুঝতে হলে দুই লেগেই দৃষ্টিটা ছড়িয়ে দিতে হবে। পেন্ডুলামের মতোই যে দুলেছে দুই দলের ভাগ্য। হোম-অ্যাওয়ে বিচার না করে, বায়ার্নকে আগে রেখে দুই লেগে স্কোরলাইনে বদল ছিল এমন—২-০, ২-২, ২-৪, ৪-৪, ৬-৪!
গত মৌসুমের রানার্সআপরা এবার শেষ ষোলোতেই বাদ! তবে বাদ পড়লেও জুভেন্টাস নিজেদের নিয়ে গর্ব করতেই পারে। ম্যাচের আগে থেকে দুটি মহাগুরুত্বপূর্ণ অ্যাওয়ে গোলের সুবাদে বায়ার্নকেই এগিয়ে ছিল বিশ্লেষকদের চোখে। সব বিশ্লেষণকে কেমন ফুৎকারে উড়িয়ে দিল জুভেন্টাস! শুরু থেকেই ক্রমাগত চাপ তৈরি করে গেছে জার্মান ক্লাবটির গোলমুখে। এর পুরস্কার পেতে সময় লাগল মাত্র ৫ মিনিট। বায়ার্ন গোলকিপার ম্যানুয়েল ন্যয়ারের ভুলের সুযোগ নিয়ে জুভেন্টাসকে এগিয়ে দিলেন মিডফিল্ডার পল পগবা।
এর পরের গোলটি তো চোখে লেগে থাকার মতো। মিডফিল্ডে বল পেয়ে ‘লিওনেল মেসি’ দৌড়ে বায়ার্নের কয়েক ডিফেন্ডারকে ছিটকে ফেললেন আলভারো মোরাতা। সব ডিফেন্ডারকে নিজের দিকে টেনে এনে বক্সের সামনে এসে বলটা বাড়িয়ে দিলেন হুয়ান কুয়াদ্রাদোর দিকে। তিনিও পায়ের নিপুণ কাজে এক ডিফেন্ডারকে কাটিয়ে বল জড়িয়ে দিলেন জালে। ২-০ এগিয়ে জুভেন্টাস! দুই লেগ মিলিয়ে ৪-২, তার চেয়েও বড় কথা বায়ার্নের অ্যাওয়ে গোলের ‘সুবিধা’ও কাটিয়ে ফেলা গেছে। আরেকটা গোলও হতো, কিন্তু মোরাতার গোলটা অফসাইডের ভুল সিদ্ধান্তে বাতিল হয়ে যায়।
ওখান থেকেই শুরু হলো বায়ার্নের ফিরে আসা। ৭৩ মিনিটে লেভানডফস্কির গোলে ব্যবধান কমানো গেলেও দুশ্চিন্তাটা ছিলই, ফিরে আসতে পারবে বায়ার্ন? ফিরল তারা। এবং কী নাটকীয়ভাবে!
নির্ধারিত সময়ের শেষ মিনিটে জুভেন্টাস বক্সের ঠিক বাইরে এক ডিফেন্ডারের পা থেকে বল কেড়ে নিলেন আর্তুরো ভিদাল। সেই ভিদাল যিনি এই মৌসুমেই জুভেন্টাস ছেড়ে বায়ার্নে এসেছেন। তাঁর পাস থেকে ক্রসটা কার? কোমান, তিনি তো এখনো জুভেন্টাসেরই। ক্রসটাকে জালে জড়িয়ে নাটকে আপাত ক্ষান্তি দিয়েছিলেন টমাস মুলার।
অতিরিক্ত সময়েও বায়ার্নের জয়ের জন্য অবশ্য কোচ পেপ গার্দিওলাকে কৃতিত্ব দিতেই হবে। দুই খেলোয়াড়কে বদলি হিসেবে নামিয়েছিলেন দুজনই গোল করে তুলির শেষ আঁচড়টা টেনে দিয়েছেন। ১০৮ মিনিটে থিয়াগো, দুই মিনিট পর কোমান। তবে বায়ার্নের জন্য যেটি তুলির আঁচড়, সেটি হয়তো জুভেন্টাসকে বিঁধেছে কাঁটার মতো।
তাতে কী! যে উত্তেজনা ম্যাচজুড়ে উপহার দিয়ে গেছেন, দুই লেগ জুড়ে, তাতে কাঁটা নয়, ফুলের শুভেচ্ছাই পাচ্ছেন দুই ক্লাবের খেলোয়াড়েরা। রাত জাগা সার্থক!