জুলফিকার যেন 'হেডমাস্টার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুযোগসন্ধানী এক হেডে দলকে এগিয়ে দিয়ে স্ট্রাইকার জুলফিকারের আনন্দ (মাঝে)। শেষ পর্যন্ত এই গোলই লিগে অষ্টম ম্যাচে তৃতীয় জয় এনে দিল শেখ রাসেলেকে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো
সুযোগসন্ধানী এক হেডে দলকে এগিয়ে দিয়ে স্ট্রাইকার জুলফিকারের আনন্দ (মাঝে)। শেষ পর্যন্ত এই গোলই লিগে অষ্টম ম্যাচে তৃতীয় জয় এনে দিল শেখ রাসেলেকে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো

ভাজিতার গোল দেখে চাচা জিয়াউর রহমান খুব গর্বিত। আর সেই গোলটা যদি হয় ম্যাচের ভাগ্যনির্ধারক, তাহলে তো সোনায় সোহাগা। চলতি প্রিমিয়ার লিগে শেখ রাসেল ক্রীড়াচক্রের গোলরক্ষক জিয়াউর বেঞ্চে বসে দেখলেন ভাতিজা জুলফিকার কীভাবে জিতিয়ে দিলেন নীল জার্সিধারীদের। এর আগে ফরাশগঞ্জের বিপক্ষে শেখ রাসেলের জয়সূচক গোলটা করেছিলেন জুলফিকার (২-১)। মাঝে মোহামেডানের সঙ্গে ড্র করে কাল আবার বিজেএমসির বিপক্ষে শেখ রাসেল জিতল বাগেরহাটের ছেলেটির দেওয়া একমাত্র গোলে।

আর গোলটাও বেশ বুদ্ধিদীপ্ত। ৫৫ মিনিটে বক্সের একটু বাইরে থেকে শেখ রাসেলের গাম্বিয়ান স্ট্রাইকার ও অধিনায়ক দাউদা সিসে ফ্রিকিক নেন। বিজেএমসির গোলরক্ষক আরিফুল ইসলাম ফিস্ট করলেও বল বাইরে যায়নি। গোললাইনে শূন্যে ভাসছিল। সবার আগে এক শ মিটার স্প্রিন্টে দৌড়ে এসে হেডে বলটা জালে ঠেলেন জুলফিকার। হেডটা এমনভাবে নিলেন, যেন পণ করে দৌড়ে আসেন বলটা জালে ঢোকাবেনই।

গোলের ক্ষুধা না থাকলে এত দ্রুত হয়তো তিনি বলের নিচে যেতে পারতেন না। ফরাশগঞ্জ ম্যাচের গোলটা ছিল আলমগীর রানার ক্রস থেকে দারুণ এক হেডে। যেন দক্ষ এক ‘হেডমাস্টার’ হয়ে উঠছেন জুলফিকার। শেখ রাসেলের কোচ শফিকুল ইসলাম মানিক এতে মুগ্ধ, ‘গত বছর ছেলেটা বিজেএমসিতে লিগের দ্বিতীয় পর্বে কিছু ম্যাচ খেলেছে। এবার আমার হাতে এসেছে এবং সুযোগ দিয়ে দেখলাম দুটো ম্যাচে দলকে জিতিয়ে দিল ও।’

তবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে মানিকের কথা বলার সময় পাশেই বিজেএমসির নাইজেরিয়ান স্ট্রাইকার এলিটা কিংসলে ক্ষোভে ফেটে পড়েন রেফারির বিরুদ্ধে। প্রতিপক্ষ গোলরক্ষককে কাটিয়ে যখন বল জালে ঠেলেন তিনি, অমনি উঠে যায় সহকারী রেফারির পতাকা—অফসাইড! এলিটাসহ গোটা বিজেএমসির দাবি, ওটা অফসাইড হতেই পারে না। সহকারী রেফারি বড় দলকে সুবিধা দিয়েছেন বলে তাদের তীব্র অভিযোগ।

এলিটার হতাশা আরও বেশি এ কারণে যে তাঁর দারুণ একটা শট প্রতিহত হয়েছে ক্রসবারে। প্রথম শেখ কামাল টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা এলিটাকে ওপরে রেখে পাল্টা আক্রমণনির্ভর ফুটবলই কাল বেছে নেয় বিজেএমসি। তাতে সফল হতে হতেও আর হলো না।

ওদিকে শেখ রাসেল প্রাধান্য নিয়ে খেলেছে। গোল করার আগে-পরেও একাধিক সুযোগ হারিয়েছে। তবে ৩ পয়েন্ট পাওয়াই আসলে দলটার কাছে মহার্ঘ্য। আগের দিন মাঠ কাদাময় ছিল বলে ম্যাচটা এক দিন পিছিয়ে কাল হওয়ায় মাঠটা একটু ভালো ছিল। তাতে মাঝমাঠটাকে শক্ত রেখে দ্রুত আক্রমণে বল জোগান দিতে পেরেছে অন্য দিনের চেয়ে বেশি।

৮ ম্যাচে তৃতীয় জয়ে ১১ পয়েন্ট নিয়ে প্রায় তিন সপ্তাহের বিরতিতে গেল শেখ রাসেল। তালিকার পাঁচে আছে তারা। ৬ পয়েন্ট পাওয়া বিজেএমসি নয়ে। ভুটানে অনূর্ধ্ব-১৮ সাফ টুর্নামেন্টের জন্য আজ থেকে প্রিমিয়ার লিগ বন্ধ। আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হওয়ার সম্ভাবনা আছে লিগ, যদি না নতুন কোনো অজুহাতে খেলা আবার বন্ধ হয়!