জুরিচের রেকর্ড মেসি-রোনালদোরও নেই!

অ্যালেক্সান্ডার জুরিচ। অচেনাই লাগবে নামটা। মেসি-রোনালদো-নেইমারের দাপটে হালের বহু তারকাই যেখানে কলকে পান না, সেখানে জুরিচ কোন ছার! কিন্তু সিঙ্গাপুরের এই ফুটবল তারকা এমন এক রেকর্ডের মালিক, যেটি নেই মেসি-রোনালদোরও।
সম্প্রতি বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন জুরিচ। এরই মধ্যে তিন দশকের খেলোয়াড়ি জীবনের সমাপ্তি ঘটল এ স্ট্রাইকারের। দারুণ রেকর্ডকে সঙ্গী করেই অবসরে গেলেন ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার ৪৪ বছর বয়সী সিঙ্গাপুরের এই ফুটবল তারকা। বর্তমান সময়ে সক্রিয় ফুটবলারদের মধ্যে একটি নির্দিষ্ট লিগে সর্বোচ্চ গোল করার রেকর্ড জুরিচেরই। সিঙ্গাপুরের শীর্ষ ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট এস-লিগে জুরিচের গোলসংখ্যা ৩৩০। নির্দিষ্ট কোনো লিগে এ সময়ের আর কোনো খেলোয়াড়ের এত গোল নেই।
শুধু তা-ই নয়, সবচেয়ে বেশি বয়সী আন্তর্জাতিক ম্যাচে গোলদাতার মধ্যে সিঙ্গাপুরের এ স্ট্রাইকারের অবস্থান দুইয়ে। যুগোস্লাভ-বংশোদ্ভূত জুরিচ খেলোয়াড়ি জীবনে খেলেছেন ১৮টি ক্লাবে। ২০০৭-এর সেপ্টেম্বরে সিঙ্গাপুরের নাগরিকত্ব নেন। বলকান অঞ্চলে বেড়ে উঠলেও জড়িয়েছেন সিঙ্গাপুরের জাতীয় দলের জার্সি। বিদায়বেলায় আবেগজড়ানো কণ্ঠে বললেন, ‘এটা খুব আবেগময় মুহূর্ত। মনে অনেক কিছুই কাজ করছে। এটা সহজ নয়...ভেবেছিলাম খুব সহজ (বিদায় নেওয়া) বুঝি। কারণ, ১০ মাস ধরেই বিদায়ের প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু সময় যখন চলে এল, তখন খুব কঠিন হয়ে গেল বিদায় বলাটা। এর মাধ্যমে জীবনের একটা অধ্যায়ের সমাপ্তি ঘটল। এখন পরের অধ্যায়ের প্রস্তুতি শুরু করেছি।’
নিজের রেকর্ড প্রসঙ্গে জুরিচ বললেন, ‘কিছু রেকর্ড গড়েছি। সেগুলো বহুদিন থাকবে। যা করেছি, তার জন্য গর্বিত। তবে মনে করি না এটা আমার জন্য বিরাট কিছু। এটি দর্শক ও আমার বাচ্চাদের জন্য বিরাট কিছু।’
হয়তো লা লিগা-প্রিমিয়ার লিগের সঙ্গে সিঙ্গাপুরের লিগের তুলনা চলে না। কিন্তু তাই বলে জুরিচের অর্জনটাকে খাটো করে কীভাবে দেখবেন। সিঙ্গাপুরের লিগের চেয়ে অনেক কম মানের লিগেও তো এত গোল কারও নেই! সূত্র: এএফপি।