জেগে ওঠার ডাক ফন গালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল্যান্ড, স্পেন, জার্মানিতে কোচিং করিয়েছেন, সাফল্যও ধরা দিয়েছে। ইংল্যান্ডেও সেসব কীর্তির পুনরাবৃত্তি করতে পারবেন কি না, সেটা সময়ই বলে দেবে। তবে প্রভাত যদি দিনের পূর্বাভাস দেয়, তাহলে ম্যানচেস্টার ইউনাইটেড লুই ফন গালের জন্য হয়তো মসৃণ রাস্তা তৈরি করে রাখেনি। পরশু অভিষেকেই সোয়ানসির সঙ্গে হার যেন জানিয়ে দিল, ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচের সামনে কঠিন এক মৌসুমই অপেক্ষা করছে।
বিশ্বকাপে হল্যান্ডকে সেমিফাইনালে নিয়ে যাওয়ার পরই ফন গালকে নিয়ে মাতামাতিটা হয়েছে বেশি। এরপর প্রাক-মৌসুম প্রস্তুতিতে টানা ছয় ম্যাচে জয়, হাতে উঠল ইন্টারন্যাশনাল ক্লাব কাপের শিরোপা। তাও আবার রিয়াল মাদ্রিদ, লিভারপুলের মতো দলকে হারিয়ে, ফন গালকে নিয়ে উচ্ছ্বাসের কোরাসটা চড়েছিল উচ্চগ্রামে। পরশুর হারে সেটি হঠাৎই নিস্তব্ধ। তবে ডাচ কোচ নিজেই সমর্থকদের আশার ভেলায় ভাসতে মানা করলেন, ‘আগে সংবাদ সম্মেলনেও আমি এটা বলেছি। যুক্তরাষ্ট্রে আমরা প্রীতি ম্যাচে জিতেছি, জিতেছি ভ্যালেন্সিয়ার সঙ্গেও। প্রত্যাশা তাই বেশিই ছিল। প্রথমার্ধে আমরা দেখেছি অনেক খেলোয়াড়ই স্নায়ুচাপে ভুগেছে, অনেক ভুল করেছে তারা। এটা মেনে নেওয়া কঠিন। খেলোয়াড়দের এই প্রত্যাশার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে, কারণ এটা ম্যানচেস্টার ইউনাইটেড। প্রত্যাশা সামাল দিতে শিখতে হবে আপনাকে, কারণ এটা একটা প্রক্রিয়া।’
সমর্থকেরা যতই আকাশে উড়তে থাকুন, একজন কোচ তো তা পারেন না। ফন গাল জানেন এই দলকে নিয়ে সাফল্য পেতে অনেক কাজ করতে হবে। কদিন আগেই বলেছিলেন, ‘দলে বিশ্বমানের খেলোয়াড়ের অভাব আছে।’ এই মৌসুমেই দল ছেড়েছেন ফার্ডিনান্ড, ভিদিচ, এভরাদের মতো অভিজ্ঞরা। পরশু তো দুই নবাগত জেসে লিনগার্ড ও টাইলার ব্ল্যাকেটকে নামাতে হলো। ফন গাল স্বীকার করলেন, দলে আরও খেলোয়াড় দরকার। সঙ্গে এও মনে করিয়ে দিলেন, ‘আমি জানি কোন জায়গায় আমাদের ভালো কিছু খেলোয়াড় দরকার। কিন্তু তখনই আপনি খেলোয়াড় কিনবেন যখন আমার প্রত্যাশামতো তারা খেলতে পারবে। দেখা যাক কী হয়।’
স্যার অ্যালেক্স ফার্গুসন ইউনাইটেডে তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন অক্সফোর্ডের সঙ্গে ২-০ গোলের হার দিয়ে। মৌসুমের তো এখনো পুরোটাই পড়ে আছে। গতবারই তো আর্সেনাল প্রথম ম্যাচে হেরেও ঘুরে দাঁড়িয়েছিল দারুণভাবে। এবার অবশ্য আর্সেনাল ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে। ফন গাল মনে করিয়ে দিলেন, ‘আমাদের বুঝতে হবে এটা অনেকগুলো ম্যাচের একটা। এ মুহূর্তেই আপনি চাইলে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারেন না। আপনি চ্যাম্পিয়ন হবেন মে মাসে।’
এর মধ্যেই অবশ্য অনেক কিছু হয়ে যেতে পারে। ডেভিড ময়েসের অধ্যায় তো বিস্মৃত অতীত নয়। তবে ফন গাল এই সময়টায় ময়েসকে পাশেই পাচ্ছেন, ‘সবাই জানে সময় দরকার। অ্যালেক্স ফার্গুসনের কাছ থেকে যে-ই দায়িত্ব নিন, তাঁকে সময় দিতে হতো। লুই ফন গালেরও সেটি প্রাপ্য। তাঁকে নিজের একটা দল গড়ার সুযোগ করে দিতে হবে।’
ফন গাল সে সুযোগটা পাবেন তো? এএফপি, ইএসপিএন।