জুভের জয়ে পেনাল্টি বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার কী করা উচিত ছিল? উধাও হয়ে যাওয়া?’
পেপে রেইনা যেন রাগটা চেপেই রাখতে পারছিলেন না। তবে এই গোলকিপারই শুধু নন, পরশু নাপোলির কেউই বোধ হয় রাগটা চেপে রাখতে পারেননি। জিতলে শীর্ষে থাকা জুভেন্টাসের সঙ্গে ব্যবধানটা নেমে আসত ৬ পয়েন্টে। এমন ম্যাচেই দু-দুটি পেনাল্টিতে গোল খেয়ে ৩-১ গোলে হেরেছে নাপোলি! ২৬ ম্যাচে এখন তিনে থাকা নাপোলির পয়েন্ট ৫৪, জুভেন্টাসের ৬৬।
৩৬ মিনিটে হোসে কায়েহনের গোলে প্রথমে এগিয়ে যায় নাপোলি। দ্বিতীয়ার্ধের শুরুতেই জুভরা সমতায় ফেরে পাওলো দিবালার পেনাল্টি গোলে। এগিয়ে যায় ৬৪ মিনিটে, এই মৌসুমেই নাপোলি ছেড়ে জুভেন্টাসে যাওয়া গঞ্জালো হিগুয়েইনের সৌজন্যে। তবে এসব নয়, রেইনাদের রাগ ৬৯ মিনিটে জুভেন্টাসকে দেওয়া দ্বিতীয় পেনাল্টিটি নিয়ে।
ঠিক আগের মুহূর্তেই নাপোলির রাউল আলবিওলের পেনাল্টির দাবি নাকচ করে দেন রেফারি। তা হলে ম্যাচ হয়তো ২-২ ড্র হতো। উল্টো প্রতি আক্রমণে জুভেন্টাস পায় পেনাল্টি, যা থেকে আবার গোল দিবালার। বক্সে হুয়ান কুয়াদ্রাদোর পা থেকে বল কাড়তে গিয়ে ফাউল করেন রেইনা। যদিও রিপ্লে দেখায়, বল আগে রেইনার হাতেই লেগেছিল। এ নিয়েই রেইনার রাগ, ‘আজ রেফারির কিছু সিদ্ধান্তই ম্যাচের ফল ঠিক করে দিয়েছে। পুরো ইতালি সেটা দেখেছে।’ রয়টার্স।